এত জরিমানা কেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্টুন: মুজিব
কার্টুন: মুজিব

কিছুদিন ধরে পত্রিকার পাতা ওল্টালেই ভেজালবিরোধী অভিয়ানের সংবাদ চোখে পড়ছে। নগরের হোটেল-রেস্তোরাঁগুলোয় এই অভিযান পরিচালিত হচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশনের একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে। এটা হয়তো তাঁদের রুটিন ডিউটি। এ নিয়ে বিশেষ কিছু বলার নেই। কিন্তু প্রতিদিনই এসব হোটেল-রেস্তোরাঁকে নানা অঙ্কের জরিমানা করা হচ্ছে—এই সংবাদ পাঠকমাত্রকেই কৌতূহলী করে তোলে।
এ বছরের জুন মাস থেকে ভেজালবিরোধী অভিযান শুরু হয়। রজমান ও ঈদ উপলক্ষে জুলাই মাসে বন্ধ ছিল এ অভিযান। তার মানে জুন ও আগস্ট মাত্র এই দুই মাসে ৩৫টি হোটেল-রেস্তোরাঁ ও দোকানে অভিযান চালিয়ে এক কোটি ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এখন এ প্রশ্ন তো উঠতেই পারে, এত জরিমানা কেন?
এত দিন মাছ, ফলমূল ও শাকসবজিতে ফরমালিন বা কার্বাইড মেশানোর কথা শুনেছি আমরা। শুঁটকিতে ডিডিটি বা নগজের মতো কীটনাশক ব্যবহারের কথা শুনে ভয়ে আতঙ্কে চট্টগ্রামবাসীর এই প্রিয় খাদ্যটির স্বাদ ভুলতে বসেছে অনেকেই। এখন হোটেল-রেস্তোরাঁগুলোর খাদ্যও যদি নিরাপদ না হয়, তাহলে কোথায় যাবে নগরবাসী?
নানা কারণে নিয়মিত হোটেলে খেতে হয় নিম্ন ও মধ্য আয়ের অনেক চাকরিজীবীকে। কিন্তু সিটি করপোরেশনের অভিযান পরিচালনার পর এসব ছোট ও তুলনামূলক সস্তা হোটেল–রেস্তোরাঁর রান্নাঘরের পরিবেশ, খাবারের মানের যা সংবাদ জানা গেল, তাতে এই মানুষগুলো যে নিয়মিত পেটের পীড়াসহ নানা রকম রোগব্যাধিতে আক্রান্ত হবেন, এতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ, দিনের পর দিন কষ্টার্জিত অর্থ দিয়ে নিজের দুর্ভোগ কিনছেন তাঁরা।
এ তো গেল ছোট বা তুলনামূলক সস্তা হোটেল-রেস্তোরাঁর কথা। কিন্তু রঙিন নিয়ন বাতির সাইনবোর্ড আর ততোধিক মনোরম ইন্টেরিয়র ডিজাইনের কারণে বিত্তবান গ্রাহকদের আকর্ষণ করতে পারছে যেসব হোটেল-রেস্তোরাঁ, সেগুলোর অবস্থা কি ভিন্ন কিছু? প্রতিদিন পত্র-পত্রিকায় যেসব হোটেলের নাম আসছে, যেসব হোটেল কর্তৃপক্ষ বিনা বাক্যব্যয়ে জরিমানা পরিশোধ করছে। সেই তালিকায় আছে এমন কিছু প্রতিষ্ঠানের নাম, যা বিস্ময়ে চোখ কপালে তুলে দেওয়ার জন্য যথেষ্ট। এসব হোটেলের যাঁরা গ্রাহক, তাঁরা মধ্যবিত্ত, উচ্চমধ্যবিত্ত থেকে উচ্চবিত্তের মানুষ। তাঁরা কেউ নেহাত ক্ষুন্নিবৃত্তির জন্য সেখানে যান না। ভিন্ন পরিবেশ, ভিন্ন রুচি ও স্বাদের জন্যই এসব হোটেল-রেস্তোরাঁয় যান তাঁরা। এটা খাওয়াদাওয়াসহ আনন্দময় সময় কাটানোরও একটা উপলক্ষ হয়ে ওঠে। আজকাল তো জন্মদিন, বিয়ে, এমনকি বিয়ের অনুষ্ঠানের আয়োজনও করা হয় এসব নামীদামি হোটেলে। এখন এসব হোটেলর বিরুদ্ধেই যদি ভেজালের অভিযোগ ওঠে বা অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পায় অভিযান পরিচালনাকারী দল, তাহলে আস্থা ও নির্ভরতার জায়গাটা আর থাকল কোথায়? বিস্ময়ের ব্যাপার এই সিটি করপোরেশন যে কয়টি হোটেল, রেস্তোরাঁ বা দোকানে অভিযান চালিয়েছে সব কটিতেই কমবেশি কোনো না কোনো অনিয়ম পাওয়া গেছে। অর্থাৎ, শতভাগ প্রতিষ্ঠানই দোষী!
কর্ণফুলী কমপ্লেক্স ও কাজীর দেউড়ির কাঁচাবাজারে অভিযান চালিয়েও পণ্যে ভেজালের অস্তিত্ব পেয়েছে সিটি করপোরেশন। বিয়েশািদ বা বড় কোনো অনুষ্ঠানে রান্নার জন্য যেসব ঘি ব্যবহার করা হয়, তা নিয়ে পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য। এসব ঘিয়ের পাত্রে থাকে বাবুর্চিদের জন্য এক বিশেষ ধরনের টোকেন, এই টোকেন বিক্রেতার কাছে জমা দিলে নির্দিষ্ট হারে কমিশন পেয়ে থাকেন বাবুর্চিরা। এই নগদ লাভের হিসাব কষেই বাবুর্চিরা অনুষ্ঠানের আয়োজকদের এসব ভেজাল ও নিম্নমানের ঘি ব্যবহারের জন্য পরামর্শ দেন। প্রতারণা কত উপায়ে হতে পারে, এ যেন তারই এক উদাহরণ। সব মিলিয়ে পরিস্থিতি খুবই হতাশাজনক। ক্রেতা-বিক্রেতার সচেতনতাই হয়তো পরিত্রাণের একমাত্র উপায়। পাশাপাশি সিটি করপোরেশনের এ ধরনের অভিযান বড় একটি ভূমিকা রাখতে পারে। আমরা চাই এই অভিযান অব্যাহত থাকুক।