এগিয়ে যাচ্ছে হাজারা সম্প্রদায়
আফগানিস্তানে মোট জনসংখ্যায় হাজারাদের অংশ ১০ থেকে ১৫ শতাংশ। দেশটির ইতিহাস ঘাঁটলে দেখা যায়, এদের বেশির ভাগই গৃহকর্মী, পরিচ্ছন্নতাকর্মী, কুলি বা এমন কোনো ছোটখাটো কাজে জড়িত ছিল। এই সংখ্যালঘু শিয়া জনগোষ্ঠীটি বহু অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছে। বিশেষ করে তালেবান শাসকেরা হাজারাদের ওপর ব্যাপক গণহত্যা চালায়। তবে নতুন প্রজন্মের হাজারারা সেই অবস্থা থেকে অনেকখানি বেরিয়ে আসতে পেরেছে। হাজারাদের সন্তানেরা এখন লেখাপড়া করছে। এ রকমই একজন মুস্তাফা (১৬) কাবুলের একটি স্কুলে পড়ালেখা করছে। শুধু তাই নয়, সে পরীক্ষায় ভালো ফলাফলও করছে। কলেজে পাস করার পর পশ্চিমা দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে পরমাণু পদার্থবিদ্যা বিষয়ে লেখাপড়া করার স্বপ্ন দেখছে মুস্তাফা।নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে মুস্তাফার পরিবার আফগানিস্তান থেকে পালিয়ে পাকিস্তানের কোয়েটায় আশ্রয় নেয়। তারা সেখানে তালেবানের নাগালের বাইরে অন্যান্য হাজারা শরণার্থীদের সঙ্গে বসবাস শুরু করে। ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন অভিযানে তালেবানের পতনের পর মুস্তাফার পরিবার আবার আফগানিস্তানে ফিরে আসে। তবে দেকোন্দি প্রদেশে নিজেদের বাড়িতে নয়, তারা কাবুলে তাদের বসতি গড়ে। মুস্তাফা জানায়, তার বাবা-মা অশিক্ষিত হলেও তাঁরা চেয়েছিলেন ছেলেমেয়েদের পড়ালেখা শেখাবেন। সে জন্য তারা কাবুলে এসে থাকছে। কেননা, দেকোন্দি প্রদেশে লেখাপড়ার কোনো ব্যবস্থা নেই। মুস্তাফা বলেন, ‘অতীতে পশতুনরা লেখাপড়ার এই সুযোগকে কাজে লাগিয়েছিল। এখন হাজারারা কাজে লাগাচ্ছে, শিক্ষা অর্জনের মাধ্যমেই আমরা কেবল আমাদের অধিকার আদায় করতে পারব।’ মুস্তাফা যে স্কুলে পড়ালেখা করছে, সে স্কুলের নাম মেয়ারফ্যাট হাইস্কুল। পশ্চিম কাবুলের শিয়া অধ্যুষিত দাশত-ই-বারচি এলাকায় এটি অবস্থিত। স্কুলটিতে আড়াই হাজার হাজারা আশ্রয় নিয়েছে। মুস্তাফার পরিবারের মতো বেশির ভাগ পরিবার নব্বইয়ের দশকে পাকিস্তান ও ইরানে পালিয়ে গিয়েছিল। তালেবানের পতনের পর তারা আবার আফগানিস্তানে ফিরে আসে। এদের বেশির ভাগই আফগানিস্তানে বসতি গড়ে তোলে। কাবুলের জনগোষ্ঠীর ১৫ শতাংশের বেশি হচ্ছে হাজারা। বামিয়ান প্রদেশ থেকে নির্বাচিত হাজারা পার্লামেন্ট সদস্য মোহাম্মদ সারওয়ার জাওয়াদি বলেন, ‘হাজারারা সব সময় চেয়েছিল একটি খোলামেলা পরিবেশ। এখন আমরা সে পরিবেশ পেয়েছি।’