এটিও ভদ্রতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাড়ি থেকে কোনো নারী ওঠা বা নামার সময় দরজা খুলে দেওয়া ভদ্রতা। মডেল: সামিয়া ও রাজ। ছবি: অধুনা
গাড়ি থেকে কোনো নারী ওঠা বা নামার সময় দরজা খুলে দেওয়া ভদ্রতা। মডেল: সামিয়া ও রাজ। ছবি: অধুনা

কয়েকটি দৃশ্য প্রায়ই আমরা দেখতে পাই। কিন্তু এসব যে ভদ্রতারই অংশ তা আমাদের অনেকেরই জানা নেই। এই যেমন আপনার মা, বোন, স্ত্রী বা কোনো মেয়ে বন্ধুর সঙ্গে হাঁটছেন। অনেক সময় আমরা খেয়াল রাখি না, তিনি সমানতালে হাঁটছেন কি না। তাঁকে পেছনে ফেলে হয়তো হনহন করে হেঁটে যাই। ছোট বিষয়। কখনো হয়তো আপনার মনেই হয়নি এটি আমলে নেওয়ার মতো কিছু। কিংবা সৌজন্যতার পরিচয়। যখন জানলেন, তখন অবশ্যই তিনি যে গতিতে হাঁটছেন আপনিও সেভাবে হাঁটবেন। তাঁর হাতে কোনো ভারী ব্যাগ থাকলে অবশ্যই নিজে নিয়ে নেবেন। এই সামান্য সৌজন্যতায় তিনি খুশিই হবেন।

আরেকটি বিষয় দেখা যায়, কোনো একজন নারীর সঙ্গে গাড়িতে যাচ্ছেন। গাড়ি থেকে নামতে বা উঠতে অনেক সময় গাড়ির দরজা খুলে দিই না। কেউ কেউ ভাবেন, এটি গাড়ির চালকের কাজ। তা নয়। কোনো নারী আপনার গাড়িতে থাকলে তাঁকে ওঠা বা নামার সময় দরজা খুলে দেওয়া সৌজন্যতারই পরিচয়।

অনেকে বাড়ির স্ত্রী, কন্যা বা গৃহপরিচারিকার সঙ্গে উচ্চকণ্ঠে কথা বলেন। নারীর সঙ্গে বিনয়ের সঙ্গে কথা বলা উচিত। অপরিচিত কাউকে শুরুতে তুমি সম্বোধন করা ঠিক নয়।

এমনকি কর্মক্ষেত্রে নারী সহকর্মীর অস্বস্তির কারণ হবে, এমন কোনো কাজ বা কথা বলা উচিত নয়। ছোটবেলা থেকেই সন্তানকে এসব শিক্ষা দিতে হবে। শুধু প্রতিষ্ঠিত হলেই হবে না, এসব না থাকলে অমায়িক বিনয়ী হতে পারবে না।

সঙ্গী নারী বলে, তাঁর কোনো কথাকে গুরুত্ব দেবেন না। এসবও ঠিক নয়। সঙ্গী কোনো মতামত দিলে তা মনোযোগ দিয়ে শুনুন। এরপর কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় তাঁর মতামত ভেবে দেখতে হবে।

বাসে বা অন্য কোনো গণপরিবহনে নারী বিশেষ করে কোনো বয়োজ্যেষ্ঠ কেউ দাঁড়িয়ে থাকলে নিজের আসন তাঁকে ছেড়ে দেওয়াও ভদ্রতা। এসব ছোট ছোট বিষয় প্রতিদিন চর্চা করলে দেখবেন জীবন কত সুন্দর।

লেখক: মানবাধিকারকর্মী