এগিয়ে চলুন দৃঢ় মনোবলে
গত একটা বছর নিদারুণ কষ্টে ছিল পুরো বিশ্ব। করোনার দাপটে স্বাস্থ্য, অর্থনীতি—সব জায়গায় নাভিশ্বাস। ত্রাহি ত্রাহি অবস্থা। এরই মধ্যে এল নতুন বছর।
নতুন বছর মানেই যে সবকিছু নতুন হয়ে যাবে, বিগত দিনের দুঃখ-কষ্ট মুছে যাবে, তেমনটা নয়। বর্ষপঞ্জির পাতা বদল মানেই চারপাশের সবকিছু পরিবর্তন হয়ে যাওয়া নয়। কিন্তু মনে একটা ইতিবাচক ভাবনা কাজ করে, নতুন করে আবার যেন ঘুরে দাঁড়াই। পুরোনো বছরের যা কিছু অপ্রাপ্তি, হতাশা আর হারানোর কষ্ট ভুলিয়ে দিতে প্রয়োজন নতুন বছরে নতুন উদ্যম। নিজের ভেতরকার অফুরান প্রাণশক্তিকে জাগিয়ে তুলতে সামনে তাকাতেই হবে। থাকতে হবে দৃঢ় মনোবল।
এ বছরে নিজেকে এগিয়ে নিতে হলে কয়েকটি বিষয়ের ওপর জোর দেওয়া জরুরি। পেছনে ফেরা নয়। কারণ, ফেলে আসা বছরটি ছিল অনিশ্চয়তা আর বেদনার। তাই পেছনে তাকাতে গেলে হতাশা আমাদের গ্রাস করবে। আমাদের চোখ দুটো যেমন সামনে, তেমনি আমাদের কেবলই সামনে তাকাতে হবে। আগামী দিনের কর্মপরিকল্পনা জরুরি। কী হারিয়েছি সেটা ভাবতে গেলে হতাশ হতে হবে।
নিজেকে বাঁচিয়ে রাখা
মহামারির এই সময়টিতে নিজেকে বাঁচিয়ে রাখা সবচেয়ে জরুরি। তাই স্বাস্থ্যের সর্বোচ্চ যত্ন নিতে হবে। সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কোনোভাবেই স্বাস্থ্য সচেতনতাবোধ যেন ফিকে হয়ে না আসে, সেদিকে খেয়াল রাখতে হবে।
শক্তির বলয় তৈরি করুন
কখনোই নিজেকে শক্তিহীন উদ্যমহীন মনে করা যাবে না। নেতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। মনে রাখতে হবে, মানুষের বুদ্ধিমত্তা আর সক্ষমতা সবচেয়ে বেশি। তার সঙ্গে আবেগের যথাযথ সংমিশ্রণ ঘটাতে পারলে একজন মানুষ সহজে ভেঙে পড়ে না। অশুভর বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ানোর মতো করে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করুন।
যত্ন নিতে হবে মনেরও
মানসিক শক্তি খুব দরকার। তাই মনের যত্ন বেশি প্রয়োজন। মনের যত্নে নিজেকে নিজে সময় দিন, রাতে ঠিকমতো ঘুমান, দিনে সক্রিয় থাকুন। হাতের কাজ ফেলে রাখবেন না। মনের জন্য ক্ষতিকর বিষয় যেমন নেশা, পরচর্চা, অযথা তর্কে জড়ানো থেকে বিরত থাকুন। আত্মবিশ্বাস বাড়াতে নিজেকে নিজে ধন্যবাদ দিন। নিজের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। নিজেকে ভালোবাসুন।
নিজেকে দক্ষ করে গড়ে তুলুন
নতুন স্বাভাবিক পৃথিবীর উপযোগী করে নিজেকে গড়ে তুলতে হবে। এ জন্য নিজের বিষয়গুলো তো বটেই, সঙ্গে নতুন কিছু বিষয়ে নিজেকে দক্ষ করে গড়ে তুলুন। আপনি যত নতুন দক্ষতা অর্জন করবেন, আপনার আত্মবিশ্বাস তত বাড়বে। নতুন বছরে নব উদ্যমে নিজেকে এগিয়ে নেওয়া তত সহজ হবে।
