
সাতকানিয়ার ব্যবসায়ী আবুল হাশেম হত্যা মামলায় এজাহারভুক্ত সাত আসামিকে বাদ দিয়ে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। নিহত ব্যবসায়ীর পরিবারের দাবি, মূল অভিযুক্ত ব্যক্তিদের বাদ দিয়ে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। তারা মামলাটি পুনরায় তদন্তের জন্য আদালতে নারাজি আবেদন করবেন। পুলিশের ভাষ্য, তদন্তে যাঁদের বিরুদ্ধে সত্যতা পাওয়া গেছে, তাঁদের আসামি করা হয়েছে।
১৫ অক্টোবর চট্টগ্রামের বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্রটি গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে।
চলতি বছরের ৮ জানুয়ারি সাতকানিয়ার উত্তর মাহালিয়া জামে মসজিদের পশ্চিম পাশে বেলা ১১টায় আবুল হাশেমকে পিটিয়ে গুরুতর আহত করে একদল লোক। এরপর তাঁকে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জানুয়ারি তিনি মারা যান। উপজেলার বাজালিয়ায় নিহত ব্যক্তির রড ও সিমেন্টের দোকান ছিল। মসজিদের ওয়াক্ফ এস্টেটের সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এই হামলা হয় বলে জানায় পুলিশ।
এ ঘটনায় নিহত ব্যক্তির বড় ভাই মসজিদ কমিটির সভাপতি আবু মুছা সিকদার বাদী হয়ে ১৭ জনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২১ সেপ্টেম্বর ১০ জনকে আসামি করে সাতজনকে অব্যাহতির সুপারিশ করে চট্টগ্রাম আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ফজলুল হক।
আদালত সূত্র জানায়, অভিযোগপত্রে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, মসজিদের ওয়াক্ফ সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে আসামিরা আবুল হাশেমকে পিটিয়ে হত্যা করেন। তদন্তে সাক্ষ্য–প্রমাণে এজাহারভুক্ত আসামি মোস্তাফিজুর রহমান, আমিনুর রহমান, হারুন অর রশিদ, মো. সোলায়মান, জাফর আহমেদ, আতিকুর রহমান, মুজিবুর রহমান, মো. জাকারিয়া, বজলুর রশিদ ও আবুল হোসেনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। কিন্তু সাত আসামি মাহফুজুর রহমান, মাশুকুর রহমান, মো. সেলিম, জসীম উদ্দিন, তৌহিদুল রহমান, রাশেদ হোসেন ও মো. আনোয়ারের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাঁরা মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। অভিযোগপত্রে ১৬ জনকে সাক্ষী রাখা হয়েছে।
মামলার বাদী নিহতের বড় ভাই আবু মুছা সিকদার প্রথম আলোকে বলেন, ‘আমার ভাইকে পিটিয়ে হত্যার সঙ্গে এজাহারভুক্ত ১৭ আসামিই জড়িত। পুলিশ সাতজনকে বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র দিয়েছে। অথচ এরাই প্রকাশ্যে আমার ভাইকে পিটিয়েছে। তাই এ অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করে মামলাটি পুনরায় তদন্তের জন্য পাঠাতে অনুরোধ করা হবে।’
বাদী অভিযোগ করেন, অভিযোগপত্রটি দেওয়ার আগে নিয়ম অনুযায়ী তদন্ত কর্মকর্তা এসআই ফজলুল হক তাঁকে তদন্তের ফলাফল জানাননি।
এ ব্যাপারে মামলার এজাহারভুক্ত আসামি মাহফুজুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমাদের হয়রানি করার জন্য মামলায় জড়ানো হয়েছে। আমরা যে হত্যাকাণ্ডে জড়িত ছিলাম না, তা পুলিশি তদন্তে প্রমাণ হয়েছে।’
এ প্রসঙ্গে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল হক প্রথম আলোকে বলেন, তদন্তের ফলাফল বাদীকে জানানো হয়েছে। সাক্ষ্য–প্রমাণে যাদের রিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া গেছে তাদের আসামি করা হয়েছে। অন্যদের অব্যাহতির আবেদন করা হয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকারও জানালেন, যথাযথ তদন্ত করে পুলিশ জড়িতদের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে।