এটি চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতাল সড়ক
পাহাড়ি রাস্তা, টেকসই করার জন্য রড, সিমেন্ট ও কংক্রিট দিয়ে ঢালাই দিয়ে পিচ করা হয়। কিন্তু সেই রড এখন ফাঁদ হয়ে দাঁড়িয়েছে পথচারীদের জন্য। রড বিপজ্জনকভাবে খাড়া হয়ে আছে, এতে দিনে কোনোমতে হাঁটা গেলেও রাতে কঠিন হয়ে দাঁড়ায়। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। কাপ্তাইয়ের গুরুত্বপূর্ণ চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান মিশন হাসপাতাল সড়কের এমন হাল হয়েছে। কর্ণফুলী কাগজকলের (কেপিএম) প্রধান ফটক থেকে হাসপাতালের ফটক পর্যন্ত প্রায় এক কিলোমিটার অংশে ১৪ স্থানে পিচ উঠে গেছে, খাড়া হয়ে আছে লোহার রড। চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের তত্ত্বাবধায়ক এম স্টিফেন চৌধুরী জানান, ‘সড়কে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, হাঁটা আরও বিপজ্জনক। ঝুঁকি ও আতঙ্ক নিয়ে প্রতিদিন রোগী আনা-নেওয়া করা হয়।’ এম স্টিফেন চৌধুরী আরও জানান, সড়ক সংস্কারের জন্য কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রাঙামাটি জেলা প্রশাসককে মৌখিকভাবে বলেছেন। কিন্তু কাজ হয়নি। সড়ক সংস্কারের দাবিতে আন্দোলনের ডাক দেবেন বলে জানান তিনি।পথচারীরা জানান, ১০ ফুট চওড়া সড়কের এক দিকে গভীর খাদ ও কর্ণফুলী নদী। অনেক স্থানে সড়কের নিচ থেকে মাটি সরে গেছে। যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে। তাই সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করা উচিত। বিকল্প সড়ক না থাকায় মানুষ বাধ্য হয়ে বিপজ্জনক ওই সড়কই ব্যবহার করছেন।সরেজমিনে দেখা যায়, চন্দ্রঘোনা ডাকঘর থেকে থানাঘাট মসজিদ অংশ ভালো। মসজিদের পর থেকে রাস্তায় ভাঙন দেখা গেছে। কিছু স্থানে সড়কের নিচ থেকে মাটি সরে ঝুলে আছে। এক দিকে ভাঙন, অন্যদিকে রাস্তার ওপর উঠে আছে লোহার রড। বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়ি, খানের মাজার, খ্রিষ্টিয়ান হাসপাতালের পুরাতন গির্জা, হাসপাতালের ধারক দেয়াল, দোভাষী বাজারসংলগ্ন ত্রিসুন্দরী সেতু পর্যন্ত বিভিন্ন অংশ বেশ ঝুঁকিপূর্ণ বলে জানান স্থানীয় ব্যক্তিরা। স্থানীয় সিএনজি অটোরিকশাচালক মো. শাহজাহান জানান, অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি (কার), মাইক্রোবাস, জিপসহ প্রতিদিন চার শতাধিক যানবাহন চলাচল করে ওই সড়কে। প্রতিদিন শত শত শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ পথ চলতে গিয়ে দুর্ভোগের শিকার হন। দোভাষী বাজার মা-মণি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক দ্বীন মোহাম্মদ জানান, গত ২৫ এপ্রিল সড়কের ত্রিসুন্দরী সেতুর সংযোগ অংশ ধসে পড়ে। পাঁচ দিন যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে স্থানীয় লোকজন মাটি ফেলে ওই অংশ চলাচলের উপযোগী করেন। এ ব্যাপারে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাজেরা খাতুন জানান, ‘চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান মিশন সড়কের দুরবস্থার ব্যাপারে অবগত আছি আমি। এটি গুরুত্বপূর্ণ সড়ক, স্বল্প বাজেটে সংস্কার করা সম্ভব নয়। তাই কাজ শুরু করতে সময় লাগছে। আমাদের তৎপরতা অব্যাহত আছে।’ রাঙামাটি জেলা প্রশাসক সৌরেন্দ্রনাথ চক্রবর্তী এ ব্যাপারে আগেই অভিযোগ পেয়েছেন বলে জানান। সড়কটি সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন পাঠাতে কাপ্তাইয়ের ইউএনওকে নির্দেশনা দেওয়া আছে।