এগিয়ে যাচ্ছে আমাদের মেয়েশিশুরা
প্রথম আলো বন্ধুসভা–ব্র্যাক আলোকচিত্র প্রতিযোগিতা, মেয়েশিশুর নিরাপদ পরিবেশ, এগিয়ে যাবে বাংলাদেশ—প্রতিেযাগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার বিজয়ী ১০ মেয়েশিশু পুরস্কার গ্রহণের পর তাদের অনুভূতি ব্যক্ত করে

আশঙ্কা ছিল বিজয়ী সব মেয়েশিশু পুরস্কার নিতে আসবে তো? আবার এ ভয়ও ছিল পরের দিন হরতাল থাকায় অনুষ্ঠানে আশানুরূপ দর্শক হবে কি না। কিন্তু আয়োজকদের মুখে হাসি ফুটতে থাকে যখন একে একে দর্শকপূর্ণ হতে থাকে মিলনায়তন। বলছি প্রথম আলো বন্ধুসভা ও বেসরকারি সংস্থা ব্র্যাক আয়োজিত অনূর্ধ্ব ১৮ বছরের মেয়েশিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কথা। ১৮ নভেম্বর বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শুরুর সময় দেওয়া ছিল বিকেল সাড়ে চারটা। তারও অনেক আগেই প্রতিযোগিতার বিজয়ী ১০ জন মেয়েশিশু এসে হাজির হন। মিলনায়তনভর্তি দর্শকদের উপস্থিতিতে জমজমাট এ অনুষ্ঠান শুরু হয় কাজী নজরুল ইসলামের ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’ গানের সঙ্গে ঢাকা মহানগর বন্ধুসভার বন্ধু আনন্দিতা খানের একক নৃত্য পরিবেশনার মাধ্যমে।
এরপর উপস্থাপক তানভিন নাহার অতিথিদের মঞ্চে আসন গ্রহণ করার আহ্বান জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী। আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের জেন্ডার জাস্টিস ডাইভারসিটি ও মাইগ্রেশন কর্মসূচির পরিচালক শীপা হাফিজা, প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন ও প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন।
সাইদুজ্জামান রওশন তাঁর স্বাগত বক্তব্যে বলেন, ‘সারা দেশে যত মেয়েশিশুর ওপর নির্যাতন-নিপীড়ন হয়, তার অধিকাংশের জন্য দায়ী পুরুষেরা। এ জন্য আমি উপস্থিত সব পুরুষের পক্ষ থেকে আমাদের বোনদের নিকট ক্ষমা চাইছি।’ এ ছাড়া তিনি এ প্রতিযোগিতা আয়োজন সম্পর্কে বলেন, ‘আমাদের মেয়েশিশুদের জন্য একটি নিরাপদ পরিবেশ সৃষ্টিই আমাদের উদ্দেশ্য।’

সুমনা শারমীন তাঁর বক্তব্যে বলেন, ‘আমাদের কিশোরীদের যে সব সময় সাহসের অভাব থাকে তা কিন্তু নয়। তাদের যেটা হয় আশপাশের প্রতিবন্ধকতা তাদের আটকে রাখে, যে কারণে তারা তাদের মেলে ধরতে পারে না। আমরা যদি এই প্রতিবন্ধকতা দূর করতে পারি, তাহলে এই সাহসী মেয়েরাই পারে একটি পরিবার, একটি সমাজকে পাল্টে দিতে।’
শীপা হাফিজা তাঁর বক্তব্যে বলেন, ‘ব্র্যাক সারা দেশের প্রায় ৪০০ স্কুলে মেয়েশিশুদের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। এ কার্যক্রমের অংশ হিসেবেই এ আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন। আমরা চেয়েছি, মেয়েরা যদি মেয়েদের জীবনের ছবিগুলো নিজেরাই তুলে আনে, তাহলে ব্র্যাকের এসব কার্যক্রম আরও বৃদ্ধি পাবে এবং বন্ধুসভাও সব সময় তাদের পাশে থাকবে।’
রাশেদা কে চৌধূরী বলেন, ‘আমাদের মেয়েশিশুদেরও বিপুল সম্ভাবনা আছে, তারাও যে অনেক কিছু করতে পারে, তার বহিঃপ্রকাশ এই প্রতিযোগিতার ছবিগুলোর মধ্যে ফুটে উঠেছে।’ তিনি ব্র্যাক ও বন্ধুসভাকে দেশের প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মেয়েশিশুদের জন্য কাজ করার আহ্বান জানান।
প্রতিযোগিতার বিজয়ী নিশাত তামান্না রহমান তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘অনেক সময় দেখা যায় ছেলেরা মেয়েদের সবকিছুতে ছোট করে দেখে। আমি বলব, তারা যেন তাদের এই দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করে।’

ময়মনসিংহের বিজয়ী উচ্চমাধ্যমিক শিক্ষার্থী নাদিয়া আক্তার তার নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘আমার পরিবার আমাকে অনেকবার বিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আমি রাজি হইনি, আমি তাঁদের বুঝিয়েছি, আমি এখন বিয়ে করব না। আমার বাবা-মা সেটা মেনে নিয়েছেন।’ উপস্থিত দর্শকেরা নাদিয়ার বাবা-মায়ের উদ্দেশে করতালি দিয়ে ধন্যবাদ জানান।
বিজয়ী উষসী মোমেন ও ফাতেমা তুজ জোহরা যথাক্রমে ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে’ ও ‘বরিষধারার মাঝে শান্তিরও বারি’ গেয়ে শোনান।
গত ২৬ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত সারা দেশের অসংখ্য মেয়ে এ প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্য থেকে সেরা ১০টি ছবিকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছেন সিরাজগঞ্জের জুয়েল অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ফাতেমা তুজ জোহরা ছন্দা, দ্বিতীয় হয়েছেন বগুড়ার হোতাপাড়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার শারমিন আক্তার ও তৃতীয় হয়েছেন ঢাকার নালন্দা বিদ্যালয়ের উষসী মোমেন। অনুষ্ঠান শেষ করা হয় প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্মিত প্রামাণ্যচিত্র ‘অদম্য মেয়েরা’ প্রদর্শনের মাধ্যমে।
সহযোগিতায়: জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি, ব্র্যাক