মুস্তাফার সহপাঠী ১৫ বছর বয়সী কাশিম বলে, শিক্ষা অর্জন করলেই আপনি যা চান তা-ই পাবেন। কাশিমও হাজারা সম্প্রদায়ের। তার পরিবার পাঁচ বছর আগে কুন্দুজ প্রদেশ থেকে কাবুলে চলে আসে সন্তানদের লেখাপড়া করার সুযোগ দেওয়ার জন্য। কাশিম বলেন, ‘আগে আফগান শাসকেরা সব সময় হাজারা জনগণের ক্ষতি করতে চাইতেন। তাঁরা কখনো চাইতেন না যে হাজারারা দেশের নেতা হোক বা তাদের কোনো উন্নতি হোক। কিন্তু এখন সে অবস্থার পরিবর্তন হয়েছে। এখন শিক্ষা অর্জনের মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যেক নিয়ন্ত্রণ করতে পারব।’আফগানিস্তানের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, হাজারা অধ্যুষিত দুই প্রদেশ বামিয়ান ও দেকোন্দি থেকে আসা শিক্ষার্থীরা দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোয় ভর্তির সুযোগ পেয়েছে। ২০০৮ সালে দেকোন্দি থেকে আসা তিন-চতুর্থাংশ এবং বামিয়ান প্রদেশের দুই-তৃতীয়াংশ শিক্ষার্থী কলেজের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আফগানিস্তান হচ্ছে এমন একটি দেশ, যেখানে নারীশিক্ষার হার বিশ্বে সবচেয়ে কম। ১৫ বছর বা তার চেয়ে বেশি বয়সী মেয়েদের প্রতি সাতজনের মধ্যে একজন পড়ালেখা করার সুযোগ পায়। তবে সে তুলনায় হাজারা মেয়েরা অনেক এগিয়ে। বিশেষ করে তারা পশতুন মেয়েদের চেয়ে অনেক এগিয়ে রয়েছে। হাজারারা ছেলেদের পাশাপাশি নারীশিক্ষার ওপর বিশেষ জোর দিচ্ছে।পশতুনরা আফগানিস্তানের সবচেয়ে বড় জাতিগোষ্ঠী। তালেবান বিদ্রোহ শুরু হয় পশতুন অধ্যুষিত এলাকা থেকে। তখন বহু স্কুল তালেবানের হামলার শিকার হয়েছে বা জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে। গত দুই বছরে বামিয়ানের স্কুলগুলোতে ছাত্রী ভর্তির হার প্রায় দুই-তৃতীয়াংশ বেড়েছে। এ ছাড়া বামিয়ানের সব স্কুলে শিক্ষার্থী ভর্তির হার ২২ শতাংশ বেড়েছে।দেকোন্দি প্রদেশের শিক্ষা পরিচালক মোহাম্মদ আলী ওয়াসিফ জানান, গত দুই বছরে দেকোন্দির স্কুলগুলোতে ছাত্রী ভর্তির হার প্রায় ৪০ শতাংশ বেড়েছে। এখন মোট শিক্ষার্থীর ৪৩ শতাংশ হচ্ছে ছাত্রী। তিনি জানান, ২০০৮ সালে বামিয়ান ও দেকোন্দি প্রদেশে ছাত্রীদের অনেকেই প্রবেশিকা পরীক্ষায় পাস করেছে। কলেজ পাস হাজারা নারী-পুরুষ এখন ভিড় জমাচ্ছে সরকারি-বেসরকারি অফিসগুলোতে। নিরাপত্তা বাহিনীতেও এখন বহু হাজারা চাকরি করছে। হাজারাদের এই উত্থানকে অনেকে স্বাগত জানালেও পশতুনরা আশঙ্কা করছে, এর ফলে ইরানের মতো আফগানিস্তানও একসময় শিয়া মুসলমানদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে। কান্দাহার থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য খালিদ পশতুন বলেন, হাজারারা নিজেদের উন্নতি করছে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু একটাই ভয়, আর তা হলো ইরানের মতো দেশগুলো রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য হাজারাদের এই উত্থানকে কাজে লাগাতে পারে।