এগিয়ে যাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শুধু নাই আর নাই। প্রথম দিকে অবস্থা ছিল এমনই। ছাত্রাবাসগুলোতে আসনব্যবস্থা ছিল না। পরীক্ষায় বাড়তি সময় বরাদ্দ ছিল না। ছিল না বৃত্তির ব্যবস্থা। আমাদের যাত্রা হয়েছিল এ রকম অবস্থার মধ্য দিয়ে। মাঝেমধ্যে অনেক শিক্ষার্থীরও কাছ থেকে শুনতে হতো কটু কথা।’চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের শুরুটা ছিল এমনই। রাজনীতি বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী আবদুল মালেক আলোর পথে যাত্রার এই গল্প বলছিলেন। শুরুর সেই প্রতিকূল অবস্থা কীভাবে কেটে গেল, কীভাবেই বা সাফল্য এল, সেটা তাঁর মুখ থেকেই শোনা যাক, ‘প্রতিকূলতা সত্ত্বেও দমে যাইনি আমরা। এগিয়ে যাবই—এই সংকল্প ছিল মনে। এ মনোভাবই সফল করেছে আমাদের।’ মালেক জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিনিসহ ৩০ জন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পড়াশোনা করছেন। এর মধ্যে রাজনীতিবিজ্ঞান বিভাগে ১৩ জন, সমাজতত্ত্ব বিভাগে আটজন, আইন বিভাগে পাঁচজন, ইসলামের ইতিহাস বিভাগে দুজন এবং ইতিহাস ও বাংলা বিভাগে একজন করে শিক্ষার্থী পড়ছেন। এসব শিক্ষার্থীর মধ্যে আটজন ছাত্রীও রয়েছেন।জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী ভর্তি হন ১৯৯২ সালে। যাত্রাপথ ছিল বন্ধুর। তবে এসব শিক্ষার্থী নিজের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন কর্মজীবনে। বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করা ১২ দৃষ্টিপ্রতিবন্ধীর সবাই আজ কর্মজীবনে প্রতিষ্ঠিত।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী মোখলেসুর রহমান এখন কর্মরত আছেন সরকারি দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক হিসেবে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক শিক্ষার্থী নিজাম এখন সুনামগঞ্জ সরকারি বিদ্যালয়ের শিক্ষক। বাংলা বিভাগের মুন্নী ঢাকা বিটিসিএলে কর্মরত। আর আইন বিভাগের সাবেক শিক্ষার্থী আমীর আইনজীবী পেশায় নিয়োজিত আছেন শরীয়তপুর আদালতে।প্রাক্তন শিক্ষার্থীদের সফল কর্মজীবনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিবন্ধী শিক্ষার্থীদের সংগঠন ‘প্রতিবন্ধী ছাত্র সমাজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ এর সদস্যরা। সংগঠনের সাবেক সভাপতি জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবান্ধব পরিবেশ ও শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের আন্তরিক ভূমিকা ছিল।’বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, বর্তমানে প্রত্যেক দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীকে অগ্রাধিকার ভিত্তিতে আবাসিক হলগুলোতে আসন বরাদ্দ দেওয়া হচ্ছে। পরীক্ষার হলে বাড়তি আধা ঘণ্টাও দেওয়া হয়। ব্যবস্থা করা হয়েছে প্রতি মাসে ২০০ টাকা বৃত্তির ব্যবস্থা।এ ছাড়া কয়েকটি বিভাগে শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার জন্য বিশেষ ধরনের বই (ব্রেইল পদ্ধতি) কেনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে খোলা হয়েছে প্রতিবন্ধী কর্নার।বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও সমাজতত্ত্ব বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক গাজী সালেহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘দৃষ্টিপ্রতিবন্ধীরা সমাজবিচ্ছিন্ন নয়। কিন্তু অনেকে তাঁদের অবহেলার দৃষ্টিতে দেখে। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারেন, সে জন্য তাঁদের সব সময় সহযোগিতা করছি। এটা সুযোগ নয়, তাঁদের অধিকার।’