এগিয়েছে তথ্যপ্রযুক্তি
সদ্য অতীত হওয়া ২০১১ সালে তথ্যপ্রযুক্তি খাতে বেশ এগিয়েছে চট্টগ্রাম। গত বছর নগরে তথ্যপ্রযুক্তি বিপণিকেন্দ্র উদ্বোধন করেছেন সিটি মেয়র। পাশাপাশি এ বছর নগরে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) চট্টগ্রাম শাখা গঠন, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) নতুন সফটওয়্যার সংযোজন, উইকি উৎসব ও জেলা ই-সেবাকেন্দ্র উদ্বোধনও হয়েছে। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হয়েছে ওয়েব ল্যাব ও ই-লাইব্রেরি।প্রযুক্তিপণ্য বিপণনকেন্দ্র প্রতিষ্ঠা: নগরের চৌমুহনী মোড়ের আরএফ জোহরা টাওয়ারে গত ১ ডিসেম্বর ‘চিটাগাং কম্পিউটার সিটি’ নামে বৃহৎ প্রযুক্তিপণ্য বিপণিকেন্দ্রের উদ্বোধন করেন সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম। কম্পিউটার সিটির তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলায় দেশের নামকরা প্রযুক্তিপণ্য বিক্রেতা, আমদানিকারক, সরবরাহকারী, পরিবেশকসহ ৫৪টি প্রতিষ্ঠানের ৫৪টি স্থায়ী দোকান রয়েছে।সিইসিতে নতুন সফটওয়্যার: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিইসি) নতুন সফটওয়্যার নেক্সট জেনারেশন ট্রেডিং সিস্টেম (এনজিটিএস) উদ্বোধন হয় গত ২০ অক্টোবর। এর মাধ্যমে সিইসিতে অত্যাধুনিক সমন্বিত লেনদেন কার্যক্রম (ইন্টিগ্রেটেড ট্রেডিং) চালুর প্রক্রিয়া শুরু হয়।বিসিএস চট্টগ্রাম শাখা গঠন: নগরের আগ্রাবাদে একটি রেস্তোরাঁয় গত ২৩ অক্টোবর দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) চট্টগ্রাম শাখা গঠিত হয়। এতে সাত সদস্যবিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন বিসিএসের সভাপতি, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার। জেলা ই-সেবাকেন্দ্র: জেলা প্রশাসকের কার্যালয় থেকে যেসব সেবা পাওয়া যায়, সেগুলো জনগণের দোরগোড়ায় নিয়ে আসার লক্ষ্যে নভেম্বরে চালু হয়েছে জেলা ই-সেবাকেন্দ্র। জেলা প্রশাসনের ওয়েবসাইটে (www.dcchittagong.gov.bd) রয়েছে ই-সেবাকেন্দ্রের লিংক। এতে রয়েছে চারটি বিভাগ। নাগরিক আবেদন, দাপ্তরিক যোগাযোগ, নকলের জন্য আবেদন ও সর্বশেষ অবস্থা।সিটি কলেজে ওয়েব ল্যাব: আধুনিক তথ্যপ্রযুক্তি-সুবিধা নিয়ে সরকারি সিটি কলেজে চালু হয়েছে ওয়েব ল্যাব। গত ২৬ এপ্রিল এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এর ফলে কলেজের ভর্তি কার্যক্রম থেকে শুরু করে ফলাফল প্রকাশসহ সব ধরনের শিক্ষা কার্যক্রম অনলাইনে সম্পাদনার সুযোগ তৈরি হয়।সিএনজিচালিত অটোরিকশার ডেটাবেইস: গত নভেম্বর মাসে সিএনজিচালিত অটোরিকশা চুরি ও অটোরিকশার মাধ্যমে ছিনতাইসহ অন্যান্য অপরাধ বন্ধে চালক ও মালিকদের ডেটাবেইস হালনাগাদ কাজ শুরু করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। পাবলিক লাইব্রেরিতে তথ্যসেবা: গত ডিসেম্বর মাসে চট্টগ্রাম বিভাগীয় পাবলিক লাইব্রেরির পাঠকদের জন্য বিনা মূল্যে ইন্টারনেট সেবা চালু করেছে মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড।