এগিয়ে থাকল ভৈরবসভা

উৎসব বা মেলা মানেই বড় জেলার আয়োজন। বড় জেলাগুলোতেই সাধারণত বন্ধুমেলা বা বন্ধু উৎসবের আয়োজন করা হয়ে থাকে। কিন্তু উপজেলা পর্যায়ে এ ধরনের বড় আয়োজন কমই হয়। ভৈরব বন্ধুসভা সাহস করেই বন্ধুমেলার আয়োজন করে ফেলল। আমন্ত্রণ জানাল আশপাশের জেলাকে। গত ২৭ মে ভৈরবে অনুষ্ঠিত হলো বন্ধুমেলা। জেলা পর্যায়ের বন্ধুসভাগুলোর চেয়ে যে উপজেলা পর্যায়ের বন্ধুসভা পিছিয়ে নেই, ভৈরব বন্ধুসভা তা-ই প্রমাণ করল। ভৈরব বন্ধুসভার সব বন্ধুকে একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য অভিনন্দন জানাই। বিশেষ করে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লার অবদান অস্বীকার করার উপায় নেই। তিনি বন্ধুসভার বন্ধুদের সঙ্গে বন্ধুর মতোই মিশে গিয়েছিলেন। কাজ করেছেন বন্ধুর মতো। ছায়া দিয়েছেন বড় ভাইয়ের মতো।
এই বন্ধুমেলায় যোগ দিয়েছিল ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, কটিয়াদী, কসবা, রফিকুল ইসলাম মহিলা কলেজ, হাজী আসমত কলেজ এবং ভৈরব বন্ধুসভা।
বন্ধুমেলার পর থেকে বন্ধুসভাগুলো আরও সক্রিয় হয়ে উঠেছে, এটা বলা যায়। বন্ধুদের মধ্যে এখনো মেলার নানা বিষয় নিয়ে আলোচনা চলছে। মেলার রেশ কাটেনি এখনো। তারা উদ্যোগ নেয় বৃক্ষরোপণের। বিশ্ব পরিবেশ দিবসে তারা আয়োজন করে বৃক্ষরোপণের। বন্ধুমেলায় যেসব বন্ধুসভা অংশ নিয়েছিল, তারা সবাই বৃক্ষরোপণের মাধ্যমে দিবসটি পালন কেরছে। এ ছাড়া বৃক্ষরোপণ কেরছে গোয়ালন্দ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, লেদার ইঞ্জিনিয়ারিং (ঢাবি) বন্ধুসভাসহ আরও কয়েকটি বন্ধুসভা।
সভাপতি
প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