জীবনে প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাবে তাঁর প্রাপ্তির দিকটাই বেশি। কিন্তু এই প্রাপ্তিটুকুর জন্য যতটুকু পথ পেরিয়ে এসেছেন তা কখনো মসৃণ ছিল না। গত শতকের তিরিশের দশকে তাঁর জন্ম ও বেড়ে ওঠা। সে সময়ে একটি মুসলমান পরিবারের মেয়ের সাহিত্য ও সমাজসেবায় নিজেকে নিবেদিত করা সত্যিই কঠিন কাজ ছিল। সেই কঠিন কাজটি করতে পেরেছেন ফাহমিদা আমীন। এ পর্যন্ত সাহিত্যে অবদান, সমাজসেবা ও রত্নগর্ভা মা হিসেবে সম্মাননা ও পুরস্কার পেয়েছেন প্রায় ৩৩টির মতো। ফাহমিদা আমীনের লেখালেখির শুরুটা পঞ্চম শ্রেণীতেই। একবার পরিবারের সদস্যদের সঙ্গে দার্জিলিং যান। সেই অভিজ্ঞতা থেকে লিখে ফেললেন একটি ভ্রমণ কাহিনি। প্রশংসাও পেলেন। এরপর আর থামেননি। ছড়া, রম্যরচনা, গল্প, যখন যা মনে চেয়েছে লিখেছেন। শুধু লেখালেখি নয়, প্রাণবন্ত ফাহমিদা আমীন তাঁর অসাধারণ কথনভঙ্গি, রসিকতা ও কর্তব্য নিষ্ঠার জন্য ব্যক্তিজীবনেও বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। হুগলী জেলার চুঁচুড়ায় বালিকা বাণী মন্দিরে ১৯৪২ সালে শিক্ষাজীবনের শুরু হয় আর ১৯৬৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ করেন। নিজের সম্পর্কে ফাহমিদা আমীন বলেন, ‘আমার বিয়ে হয় নবম শ্রেণীতে পড়ার সময়। স্বামীর সহযোগিতা না পেলে আমার পক্ষে এতটুকু এগোনো সম্ভব ছিল না। অবশ্য নিজের পাঠাভ্যাসটাও পড়ালেখা আর লেখালেখিকে সাহায্য করেছে।’ এ পর্যন্ত ২০টিরও বেশি বই প্রকাশিত হয়েছে তাঁর। প্রথম বই নিম বধূ প্রকাশিত হয় ১৯৭৪ সালের ২৩ ডিসেম্বর। লেখালেখির পাশাপাশি সারা জীবন সাংস্কৃতিক কর্মকাণ্ডে ও সমাজসেবায় নিজেকে জড়িয়ে রেখেছেন। ১৯৫৫-৫৬ সালে রাজশাহী কলেজ ছাত্রসংসদের সাংস্কৃতিক সম্পাদক এবং কলেজের সাহিত্য পরিষদের সদস্য হন। এ সময় মঞ্চ নাটকেও অভিনয় করেন। মা ও মেয়ে নামে একটি নাটকে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারও পেয়েছেন। ফেলে আসা জীবনের দিনগুলোর কথা বলতে গিয়ে ফাহমিদা আমীন বললেন, ‘আমাদের সময় ছেলেদের সঙ্গে মেয়েদের অবাধে মেলামেশা বা কথা বলা যেত না। শিক্ষকের পিছু পিছু শ্রেণীকক্ষে যেতাম মাথায় ঘোমটা দিয়ে বাধ্য ছাত্রীর মতো। সাদা শাড়ি, সাদা ব্লাউজ আর সাদা জুতা ছিল আমার কলেজ জীবনের পোশাক। তাই ছেলেমেয়ে সবাই আমাকে বলত ‘লেডি ইন হোয়াইট’।’’ ফাহমিদা আমীনের সামাজিক সংযোগ খুবই বিস্তৃত। এখনো সক্রিয়ভাবে যুক্ত আছেন বিভিন্ন সংগঠনের সঙ্গে। নিজের জীবনের অর্জন সম্পর্কে তিনি বলেন, ‘আমার জীবনে সবচেয়ে বড় অর্জন অনেক মানুষের ভালোবাসা পাওয়া, লেখিকা হিসেবে প্রতিষ্ঠা পাওয়া। এমন এক পরিবারে আমার জন্ম যে, সেই পরিবারের সঙ্গেই সম্পর্কিত ছিলেন অনেক বিশিষ্টজন। ঢাকায় কাজী নজরুল ইসলামকেও দেখার সৌভাগ্য আমার হয়েছিল। বিশ্বখ্যাত সত্যজিৎ রায় আমার এক চিঠির উত্তর নিজ হাতে লিখে পাঠিয়েছিলেন।’ সামাজিক কূপমণ্ডূকতা থেকে বেরিয়ে এসে সারা জীবন সাহিত্য সংস্কৃতি ও সমাজসেবায় নিজেকে নিয়োজিত রেখে ফাহমিদা আমীন গড়ে তুলেছেন এক আলোকিত জীবন। যে জীবন ভাবীকালের প্রজন্মের জন্য এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।