রাজধানী ঢাকা কিংবা বড় শহরগুলোতে মেয়েদের ফুটবল এখনো সেভাবে চর্চা শুরু হয়নি। সমাজিক সংস্কার এখনো যেন ঠিক আপন করে নিতে পারেনি নারীদের ফুটবলকে। এ অবস্থায় নড়াইলের মতো ছোট্ট শহরে মহিলা ফুটবলের আয়োজন এবং ধারাবাহিক প্রশিক্ষণ একটু চমৎকৃত করে বৈকি!জেলা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে শেখহাটি ইউনিয়নের হাতিয়ারা, গুয়োখোলা ও বাকলি গ্রামের মেয়েরা লেখাপড়ার পাশাপাশি প্রতিদিন প্রশিক্ষণ নিতে আসছে জেলা শহরে। তাদের দেখাদেখি নড়াইল পৌর এলাকার সাবেক জমিদারবাড়িসংলগ্ন আদিবাসীপাড়ার মেয়েরাও উৎসাহিত হয়ে প্রশিক্ষণ নিচ্ছে। প্রশিক্ষণরত মেয়েদের স্বপ্ন, তারাও বড় খেলোয়াড় হবে, এক দিন জাতীয় দলে স্থান করে নেবে। বিদেশের মাটি থেকে দেশের গৌরব বয়ে আনবে।এরই মধ্যে এখান থেকে প্রশিক্ষণ নিয়ে ১০ জন মেয়ে ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দেশের প্রথম প্রমীলা ফুটবল লিগে খেলে এসেছেন। বিপাশা, রুনা, বিউটি, শর্মিলাও রনি খেলেছেন ওয়ারী ক্লাবে, সরস্বতী, প্রতিমা, বিচিত্রা, শেফালিও শ্যামলী খেলেছেন আরামবাগ ক্লাবে।মাত্র বছর দুয়েক আগের কথা। ২০১০ সালের জুলাই মাসে সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের গুয়োখোলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রথম মহিলা ফুটবল খেলার আয়োজন করা হয়। এই ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেন হাতিয়ারা গ্রামের পুতুল মজুমদার, বিচিত্রা বিশ্বাসের মতো কয়েকজন। স্থানীয় একটি উন্নয়ন সংস্থার সহযোগিতা, পুরুষদের উৎসাহ আর নিজেদের চাঁদায় কেনা বল দিয়ে কিছুদিন অনুশীলনও করেন খেলোয়াড়েরা। ২৪ জুলাই স্থানীয় গুয়োখোলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সেদিন সবাইকে অবাক করে দিয়ে মাঠে নামে দুই দল। খেলা দেখতে দর্শকের ঢল নামল। অতিরিক্ত জেলা প্রশাসক হাওলাদার মো. রকিবুল বারী প্রধান অতিথি হয়ে এলেন খেলা দেখতে; এলেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারাও। বিবাহিত দলের বিপক্ষে অবিবাহিত মেয়েদের লড়াই। পরবর্তী সময়ে সদর উপজেলার শেখহাটি ইউনিয়নে বাঁচতে শেখা গঠিত জ্যোতি নারী ও শিশু উন্নয়ন সংস্থার মাধ্যমে ইউনিয়নের গুয়োখোলা মাধ্যমিক স্কুলের মাঠে জেলা ক্রীড়া সংস্থার তালিকাভুক্ত কোচ কার্ত্তিক দাস এই দলের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেন। প্রশিক্ষণ কার্যক্রম গতিশীল করার জন্য প্রয়োজন ছিল আর্থিক সহযোগিতার। মানুষের জন্য ফাউন্ডেশন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। বেসরকারি সংস্থা বাঁচতে শেখা নারী নির্যাতন হ্রাস, নারী নেতৃত্ব সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, টেকসই ও নারী পরিচালিত জনসংগঠন সৃষ্টি, সেবাদানকারী প্রতিষ্ঠান থেকে সেবা পাওয়ার সুযোগ সৃষ্টি, হিন্দু বিবাহ আইনের পক্ষে দাবি তোলা ও ইতিবাচক ভূমিকা রাখা ছাড়াও এই সংগঠন মহিলা ফুটবল দল গঠনের ব্যাপারে বিশেষ ভূমিকা রেখে চলেছে।৫০ জন মেয়ের মধ্যে বাছাই করে বর্তমানে ৩০ জন নিয়মিত প্রশিক্ষণ চলছে। লেখাপড়ার পাশাপাশি প্রতিদিন বেলা তিনটায় প্রশিক্ষণার্থীরা হাজির হন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে, আবার কখনো সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে। প্রশিক্ষণ চলে দুই থেকে আড়াই ঘণ্টা। কখনো দুই দলে ভাগ হয়ে ম্যাচ খেলে, কখনো শরীর ফিটনেস, কখনো ফুটবলের নানা কৌশল শেখা। এভাবেই চলছে নিজেদের যোগ্য ফুটবলার হিসেবে তৈরির চেষ্টা।প্রমীলা ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, ‘নড়াইলে এমন একটি কাজ হচ্ছে, যা ক্রীড়া সংস্থার এত সাপোর্ট থাকা সত্ত্বেও আয়োজন করতে পারেনি। বাঁচতে শেখার এই টিম যদি জেলা দল হিসেবে ঢাকায় অনুষ্ঠিত প্রমীলা ফুটবল টুর্নামেন্ট খেলতে চায়, তাদের অন্তর্ভুক্ত করা যায় কি না, সে বিষয়টি দেখা হবে।’ মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম প্রথম আলোকে বলেন, সড়াইলের প্রমীলা ফুটবল দলের সব সদস্যকে আন্তরিক অভিনন্দন জানাই তাদের উৎসাহ ও সাহসী পদক্ষেপের জন্য। সব বয়সী মেয়েশিশু, কিশোরীও নারীদের খেলাধুলায় অন্তর্ভুক্তি অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। এতে কিশোরীদের বাইরে বেরিয়ে আসার ক্ষেত্রে জড়তা কমবে, সে হয়ে উঠবে সাহসী ও আস্থাশীল। সর্বোপরি এর ফলে সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সহায়ক হবে।’