এটা কি সত্যিই ভালোবাসা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
মেহতাব খানম
মেহতাব খানম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.

সমস্যা

আমার বয়স ১৪ বছর। আমার কোচিং সেন্টারের সবাইকে ভালো লাগে। কোচিংয়ের সব শিক্ষকই অত্যন্ত সৎ ও বন্ধুসুলভ। বেশ কয়েক মাস ধরে আমি একজন শিক্ষকের প্রতি বিশেষভাবে দুর্বল। আমি জানি, এই বয়সে সবাই কমবেশি বিপরীত লিঙ্গ দ্বারা আকর্ষিত হয়। আমি নানাভাবে তাঁকে ভুলে যাওয়ার চেষ্টা করেছি। নিজেকে পড়াশোনা বা অন্য কাজে ব্যস্ত রাখার চেষ্টা করেছি। তবুও আমি ভুলতে পারিনি। আমার প্রতিটি কাজে ও পদক্ষেপে তাঁর চিন্তা চলে আসে। কোচিংয়ে যদি অন্য শিক্ষকদের মুখে তাঁর বিয়ে–সম্পর্কিত কোনো কথা শুনি, তাহলে তাঁর একজন শিক্ষার্থী হিসেবে এক মুহূর্তে তঁার জন্য আনন্দিত হই আর অন্য মুহূর্তে কষ্ট অনুভব করি। আমি ইদানীং অনেক দুশ্চিন্তায় ভুগছি। কারণ, একদিকে তিনি বয়সে আমার তুলনায় অনেক বড়, আবার আমাদের ধর্মও ভিন্ন। এটা কি শুধুই আকর্ষণ? এটা কি সত্যিই ভালোবাসা?

নাম প্রকাশে অনিচ্ছুক।

পরামর্শ

শিক্ষকের জন্য তোমার অনুভূতির প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখেই আমি বলব যে এটি মোহগ্রস্ততা ও আকর্ষণ দুটিই। তুমি খুব ছোট বলে এখন কষ্ট অনেক বেশি হচ্ছে। যে ধরনের ব্যক্তিত্বের মানুষ তোমার খুব পছন্দ, শিক্ষকের মধ্যে তুমি সেই বৈশিষ্ট্যগুলো দেখেছ বলে তাঁর প্রতি দুর্বল হয়ে পড়েছ। তুমি কিন্তু এই মানুষটিকে ব্যক্তিগতভাবে একেবারেই জানো না। তিনি যদি তোমার চেয়ে অনেক বড় হয়ে থাকেন, তাহলে তোমাদের দুজনের মানসিক বিকাশের স্তরের মধ্যে বড় ধরনের পার্থক্য থাকাটা খুব স্বাভাবিক। তাঁকে ভালোভাবে না জেনেও তুমি শিক্ষককে নিয়ে হয়তো অনেক ধরনের কল্পনার জাল বুনছ। আবার জোর করে তাঁকে ভুলে যাওয়ারও চেষ্টা করছ। এর কোনোটিই কিন্তু এই মুহূর্তে তোমাকে সাহায্য করছে না। তুমি বরং পরিবারে বা আত্মীয়স্বজনের মধ্যে কোনো বিশ্বস্ত বা তোমাকে বুঝতে পারেন, এমন কারও কাছে বিষয়টি শেয়ার করো। তুমি তো কোনো অন্যায় করোনি এবং এ ধরনের অনুভূতি কারও প্রতি তৈরি হতেই পারে। যাকে বলবে, সে যদি তোমার মঙ্গলাকাঙ্ক্ষী হয়, তাহলে নিশ্চয়ই তিনি তোমাকে ভালো কোনো দিকনির্দেশনা দেবেন। কাউকে বললে তুমিও একটু হালকা বোধ করবে। সাধারণত এই বয়সের তীব্র অনুভূতিগুলো প্রাপ্ত বয়সে পৌঁছে পরিবর্তিত হয়ে যায়। তোমার ক্ষেত্রেও তা ঘটতে পারে। তাঁকে ভুলে যাওয়ার জন্য চেষ্টাটা বাদ দিয়ে মনে মনে তাঁর জন্য শ্রদ্ধাবোধ তুমি রাখতেই পারো। তিনি যে ভালো পরামর্শ দেন, সেগুলো পালন করে নিজেকে খুশি করে তুলতে পারো। আশা করছি, এই মোহগ্রস্ততা কাটিয়ে ওঠার মতো শক্তি তুমি অর্জন করবে।