এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে। তবে জেলার সেরা তিনটি বিদ্যালয় খাগড়াছড়ি সদরেই। তাদের পাসের হার ৯০ শতাংশের বেশি। বিদ্যালয় তিনটি হলো খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয় ও নতুনকুড়ি ক্যান্টনমেন্ট উচ্চবিদ্যালয়। এবার জেলায় পাসের হার ৫৮ দশমিক ৫৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন। গত বছর পাসের হার ছিল ৫৩ দশমিক ৬১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৩১ জন।উপজেলার মধ্যে পাসের হার বেশি লক্ষ্মীছড়িতে। এ উপজেলায় একটি মাত্র উচ্চবিদ্যালয় রয়েছে। বিদ্যালয়টি থেকে এ বছর ৭৩ জন পরীক্ষা দিয়ে ৬৯ জন পাস করেছে। তাদের পাসের হার ৯৪ দশমিক ০৫ শতাংশ। পাসের হারের দিক দিয়ে পিছিয়ে রয়েছে মহালছড়ি উপজেলা। এ উপজেলায় পাসের হার ৪৭ দশমিক ৩৮ শতাংশ। এ ছাড়া পানছড়িতে ৪৮ দশমিক ০৬ শতাংশ, দীঘিনালায় ৫৩ দশমিক ৭৬ শতাংশ, রামগড়ে ৬৫ দশমিক ৮৯ শতাংশ, মাটিরাঙ্গায় ৬৭ দশমিক ০৫ শতাংশ ও মানিকছড়ি উপজেলায় পাসের হার ৫৫ শতাংশ।এদিকে সদর উপজেলা থেকে ২৭ জন, মাটিরাঙ্গা থেকে ১০ জন, রামগড় থেকে ছয়জন, মহালছড়ি থেকে একজন ও পানছড়ি থেকে একজন জিপিএ-৫ পেয়েছে। দীঘিনালা, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলা থেকে কেউ জিপিএ-৫ পায়নি।জানা যায়, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ৬০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৬ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬ জন। পাসের হার ৯৩ দশমিক ৪৩ শতাংশ। খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ের ২১৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৯৬ জন। জিপিএ-৫ পেয়েছে ছয়জন। পাসের হার ৯০ দশমিক ০৩ শতাংশ। নতুনকুড়ি ক্যান্টনমেন্ট উচ্চবিদ্যালয়ে ৬০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৫ জন। জিপিএ-৫ পেয়েছে পাঁচজন। পাসের হার ৯১ দশমিক ০৬ শতাংশ।খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ মেজর নাছিরুল ইসলাম মীর জানান, শিক্ষক ও অভিভাবকদের ঐক্যবদ্ধ প্রয়াসে ছাত্রছাত্রীদের ফলাফল ভালো হয়েছে। এসএসসি পরীক্ষায় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ভালো ফলাফল করায় তিনি ছাত্র-শিক্ষক এবং অভিভাবকদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। ভালো ফলাফল প্রসঙ্গে খাগড়াছড়ি জেলা শিক্ষা কর্মকর্তা মিতা সেন বলেন, ‘সৃজনশীল পরীক্ষা পদ্ধতি হওয়ায় ছাত্ররা পড়াশোনা করতে বাধ্য হচ্ছে। তা ছাড়া প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা তার প্রতিষ্ঠান যাতে ভালো ফলাফল করতে পারে সে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমাদের মনিটরিংও নিয়মিত হচ্ছে। এসব কারণে জেলায় পাসের হার বাড়ছে।’