এটা আমাদের সবার জন্য গর্বের বিষয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৫৪ সালে গোড়াপত্তন হয় খুলনা শিপইয়ার্ডের। ১৯৯৯ সালে এর দায়িত্ব তুলে দেওয়া হয় বাংলাদেশ নৌবাহিনীর হাতে। ৫৫ বছর ধরে বিভিন্ন ধরনের জাহাজ ও নৌযান নির্মাণ করছে প্রতিষ্ঠানটি। ফলে এখানে বেশ দক্ষ একটা জনবল তৈরি হয়েছে। শিপইয়ার্ড চালু হওয়ার পর লোকসানের মধ্যেই ছিল অনেক দিন। ১৯৮৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ৭০ কোটি টাকার মতো দেনা হয়েছিল প্রতিষ্ঠানটির! বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার কথাও ভাবা হচ্ছিল একসময়! তবে ১৩ বছর ধরে নৌবাহিনীর তত্ত্বাবধানে থাকা এই শিপইয়ার্ড এখন লাভের মুখ দেখেছে। শুরুতে যাঁরা এখানে কাজ করে গেছেন, তাঁদের অবশ্যই অনেক বড় কৃতিত্ব আছে আজ এই পর্যায়ে আসার পেছনে। সবচেয়ে বড় বিষয়, দেশের প্রথম যুদ্ধজাহাজ নির্মিত হলো এখানেই। এটা আমাদের সবার জন্য গর্বের বিষয়। বেসরকারি অনেক প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করে আমরা আমাদের সেরাটা দিচ্ছি, ফলে আজকের এই অর্জন। আরেকটি বড় খবর হলো, এ বছর খুলনায় সর্বোচ্চ করদাতা হওয়ার গৌরব অর্জন করেছে এ প্রতিষ্ঠান। এই প্রচেষ্টায় চায়না শিপ বিল্ডিং অ্যান্ড অফশোর কোম্পানি সহযোগিতা করেছে। আর আমাদের প্রায় ৯০০ কর্মকর্তা-কর্মচারীর নিরলস শ্রম তো ছিলই। এই অর্জনের ফলে আমরা গর্ববোধ করছি, পাশাপাশি আর্থিকভাবেও লাভবান আমরা। বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হলো এর ফলে। আরেকটি উল্লেখযোগ্য দিক হলো প্রযুক্তির ব্যবহার। এই দুর্বলতাটা আমাদের ছিল। কিন্তু এখন আমরা নিজেরাই এসব প্রযুক্তি ব্যবহার করতে পারব। ফলে ভবিষ্যতে এর থেকে বড় জাহাজ নির্মাণের প্রক্রিয়াও সহজ হয়ে গেল। আমাদের আরও বড় পরিকল্পনা আছে। খুলনা শিপইয়ার্ড আরও সম্প্রসারিত হচ্ছে। তা ছাড়া এখানে আগে যেমন হতো জাহাজ ও নৌযান নির্মাণ, সেভাবে ডিজাইন ও মেরামতের কাজও চলবে।