এত দিন কি তাহলে প্রশ্ন ফাঁস হতো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

খবরটা ‘অবিশ্বাস্য হইলেও সত্য’ কিংবা ‘রিপলিস বিলিভ ইট অর নট’–টাইপের কোনো সংবাদের চেয়েও বেশি চমক জাগানিয়া! রূপকথার চেয়েও বেশি রোমাঞ্চকর! এমন একটা খবর শুনে যে কারও চোখ কপাল ছাড়িয়ে মাথায়ও উঠে যেতে পারে! বিনা মেঘে বজ্রপাত নয়, বরং ঠা ঠা রোদে ঠাডা পড়ার মতো ব্যাপার! এতটাই অবিশ্বাস্য, অত্যাশ্চর্য আর সাড়া জাগানো খবর শুনিয়েছে আমাদের শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, দেশে নাকি পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়! কোয়েশ্চেন আউট! এমন কথা বাপের জন্মেও তো কেউ শোনেনি! অন্য কেউ এমনটা বললে তো আমরা ‘মিডিয়ার সৃষ্টি’ বলে এক ফুৎকারেই উড়িয়ে দিতাম। এই আজগুবি খবর শুনে যাঁরা এরই মধ্যে বড়সড় টাশকি খেয়ে বসে আছেন, তাঁদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয় কেবল জাতিকে এটা জানিয়েই ক্ষান্ত হয়নি, বরং ‘ডাইরেক্ট অ্যাকশনও’ শুরু করে দিয়েছে। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত শিক্ষক এবং একটি কোচিং সেন্টারকে চিহ্নিত করে এরই মধ্যে ৯ জনকে গ্রেপ্তারটেপ্তার করে বসে আছে। আহা, কী করিৎকর্মা এবং মহান আমাদের শিক্ষা মন্ত্রণালয়!

.
.

একবার চিন্তা করুন তো, শিক্ষা মন্ত্রণালয় যদি এত দিন ধামাচাপা পড়ে থাকা এই ব্যপারটা খোলাসা না করত তাহলে আমরা কি আমাদের চৌদ্দগুষ্টির লাইফেও এটা জানতে পারতাম? কক্ষনো না! কী কেলেঙ্কারিটাই না হতো তখন! আমাদের শিক্ষার্থীরা ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা দিয়ে ফিউচারের বারোটা বাজিয়ে ফেলত না? মেরুদণ্ডের বদলে শিক্ষা তখন আমাদের জন্য স্রেফ বাঁশদণ্ড হতো।
ভাগ্যিস, আমাদের ত্রাণকর্তা হিসেবে শিক্ষা মন্ত্রণালয় এগিয়ে এসেছে। আর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে—এই যে দেখো, কেমন করে কোয়েশ্চেন আউট হয়! তাঁরা হাতে আলোকবর্তিকা নিয়ে এগিয়ে না এলে তো আমরা কস্মিনকালেও জানতাম না যে দেশে প্রশ্নটশ্নও ফাঁস হয়! অজ্ঞানতার অন্ধকারে হাবুডুবু আর ডুবুহাবু খেতাম আমরা। শিক্ষা যদি আলো হয় তো আমাদের শিক্ষা মন্ত্রণালয় হলো বিশাল এক ফকফকা টিউব লাইট। আর দেখুন কেমন সৎ তাঁরা!
‘ছুপা রুস্তম’ হয়ে তাঁরা তো পারতেন ব্যাপারটা লুকিয়ে ছাপিয়ে রাখতে। কিংবা ‘সব আজাইরা কথা’ বলে তো মাথাও ঝাঁকাতে পারতেন! কিন্তু সততার এক ঐতিহাসিক নজির স্থাপন করে জাতিকে এটা জানিয়ে দিয়েছেন তাঁরা। কী মহান! কী উদার! কী সাংঘাতিক!
এমনটা আর কোন দেশে কে হতে দেখেছে! গর্বে আমাদের বুক, পেট, মাথা সব ভরে গেছে। জয়তু শিক্ষা মন্ত্রণালয়! কবির ভাষায় বলতে হয়, ‘সত্যিই তুমি মহান, উদার হে শিক্ষা মন্ত্রণালয়!/“ছুপা রুস্তম” না হইয়া অনায়াসে বলিয়াছ, “প্রশ্ন ফাঁস হয়!”’