এটিআইয়ের আবাসিক শিক্ষার্থীরা আক্রান্ত হচ্ছেন চর্মরোগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (্এটিআই) ছাত্র ও ছাত্রী নিবাসের অধিকাংশ শিক্ষার্থী চর্মরোগে আক্রান্ত হচ্ছেন। পানিবাহিত অজ্ঞাত জীবাণু এ রোগের কারণ হতে পারে বলে শিক্ষার্থীসহ চিকিৎসক ও জনস্বাস্থ্য প্রকৌশলীরা মনে করছেন। ছাত্র ও ছাত্রীনিবাস দুটিতে বর্তমানে প্রায় ৯০ জন আবাসিক শিক্ষার্থী রয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।এটিআইয়ের ছাত্র ও ছাত্রীনিবাসে গিয়ে দেখা গেছে, অধিকাংশ শিক্ষার্থীর শরীরে ছোট ছোট লালচে গুটি রয়েছে। তাঁরা জানান, এসব গুটি দেখা দিলে শরীরে চুলকানি শুরু হয়। আর ওই সব জায়গায় চুলকালে শরীর থেকে চামড়া উঠে গিয়ে ক্ষত সৃষ্টি হয়। তাঁরা আরও জানান, মলম দিলে শরীরের ক্ষত ও লালচে গুটিগুলো কিছুটা কমে যায়। তবে গোসল করলে শরীরে আবার লালচে গুটি ওঠে ও চুলকানি শুরু হয়।এটিআইয়ের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র হ্লাচিং মারমা, দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী প্রিয়াংকা ত্রিপুরা ও উপসহকারী প্রশিক্ষক বিমল কান্তি দে জানান, নিজস্ব গভীর নলকূপ থেকে পানি তুলে ট্যাংকে রাখার পর তা ছাত্র ও ছাত্রীনিবাসে সরবরাহ করা হয়। মাত্র কিছুদিন আগে ওই ট্যাংক পরিষ্কার করা হয়েছে। তবে নলকূপের পানিতে আয়রনের মাত্রা বেশি বলে তাঁরা জানান।রাঙামাটি সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা স্নেহ কান্তি চাকমা জানান, পানিবাহিত জীবাণুর কারণে এসব চর্মরোগ দেখা দিতে পারে। পানিতে কী ধরনের জীবাণু রয়েছে এবং আর্সেনিক আছে কি না তা দ্রুত পরীক্ষা করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দিন নুরুন্নবী জানান, এটিআইয়ের গভীর নলকূপের পানিতে আয়রনের মাত্রা যে বেশি তা তাঁদের জানা আছে। তবে তার কারণে চর্মরোগ হওয়ার কথা নয়। ভূগর্ভে পানির ওপরের স্তরে নানা কারণে জীবাণু মিশে যেতে পারে এবং সে কারণে চর্মরোগ দেখা দিতে পারে বলে তিনি উল্লেখ করেন। এটিআইয়ের অধ্যক্ষের দায়িত্বে থাকা রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. সাদির উদ্দিন জানান, বিষয়টি তাঁর জানা ছিল না। বিষয়টি তিনি দেখবেন বলে জানান।