‘একটা অনুষ্ঠান যখন আয়োজন করতে যাই, তখন হাজারো চিন্তা—অনুষ্ঠান কীভাবে সাজানো হবে, কী কী বিষয় থাকবে, দর্শক কীভাবে নেবে—কত্ত কিছু যে ভাবতে হয়। অবশেষে ভালোভাবে অনুষ্ঠানটি শেষ করতে পারলে যেন মনের মধ্যে প্রশান্তির ছায়া নেমে আসে, মনে হয় যেন বিশাল এক কর্মযজ্ঞ শেষ হলো।’ এভাবেই বলছিলেন দি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের কম্পিউটার প্রকৌশল বিভাগের কালচারাল অ্যান্ড ডিবেটিং ক্লাবের সমন্বয়কারী মোঞ্জের-উল হক সজল।এই ক্লাবের অন্যতম সদস্য তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহজাবিন তাজরী বলেন, ‘আমি শুরু থেকেই এই ক্লাবের সঙ্গে যুক্ত আছি। ভালো লাগা থেকেই আছি। যেন আত্মার বন্ধনে আবদ্ধ হয়ে গেছি।’চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান সিদ্দিকী বললেন, ‘যত দিন ডিপার্টমেন্টে আছি, তত দিন চেষ্টা করব এই ক্লাবের মাধ্যমে ভালো কিছু করার।’ তৃতীয় বর্ষের নন্দিতা রায় বললেন, ‘সব সময় মুখিয়ে থাকি কখন অনুষ্ঠান হবে, কখন গান গাইব, কখন মঞ্চে উঠব।’বিভাগের সব ব্যাচের শিক্ষার্থীরাই এর সদস্য হতে পারেন। নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সময় নানা ধরনের প্রতিযোগিতারও আয়োজন করে থাকে এই ক্লাব। আর নির্দিষ্ট বিরতি দিয়ে আন্তসেমিস্টার, আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতা তো আছেই।ক্লাবের সদস্যরা প্রায় সারা বছরই কোনো না কোনো কাজে যুক্ত থাকেন। এই মাসে গানের অনুষ্ঠান, তো পরের মাসেই নাচের অনুষ্ঠান কিংবা অন্য কোনো আয়োজন। প্রতি সেমিস্টারেই আয়োজন করা হয় আন্তবিভাগ নাচ, গান, কবিতা ও বিতর্ক প্রতিযোগিতা। বিশেষ আকর্ষণ হিসেবে থাকে দলীয় নাটক পরিবেশনা।নাট্যদলের সদস্য বদিউর রহমান সুমন বললেন, ‘আমি স্কুল বা কলেজ জীবনে মঞ্চে উঠে গান গাইতেই সাহস পেতাম না, সেই আমি এখন মঞ্চে অভিনয় করি। ভাবতেই অবাক লাগে!’কালচারাল অ্যান্ড ডিবেটিং ক্লাবের শিক্ষার্থীদের মধ্যে লেখালেখির প্রতি আগ্রহ ও চর্চা বাড়ানোর জন্য প্রতি সেমিস্টারেই নিজস্ব সাহিত্য ম্যাগাজিন অবয়ব ও দেয়াল পত্রিকা প্রকাশ করা হয়। এর মাধ্যমে লেখালেখিতে চর্চাটা অব্যাহত রাখা যায়। নতুনদের আগমন এবং প্রবীণদের বিদায় উপলক্ষে আয়োজন করা হয় বড় আকারের সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে দেশের অনেক বড় সংগীতশিল্পীদের আমন্ত্রণ জানানো হয়। এরই ধারাবাহিকতায় গত মাসেই অনুষ্ঠিত হলো স্প্রিং-১০ সেমিস্টারের সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রায় সাড়ে চার ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠানে ছিল নাচ, গান, কবিতা ও নাটক পরিবেশনা। এই অনুষ্ঠানে প্রথমবারের মতো মঞ্চে ওঠেন প্রথম বর্ষের ফারিয়া তামান্না ও দ্বিতীয় বর্ষের রেজা আহমেদ। তাঁদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। রেজা আহমেদ বলেন, ‘ওই দিন ছিল আমার কাছে স্বপ্নের মতো। আমি ভাবতেও পারিনি যে পারব। কিন্তু পেরেছি।’ ফারিয়া তামান্না বলেন, ‘আমি এর আগে কখনো মঞ্চে গান গাইনি। তবে সবার উৎসাহে এবার গান গাইলাম। এটা আমার কাছে বিশাল পাওয়া।’আমাদের কালচারাল অ্যান্ড ডিবেটিং ক্লাবের মধ্যমণি হিসেবে রয়েছেন কম্পিউটার প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক শায়লা রহমান। তাঁর অক্লান্ত পরিশ্রম ও ঐকান্তিক চেষ্টাতেই সফলতার সঙ্গে চলছে এই ক্লাব। শায়লা রহমান বলেন, ‘কালচারাল অ্যান্ড ডিবেটিং ক্লাব আমাদের গুরুত্বপুর্ণ একটি শক্তি, যার মাধ্যমে আমাদের মনোবল সব সময় চাঙা রাখতে পারি। ক্লাবের সদস্যরা তাঁদের দায়িত্ব সম্পর্কে খুবই সচেতন। প্রতিটি অনুষ্ঠান তাঁরা এত সুন্দরভাবে আয়োজন করেন যে তা দেখে আমরা সবাই মুগ্ধ হই।’