সমস্যাকে এড়িয়ে যাবেন না, সমস্যার মুখোমুখি হতে হবে, আত্মসমালোচনা জরুরি কিন্তু তাই বলে নিজেকে ছোট, তুচ্ছ বা হীন ভাবা চলবে না। কার্যকরী সিদ্ধান্ত নিতে শিখুন। সিদ্ধান্ত নিতে অসুবিধা হলে ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার চর্চা করুন।
সবাইকে সঙ্গে নিন
মহামারির অন্যতম শিক্ষা হচ্ছে সামাজিক সংহতি। একা ভালো থাকার চেষ্টা করে লাভ হবে না। সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। নিজের ভেতরে মানবিক গুণগুলোর চর্চা আরও বাড়িয়ে দিন। আশপাশের সবাই যাতে ভালো থাকে, সে জন্য আপনি নিজের সাধ্যমতো চেষ্টা করুন।
পিছিয়ে নেই কেউ
মহামারির কারণে জীবন থেকে একটা বছর হারিয়ে গেল, পিছিয়ে গেলাম ভেবে হতাশ হবেন না। কারণ, এবার তো উল্লেখযোগ্যভাবে কেউ এগিয়ে যেতে পারেনি। পুরো বিশ্ব থেমে আছে। আবার সবাই মিলে একসঙ্গে চলার জন্য প্রস্তুতি নিন।
অপ্রয়োজনীয় বিষয় বর্জন করুন
বিগত এক বছরে মহামারির সঙ্গে লড়াই করতে করতে যাপিত জীবনের বেশ কিছু অপ্রয়োজনীয়, বাহুল্য বিষয় যদি চিহ্নিত করে থাকতে পারেন, তবে সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন। জীবনটাকে অযথা ভারী করবেন না। অপ্রয়োজনীয় বিষয় মাথায় নিচে চাপ বাড়ানোর কোনো মানে হয় না।
পরিবারকে সময় দিন
নতুন বছরে পরিবারের সদস্যদের সঙ্গে নিবিড় সময় কাটানোর চেষ্টা করুন, যা আপনাকে মানসিক শক্তি জোগাতে সাহায্য করবে। পাশাপাশি পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে ছন্দময় সম্পর্ক তৈরি হবে, যা সবাইকে উদ্যমী করে তুলবে।
লক্ষ্য স্থির করুন
আগামী এক বছরের জন্য আপনার স্বল্পমেয়াদি আর দীর্ঘমেয়াদি কতগুলো লক্ষ্যে নির্ধারণ করুন। লক্ষ্য পূরণ করতে না পারলেও বিহ্বল হবেন না। প্রয়োজনে লক্ষ্যগুলোকে কাটছাঁট করুন।
বিকল্প চিন্তার চর্চা করুন
একটি ঘটনার নানা ধরনের ব্যাখ্যা হতে পারে। প্রাথমিকভাবে আপনি যা ভাবছেন, সব সময় তা সত্য না-ও হতে পারে। তাই বিকল্প ভাবনার চর্চা করুন। বিকল্প চিন্তার চর্চা আপনাকে স্থির করে তুলবে, আপনার আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করবে।
গেল বছরের অভিজ্ঞতা কাজে লাগান
গত বছরের হারানোর বেদনায় কাতর না হয়ে সেই বেদনা থেকে অভিজ্ঞতা গ্রহণ করুন। বিগত বছরের কোথায় কোথায় আপনি নিজের দুর্বলতা দেখতে পেয়েছিলেন, সেটা চিহ্নিত করার চেষ্টা করুন। নিজের সক্ষমতাগুলো বাড়িয়ে নিন।
‘নব আনন্দে জাগো’ বললেই জেগে ওঠাটা সহজ হয়ে ওঠে না। এ জন্য নিজেকে সক্রিয় করে তুলতে হবে। সবকিছু তৈরি পেয়ে যাব, অন্যরা আমার সব সমস্যার সমাধান করে দেবে এমন ভাবনা থেকে বিরত থাকতে হবে। সামনের দিনেও শঙ্কা আসবে, বিপদ আসবে, সেগুলো মোকাবিলা করতে হবে দৃঢ়ভাবে। তাহলেই সহজে এগিয়ে যেতে পারবেন।