এগিয়ে দেবে সফটস্কিল
পেশাগত দিক থেকে দক্ষ। শিক্ষাগত যোগ্যতা ও পরীক্ষা পাসের ফলাফলও ভালো, তবু পদোন্নতি হচ্ছে না। সহকর্মীদের সঙ্গে সদ্ভাব নেই। বুঝতে পারেন, তাঁরা আপনাকে পছন্দ করেন না। একটু ভেবে দেখুন তো, এর পেছনের কারণ কী? হয়তো ভাবছেন আপনার আচার-আচরণের সমস্যা। বুদ্ধিমত্তার পরিচয় দিতে না পারা। শুধু পেশাগত ক্ষেত্রে নয়, ব্যক্তিগত জীবনের উন্নতির জন্য আরেকটি দক্ষতার প্রয়োজন হয়। সেটি হলো সফটস্কিল বা মানুষের সহজাত গুণাগুণ-সম্পর্কিত দক্ষতা। অনেকে একে আবেগীয় বুদ্ধিমত্তার দক্ষতাও বলে থাকেন। এই যেমন কোনো বিষয়ে তাৎক্ষণিক বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া, সাধারণ জ্ঞানের ব্যবহার করা, সময় ব্যবস্থাপনাসহ নানা বিষয়। ব্যক্তির আত্মিক উন্নতির জন্য সফটস্কিল সম্পর্কে জানা দরকার।চাকরির ওয়েব পোর্টাল প্রথম আলো জবসের হেড অব অপারেশনস শৈবাল কানুনগো বলেন, আসলে মানুষের অন্তর্নিহিত দক্ষতাই হলো সফটস্কিল। মানুষ তার চারপাশের পরিবেশ থেকেই এ দক্ষতা অর্জন করে। এটি মানুষের শিক্ষা ও কৌশলগত দক্ষতার একটি অংশ। তবে অনেকে বুঝতে পারেন না তাঁর সফটস্কিল থাকা দরকার, যার কারণে কর্মজীবনে পিছিয়ে পড়েন। চাকরিতে প্রবেশের আগেও এই দক্ষতা থাকলে তাঁকে আরেক ধাপ এগিয়ে দেবে। কেন প্রয়োজন সফটস্কিলমানুষের সাফ্যলের পেছনে বড় ভূমিকা পালন করে তার ভেতরকার দক্ষতা। কারণ, এটি আবেগ ও বুদ্ধিমত্তার মিশ্রণ। যখন ব্যক্তি একই সঙ্গে দুটিকে নিয়ন্ত্রণ করতে পারে, তখন অসাধারণ হয়ে ওঠে। সবার থেকে তাকে আলাদা করা যায়। পেশাগত বা কঠিন সেসব দক্ষতা মূল্যহীন হয়ে পড়ে যদি সফটস্কিল না থাকে। কর্মজীবনে পদোন্নতি হতে সবচেয়ে সাহায্য করে এটি। বললেন, করপোরেট কোচের মুখ্য পরামর্শক ও মানবসম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ যিশু তরফদার। তাঁর মতে, কর্মজীবনে প্রবেশের আগে থেকেই এসব বিষয়ে দক্ষ হয়ে ওঠা জরুরি। তা হলে বড় কাজের সুযোগ পাওয়া যায়। আগে থেকে প্রস্তুত থাকলে যেকোনো কাজ দলীয়ভাবে করার মনোভাব গড়ে ওঠে। যত কাজের চাপ থাকুক না কেন, সময় ব্যবস্থাপনা সঠিকভাবে করতে পারলে যেকোনো কাজই করতে পারবেন। সেই সঙ্গে চাপ ব্যবস্থাপনার (স্ট্রেস ম্যানেজমেন্ট) কৌশল জানা থাকলে বাড়তি চাপটুকু পড়বে না আপনার ওপর। একসঙ্গে অনেক কাজ করলে কোনোটিই গুছিয়ে করা যায় না। সফটস্কিল আপনাকে গুছিয়ে কাজ করার পদ্ধতি শিখতে সাহায্য করবে। লক্ষ্য নির্ধারণ ও সুপরিকল্পনা সফলতা নির্ধারণ করে। আর এটি সম্ভব হয় সফটস্কিলের কারণে। তবে এর জন্য সততা, নমনীয়তা, শিষ্টাচার, নির্ভরযোগ্যতা, নিয়মনীতি অনুসরণ করাসহ অন্তর্নিহিত গুণগুলো থাকতে হবে। এসব