সমাজের অচলায়তন ভাঙবে বিতর্ক। গড়ে তুলবে সহিষ্ণু ও মুক্তবুদ্ধির মানুষ। এমন স্বপ্ন নিয়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ ২০১১ সালের মার্চে গড়ে তোলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (পিইউডিএস)। গঠিত হওয়ার পর থেকে নিয়মিত বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে আসছে সংগঠনটি। সিটি করপোরেশন পরিচালিত এই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন হিসেবে কাজ করছে পিইউডিএস। গঠনের পর থেকেই এই বিতর্ক সংগঠনটি দেশের বিভিন্ন বিতর্ক উৎসবে অংশ নিয়ে সাফল্যের মুখ দেখেছে।গত ২০০৬ সালে এ বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে প্রথম বিতর্কচর্চা শুরু হয়। এরপর অনেক পথ পাড়ি দিয়েই প্রিমিয়ারের বিতার্কিকেরা গড়ে তুলেছেন পিইউডিএস। ‘প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের শিক্ষার্থীরাই এই সংগঠনের সদস্য হতে পারেন এবং যুক্তির আলোয় আলোকিত করে গড়ে তুলতে পারেন নিজেকে’ জানালেন, পিইউডিএসের সভাপতি আরমান হাবীব। বিতর্ক প্রতিযোগিতার পাশাপাশি বিভিন্ন সময় বিতর্কের কর্মশালারও আয়োজন করে এ সংগঠন। এ পর্যন্ত আয়োজিত বিতর্ক কর্মশালাগুলোতে দেশের খ্যাতনামা বিতার্কিকেরা হাজির হয়েছিলেন। মানসম্পন্ন বিতার্কিক তৈরি করার লক্ষ্যেই এসব কর্মশালার আয়োজন করা হয় বলে জানান পিইউডিএসের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মুন্না। জন্মের প্রথম বছরেই প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি আয়োজন করে পিইউডিএস প্রথম জাতীয় বিতর্ক উৎসব ২০১১। সারা দেশের ১৪টি বিশ্ববিদ্যালয়ের ১৮টি দল এতে অংশগ্রহণ করে। বিতর্ক উৎসবের চূড়ান্ত প্রতিযোগিতায় রানারআপ হয় পিইউডিএসের বিতার্কিকদের নিয়ে গড়া প্রিমিয়ার নালন্দা দল। এ পর্যন্ত বড় ধরনের আটটি প্রতিযোগিতায় অংশ নিয়ে চারটিতে রানার্সআপ ও একটিতে চ্যাম্পিয়ন পদক অর্জন করে পিইউডিএসের দল। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় তৃতীয় স্থান দখল করে ক্লাবটি। এরপর যথাক্রমে বিডিএফ, পান্থজন ও পিইউডিএস নামের বিতর্ক সংগঠনগুলোর আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নিয়ে রানার্সআপ হয় পিইউডিএস। সর্বশেষ গত ডিসেম্বরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত আন্তক্লাব বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় পিইউডিএস। উইকিপিডিয়া আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় রানার্সআপ হয়ে পিইউডিএসের সদস্যরা প্রমাণ করেছেন বিতর্কের পাশাপাশি অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডেও পিছিয়ে নেই তাঁরা।পিইউডিএসের যুগ্ম সম্পাদক সাবের শাহ জানালেন, আলোকিত মানুষ ও দক্ষ সংগঠক তৈরি করা তাদের লক্ষ্য। তাই প্রতিযোগিতায় পুরস্কার অর্জনের চেয়ে নিজেদের লক্ষ্য ও স্নপ্ন পূরণকেই প্রাধান্য দিচ্ছেন তাঁরা।সপ্তাহের প্রতি মঙ্গলবার পিইউডিএসের কার্যালয় মুখরিত থাকে তারুণ্যের কোলাহলে ও যুক্তিতর্কে। ক্লাবের সদস্য শুভাশীষ চৌধুরী বলেন, ‘সপ্তাহের একটি দিন যুক্ততির্কে মেতে উঠি। যুক্তির বন্ধন এই সংগঠনের সদস্যদের অনেক কাছাকাছি এনেছে।’পিইউডিএসের সহসভাপতি আসমা আল আমীন বলেন, ‘বিতর্ক আমাকে যৌক্তিক করে তোলে। বিতর্ক আমাকে কথা বলতে, নিজেকে উপস্থাপন করতে শেখায়। তাই বিতর্কের কোনো বিকল্প নেই।’ পিইউডিএস ছাড়াও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় আইন বিভাগ বিতর্ক ক্লাব ও ডিপার্টমেন্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার (ডেল) ডিবেটিং ক্লাব সক্রিয় রয়েছে।