‘একই ক্লাসে পড়ালেখা করা সত্ত্বেও এখানে ছেলে ও মেয়েরা ক্যাম্পাসে একসঙ্গে হাঁটত না। সাহিত্য-সংস্কৃতিচর্চা তেমন একটা ছিল না বললেই চলে। পরিস্থিতি বদলেছে এখন। পড়াশোনার পাশাপাশি সাহিত্য-সংস্কৃতিচর্চা, সামাজিক কর্মকাণ্ড আর ছেলেমেয়ে সব শিক্ষার্থীর প্রাণোচ্ছল বন্ধুত্ব কিংবা দলবেঁধে ঘোরাঘুরির কারণে পুরো বিশ্ববিদ্যালয়ের চেহারাটাই পাল্টে গেছে। এটা সম্ভব হয়েছে আমাদের ব্যাচের সব সহপাঠীর ইতিবাচক মানসিকতার কারণে।’ এভাবেই নিজের ব্যাচ নিয়ে গর্ব করে বলছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী খলিলুর রহমান ফয়সাল।ফয়সালের কথার সূত্র ধরে তাঁর সহপাঠী জিনাত জাহান চৌধুরী জানান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আগে সরকারি ভেটেরিনারি কলেজ হিসেবে পরিচিত ছিল। ২০০৬ সালের ২ নভেম্বর এ কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয়। এ সময় ভেটেরিনারি অনুষদের পাশাপাশি কৃষি ও মাৎস্যবিজ্ঞান নামে আরও দুটি অনুষদ চালু হয়।তিনটি অনুষদ দিয়ে বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করার পর এখানে দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা এসে ভর্তি হতে থাকেন। পাল্টে যেতে থাকে দৃশ্যপট। ফয়সাল ও জিনাতের সঙ্গে কথা বলার সময় জড়ো হন একই ব্যাচের ছাত্রী আয়েশা শিমু ও আয়েশা আক্তার। নিজের ব্যাচটিকে ‘এক্সক্লুসিভ ব্যাচ অব দ্য ইউনিভার্সিটি’ বলে মন্তব্য করেন আয়েশা শিমু। আর আয়েশা আক্তার উচ্ছ্বসিত ভঙ্গিতে বলেন, ‘আমাদের ব্যাচে ৪০ জন শিক্ষার্থীর সবাই একটি পরিবারের মতো কাজ করছি। কারও প্রতি আমাদের হিংসা-বিদ্বেষ নেই। পড়াশোনা, আড্ডা, খেলা—সব একসঙ্গে করছি। এককথায়—দশে মিলে করি কাজ, হারি-জিতি নাহি লাজ।’কৃষি অনুষদ প্রথম ব্যাচের শিক্ষার্থী পলাশ মণ্ডল বলেন, ‘আমরা যা-ই করি না কেন, পড়াশোনাটা কিন্তু ঠিক রেখেই করি।’ এ ব্যাচের শিক্ষার্থী সুস্মিতা রানী সাহা এখন পর্যন্ত পুরো অনুষদের একমাত্র জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি লেখালেখি ও টুকটাক অভিনয় করে সময় কাটে তাঁর।অনেক দিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ক্লাস চলে। তবু শিক্ষার্থীদের ভেতরে কোনো ক্লান্তি নেই। ব্যবহারিক ক্লাসে ছেলেমেয়েরা সবাই কাস্তে-কোদাল হাতে নিয়ে মাঠে নেমে পড়েন। কাদামাটি আর ধুলোবালি তোয়াক্কা করেন না। কাজ করে যান একটানা।আলাপকালে ওই ব্যাচের শিক্ষার্থীরা জানান, ক্লাসের ফাঁকে চলে দলবেঁধে ঘোরাঘুরি আর আড্ডা। কেউ বা গিটার হাতে নিয়ে পুরোনো অ্যাকাডেমিক ভবনের সামনের সবুজ মাঠে গানের আসর বসান। চলে লোকগান আর রবীন্দ্রসংগীতের আসর। কখনো এ ক্যাম্পাসের পাশের সুবিশাল টিলা বেয়ে ওপরে ওঠা হয়, ইকোপার্কের গহিন জঙ্গল দিয়ে ঘুরে গ্যাসফিল্ডের পাশের চা-বাগানে আয়োজন করা হয় বনভোজন। বিশ্ববিদ্যালয় লাগোয়া কফি হাউসের জম্পেশ আড্ডা আর সময়-অসময়ে পাশের টিলায় মুরগি পুড়িয়ে ক্যাম্প-ফায়ার করার আনন্দের যেন কোনো তুলনা নেই।বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থী ও শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি স্থানীয় ও জাতীয় বিভিন্ন সামাজিক ও সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ব্যাচের শিক্ষার্থীদের রয়েছে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। নাচ, গান, আবৃত্তি, অভিনয়, সাহিত্যচর্চা, বিজ্ঞানচর্চা, সাংবাদিকতা ও বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে সবার সমীহ আদায় করে নিয়েছেন এ ব্যাচের প্রত্যেক শিক্ষার্থী।বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জামাল উদ্দিন ভূঞা এ শিক্ষার্থীদের প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, ‘প্রাণোচ্ছল এই তরুণ-তরুণীদের বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক কাজগুলোতে সব সময় এগিয়ে আসতে দেখা যায়। ওরা পড়াশোনায় যেমন ভালো করছে, পাঠ্যবহির্ভূত বিভিন্ন কাজ যেমন সমাজ উন্নয়ন ও গঠনমূলক কাজও করে যাচ্ছে সমান তালে।’