শীতের সকাল। কুয়াশার মাঝ দিয়ে উঁকি দিচ্ছে আলো ঝিলমিল রোদ। ঘাসের গায়ে জ্বলজ্বল করে জ্বলছে রুপালি শিশিরবিন্দু। মিষ্টি রোদের পরশ বোলাতে মাঠে বসেছে শিক্ষার্থীদের আড্ডা। এমনই একসময় হাজির হয়েছিলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে। পাবনা শহর থেকে চার কিলোমিটার দূরে রাজাপুরে পাবনা-ঢাকা মহাসড়কের পাশে সরকারি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়টি এখন এই বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস। এখানেই প্রতিদিন স্বপ্ন গাঁথেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর বিপরীত দিকে প্রায় ৩০ একর জমি নিয়ে তৈরি হচ্ছে নতুন ক্যাম্পাস। নতুন আঙিনা রঙিন করে সাজানোর স্বপ্ন তাঁদের চোখে। পড়ালেখার চাপে সারা দিন ছুটতে হয় ক্লাসরুম, ল্যাবরেটরিতে। তবু জীবন চলে জীবনের গতিতে। আড্ডাও চলে। ভিন্ন জেলার বাসিন্দা ওরা, মতেও ভিন্নতা থাকা স্বাভাবিক। তবে সবার নিশানা একটাই, যুগোপযোগী করে নিজেকে তৈরি করা। নতুন বিশ্ববিদ্যালয়ে অনেক কিছু থেকেই বঞ্চিত হতে হয় ওদের। এখানে খেলার মাঠ, ক্যানটিন, লাইব্রেরি, গবেষণাগার, মিলনায়তন এখনো কিছুই নেই। তাই নতুন বিশ্ববিদ্যালয় নিয়ে ওদের অনেক চাওয়া। ওরা পড়ালেখার পাশাপাশি নিজেদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে চায়। তাই ওদের দাবি, বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস হবে সময়োপযোগী, সমৃদ্ধ। ব্যবসায় প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান, এ কে এম মাহফুজ উল্লাহ, নাইমুর রহমান ও তরিকুল ইসলামের কণ্ঠে ছিল এমনই সুর।কম্পিউটার সায়েন্স তৃতীয় বর্ষের আজিফাতুন জান্নাত অবশ্য অন্য কথা বলেছেন। তাঁর চাওয়া আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ল্যাবরেটরি। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য এর নাকি বিকল্প নেই। একই বিভাগের জ্যোতি পাল গান করেন। ওর চাওয়াটা গান নিয়েই। একটি ভালো মিলনায়তন চা-ই চাই। নাটক, আবৃত্তি, গান ও নাচের অনেকগুলো দল হবে ক্যাম্পাসে। প্রতিদিন আনন্দ-আড্ডায় ভরপুর থাকবে সবার মন। খুলনার মেয়ে সোনিয়া ইসলাম আর রাজশাহীর ফারহানা ইয়াসমিন নিজেদের স্বপ্নপূরণের জন্য এখানে পড়তে এসেছেন। ওঁরা চান, ছাত্রীদের জন্য দ্রুত হল নির্মাণ করা হোক। অর্থনীতি প্রথম বর্ষের উষাপূর্ণা সূত্রধর চান, ফুলে ফুলে ভরা থাকবে ক্যাম্পাসের খালি জায়গাগুলো। গোলাপের একটি আলাদা বাগান থাকবে। বকুল আর হাসনাহেনার গন্ধে মৌ মৌ করবে চারদিক। ব্যবসায় প্রশাসন তৃতীয় বর্ষের শাহীনা আক্তার ও রাজিব মাহবুব বলেছেন ক্যানটিনের কথা। ক্লাসের ফাঁকে ফাঁকে হবে জম্পেশ আড্ডা। তাই ভালো একটি ক্যানটিন থাকতে হবে ক্যাম্পাসের ঠিক মাঝখানে। অর্থনীতি বিভাগের মিজানুর রহমান বলেছেন দেশের অর্থনীতিকে শক্তিশালী করার কথা। তাঁর আশা, এখান থেকে তৈরি হওয়া প্রজন্ম আগামী দিনে দেশের অর্থনীতির হাল ধরবে।মিম, মিতু, মৌ, রাফি, অমিত, সবুজ, বন্যা ও রাহুলের চাওয়া, স্থায়ী ক্যাম্পাসের প্রধান প্রবেশদ্বারে থাকবে একটি মুক্তিযুদ্ধের ভাস্কর্য।প্রযুক্তিতে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ২০০৮ সালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। বর্তমানে বিজ্ঞান, সমাজ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবং বিজনেস স্টাডিজ তিনটি অনুষদের ১০ বিভাগে প্রায় ১৬০০ শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছেন। চলতি শিক্ষাবর্ষ থেকে নতুন বিভাগ হিসেবে যোগ হয়েছে বাংলা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোজাফফর হোসেন তাঁর অভিজ্ঞতা দিয়ে নতুন সাজে গুছিয়ে তোলার চেষ্টা করছেন প্রতিষ্ঠানটিকে। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের চাহিদার দিকে নজর রেখে নতুন ক্যাম্পাস আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছি।’