এগিয়ে সরকারি বিদ্যালয়গুলো
প্রাথমিক সমাপনী পরীক্ষায় এবারে চট্টগ্রাম জেলার বেশির ভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। একে বড় ধরনের অর্জন বলে মনে করেন শিক্ষক ও অভিভাবকেরা।সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষার্থী নিম্ন ও মধ্যবিত্ত পরিবার থেকে আসা। বাড়তি গৃহশিক্ষক রেখে কিংবা কোচিং করিয়ে পড়ানোর সামর্থ্য অভিভাবকদের নেই। জেলার শিক্ষা কর্মকর্তারা মনে করেন, শিক্ষকদের সহযোগিতা এবং নিজেদের মেধার কারণে এরা ভালো করেছে।এ প্রসঙ্গে কোতোয়ালি থানার শিক্ষা কর্মকর্তা মুনিরা ইসলাম বলেন, ‘আমরা একে অনেক বড় ধরনের অর্জন বলে মনে করি। কারণ, আমাদের এসব স্কুলের কোনো শিক্ষার্থীই বাছাই করা নয়। তারা যে ফল করেছে তা শিক্ষকদের এবং তাদের নিজেদের প্রচেষ্টার ফসল।’ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কোতোয়ালি থানার ৩০টি সরকারি বিদ্যালয়ের সব কটিই এবার শতভাগ পাসের রেকর্ড করেছে। ডবলমুরিং থানার ৩৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৮টি, পাঁচলাইশের ২৩টি বিদ্যালয়ের মধ্যে আটটি, চান্দগাঁও থানায় ৩৩টির মধ্যে ১৩টি, পাহাড়তলির ১৫টির মধ্যে নয়টি ও বন্দর থানার ২৩টি বিদ্যালয়ের মধ্যে ১০টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। পাঁচলাইশ থানার হামজারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০২ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আরা আক্তার বলেন, ‘আমাদের স্কুলের বেশির ভাগ শিক্ষার্থীই নিম্নবিত্ত পরিবারের। সাফল্যের পেছনে শিক্ষকদের তদারকি এবং স্কুল পরিচালনা কমিটির সহযোগিতা কাজ করেছে।’