এগিয়ে চলেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়টি আমাদের দেশের প্রেক্ষাপটে অপেক্ষাকৃত নতুন। কিন্তু উন্নত বিশ্বে তা নয়। বিশ্বখ্যাত হার্ভার্ড, স্ট্যানফোর্ড, কলম্বিয়াসহ আরও অনেক প্রথম সারির বিশ্ববিদ্যালয় কিন্তু বেসরকারিভাবে পরিচালিত হয়। বাংলাদেশেও সেই ধারণা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সূচনা।উচ্চমাধ্যমিকের পর আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষাপ্রত্যাশীদের প্রায় দুই-তৃতীয়াংশের চাহিদা মেটাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন পরচালিত বিভিন্ন কলেজ। বাকিদের প্রায় অর্ধেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অর্থাৎ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এখন মোটামুটি সমানসংখ্যক শিক্ষার্থী পড়াশোনা করছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কিছু রয়েছে নামসর্বস্ব, তাদের বিরুদ্ধে নানা অভিযোগ শোনা যায়। তাদের সম্পর্কে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সতর্ক থাকা দরকার।তবে এরই মধ্যে কিছু বিশ্ববিদ্যালয় নিজেদের সক্ষমতার পরিচয় দিয়েছে। তারা ভালো শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে সুনাম অর্জন করছে। চাকরির বাজারে এসব বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের উচ্চচাহিদা দেখলেই তা বোঝা যায়। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন রকম টিউশন ফি রয়েছে। কোনো কোনোটার বেশ উচ্চ টিউশন ফি। সুশিক্ষিত শিক্ষক, উন্নত মানের ক্লাসরুম, লাইব্রেরি, ল্যাবরেটরির অত্যাধুনিক যন্ত্রপাতি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উচ্চ টিউশন ফি নিয়ে থাকে।ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের প্রতি পরামর্শ থাকবে, তুমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছ, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানতে হবে ক্লাস ঠিকভাবে হয় কি না, ক্লাস নেন কোন শিক্ষকেরা। যেখানে ভর্তি হতে চাও, সেখান থেকে পাস করা শিক্ষার্থীরা কে কোথায় চাকরি করছে, তাও জানতে চেষ্টা করা ভালো। বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পর্কে ভালো-মন্দ মিলিয়ে সার্বিক বিবেচনায় আমি বলব, এগিয়ে চলেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়।জামিলুর রেজা চৌধুরী: সাবেক উপাচার্য, ব্র্যাক বিশ্ববিদ্যালয়।