এগিয়ে চলেছে বান্দরবান সরকারি মহিলা কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিপূর্ণ অবকাঠামো তৈরি হয়নি এখনো। রয়েছে শিক্ষক-কর্মচারী ও শিক্ষা-উপকরণের সংকট। তবু এগিয়ে যাচ্ছে বান্দরবান সরকারি মহিলা কলেজ। আবাসিক ও অনাবাসিক ছাত্রী মিলিয়ে সাড়ে পাঁচ শ ছাত্রীর পদচারণে মুখর থাকে এই ক্যাম্পাস। থানচি, রুমা, রোয়াংছড়িসহ জেলার দুর্গম অঞ্চলের আদিবাসী মেয়েরা পড়তে আসছে কলেজটিতে।বিগত জোট সরকার ছাত্রী পাওয়া যাবে না এই অজুহাতে নির্মাণের আট বছর পরও কলেজটি চালু করতে দেয়নি। এরপর তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৯ সালে কলেজটি চালু হয় স্থানীয় জনগণের চাপে।জানা গেছে, ১৯৯৭ সালে পাঁচ কোটি টাকা ব্যয়ে কলেজের নির্মাণকাজ শুরু হয়। তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রতিটি জেলায় একটি মহিলা কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা অনুযায়ী বান্দরবানে এই কলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০০১ সালে নির্মাণকাজ শেষ হলেও আওয়ামী লীগ সরকার কলেজটি চালু করতে পারেনি। পরবর্তী সময়ে বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সরকার ক্ষমতায় এলে কলেজ চালুর প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। অবশ্য পরে স্থানীয় লোকজনের চাপের মুখে ২০০৯ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে কলেজটি চালু করা হয়।বর্তমানে দুটি ছাত্রীনিবাসে ১৮৬ জন ছাত্রীর আবাসনের ব্যবস্থা হয়েছে। থানচি, রুমা, রোয়াংছড়ি, আলীকদমসহ জেলার বিভিন্ন দুর্গম এলাকার শিক্ষার্থীরা থাকছে ছাত্রীনিবাসে। লেখাপড়ার দিক থেকেও কলেজটি পিছিয়ে নেই। গত বছর প্রথমবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৮০ শতাংশের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন এবং একজন শিক্ষার্থী জিপিএ-৫ও পেয়েছেন। প্রথম বর্ষের ছাত্রী সূচনা বড়ুয়া ও লাকি চাকমা জানায়, কলেজে খুব ভালো লেখাপড়া হয়। কিন্তু ছাত্রীদের সাধারণ কক্ষ (কমনরুম) ও মিলনায়তন না থাকায় একসঙ্গে বসে কোনো বিষয় নিয়ে পর্যালোচনা করা যায় না। তা ছাড়া কলেজের নিজস্ব পরিবহন না থাকায় অনাবাসিক ছাত্রীদের যাতায়াতেও মাঝেমধ্যে বেশ ভোগান্তিতে পড়তে হয়। আবাসিক ছাত্রীরা বলেছে, তাদের সবচেয়ে বড় সমস্যা বিদ্যুৎ না থাকা। রাতে ঘণ্টার পর ঘণ্টা এমনকি কোনো কোনো সময় সারা রাত বিদ্যুৎ থাকে না বলে ছাত্রীদের অভিযোগ।ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক ও কম্পিউটার বিজ্ঞানের শিক্ষিকা ফারজানা শারমিন সমস্যার কথা স্বীকার করে বলেন, ‘বিদ্যুতের সমস্যা ছাত্রী হোস্টেলের একার সমস্যা নয়। আশপাশেও এই সমস্যা প্রকট। বালাঘাটা এলাকায় প্রায়ই বিদ্যুৎ থাকে না। এ ছাড়া পানিরও সমস্যা রয়েছে।’ নিরাপত্তা প্রহরীর কাজ আপাতত কলেজের নৈশপ্রহরী দিয়ে চালানো হলেও শুধু ছাত্রী আবাসিকের জন্য দুজন নিরাপত্তা প্রহরী দরকার বলে তিনি জানান।কলেজের অধ্যক্ষ রুহুল আমিন বলেন, ‘ছাত্রী আবাসিকের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা দরকার। আবাসনব্যবস্থা না থাকায় শিক্ষকেরা সবাই বাইরে থাকতে বাধ্য হচ্ছেন। মিলনায়তন না থাকায় ছাত্রীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ সৃজনশীল কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত করা যাচ্ছে না। সমস্যাগুলো সমাধানের ব্যাপারে জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে।’