থাকলেই নেতৃত্বদানকারী হিসেবে কর্মক্ষেত্রে সবাই তাঁকে মানবে। কর্মক্ষেত্রের বাইরে একজন ভালো মানুষেরও এসব গুণ থাকা উচিত। সফটস্কিল আর মানবীয় গুণ একে অপরের পরিপূরক। জনসংযোগ করলে আপনার জানার পরিধি বেড়ে যাবে। নানা ধরনের মানুষের সঙ্গে পরিচয় ঘটবে। এতে করে ভিন্ন মানসিকতার ব্যক্তির সঙ্গে কাজ করতে অস্বস্তি হবে না। সহজেই মানিয়ে নিতে পারবেন। অন্যের ওপর আপনার কাজের প্রভাব ফেলতে সাহায্য করে এটি। তাই বলে অন্যের মতামতকে গুরুত্ব দেবেন না তা নয়। তার মতামতের প্রতি শ্রদ্ধা রেখে সমঝোতার মাধ্যমে একটি সিদ্ধান্তে আসতে পারেন।যাঁরা উদ্যোক্তা হতে চান, তাঁদের অবশ্যই সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। এ ছাড়া গ্রাহকসেবা কেন্দ্র, ব্যাংক কিংবা ছোট-বড় সব কাজেই আপনার ব্যক্তিত্ব ও রুচির পরিচয় দিতে হবে, যা সম্ভব এই সফটস্কিল অর্জনের মাধ্যমে। সময়ের কাজ সময়ে করা, কোনো বিষয়ে পর্যাপ্ত পরিমাণে জানা, নিজের কাজের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। জীবনে এর ব্যবহার আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে। আর আত্মবিশ্বাসই সবচেয়ে বড় শক্তি সফলতা অর্জনের। এ ছাড়া ইতিবাচক মনোভাব তৈরি করতে পারে এই সফটস্কিল। এতে ব্যক্তির আচার-আচরণ, কথাবার্তায় বিনয় প্রকাশ পাবে, যা ব্যক্তি হিসেবে সফল করবে। পাশাপাশি আপনার পদোন্নতি তো হবেই। আকর্ষণীয় ব্যক্তিত্ব এসবের সমন্বয়েই হয়। কীভাবে অর্জন করবেন সফটস্কিল ফিউচারলিডারস গ্রুপের প্রধান নির্বাহী কাজী এম আহমেদ বলেন, শুধু প্রশিক্ষণ দিয়ে কেউ এটি শিখতে পারে না। এর জন্য ব্যক্তির নিজস্ব আগ্রহ থাকতে হবে। কেউ যখন এর প্রয়োজন মনে করবে, তখনই এটি শিখতে পারবে।আমাদের চারপাশের মানুষের মধ্যে প্রত্যেকের কিছু ভালো দক্ষতা আছে। কেউ নেতৃত্বদানের ক্ষমতা রাখে, কেউ বা দলীয়ভাবে একটি ভালো কাজ উপহার দিয়েছে। মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক যোগাযোগ করাটাও এক ধরনের দক্ষতা। চারপাশের পরিবেশ এসব শেখার বড় মাধ্যম। ছোটবেলা থেকে এটি শিখতে পারলে সবচেয়ে ভালো হয়। যেকোনো পেশার মানুষের জন্যই এটি জানা দরকার। প্রতিদিনের অভিজ্ঞতা থেকেও আপনি এটি জানতে পারবেন। এ ছাড়া ইন্টারনেটে সফটস্কিলের ওপর নানা ওয়েবসাইট আছে, সেখানে বিস্তারিত সব তথ্য পাবেন। সফটস্কিল সম্পর্কে জানতে চাইলে আপনি বইও পড়তে পারেন। সফটস্কিল শেখার আরেকটি মাধ্যম হলো অন্যের সমালোচনা। অনেক সময় সমালোচনায় ইতিবাচকভাবে ব্যক্তির কোনো বিষয়ে ঘাটতি থাকলে তা উঠে আসে। কেউ যদি নিজের সমালোচনার প্রতিবাদ না করে সেখান থেকে শিক্ষা নেয়, তার সে ঘাটতি পূরণ করা সম্ভব।’