এতিম মেয়েদের হাতে হাতে কেএফসির ফ্রাইড চিকেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বড় লোকের ছেলে-মেয়েরা শত শত টাকা খরচ করে এই ফ্রাইড চিকেন, ফ্রেন্স ফ্রাই খান। আমরা এতিম মেয়েরা এসব খাওয়া তো দূরের কথা, জীবনে চোখেও দেখিনি। আজ স্যারদের দয়ায় এসব খেতে পেরে খুশি লাগছে।’ ফ্রাইড চিকেন-ফ্রেন্স ফ্রাই হাতে পেয়ে কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া গ্রামের সরকারি শিশু পরিবার কেন্দ্রের অষ্টম শ্রেণীর ছাত্রী ইয়াসমিন আকতার (১৩) বলল এসব কথা। উপস্থিত শতাধিক এতিম শিশুরা হাত তুলে কণ্ঠ মেলায় ইয়াসমিনের সঙ্গে। কক্সবাজারের পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর সময় পেলেই ছুটে যান এই এতিম শিশুদের কাছে। কিছু সময় কাটান তাঁদের পাশে বসে। মেয়ে শিশুদের ভবিষ্যৎ জীবন তৈরির বিষয়ে উৎসাহ ও পরামর্শ দেন তিনি। পুলিশ সুপার সেলিম ও আন্তর্জাতিক চেইন রেস্টুরেন্ট কেএফসির উদ্যোগে ২১ জানুয়ারি বিকেলে এতিম মেয়েদের রুচিসম্পন্ন উন্নত মানের খাবার পরিবেশনের আয়োজন করা হয়। পুলিশ সুপার ছাড়াও কেএফসির কক্সবাজার রেস্টুরেন্টের ব্যবস্থাপক নাসির আহমদ ও গ্রাহকসেবা ব্যবস্থাপক ফাহিম ভুঁইয়া মেয়েদের হাতে তুলে দেন ফ্রাইড চিকেন ও ফ্রেন্স ফ্রাইভর্তি খাবারের প্যাকেট। মেয়েরা শিশু পরিবারের মাঠে গোল করে বসে এসব খাবার শেষ করে।এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস, কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, প্রকৌশলী কানন পাল, কেন্দ্রের সহকারী তত্ত্বাবধায়ক মোস্তাফিজুর রহমান, শামীমা আকতার প্রমুখ। ফিরে আসার সময় শিশু পরিবারের ছাত্রী মোবারকা তুল হোসনা বলল, ‘স্যার, লেখাপড়া শিখে আমি পাইলট হতে চাই। বিমান নিয়ে আকাশ ঘুরতে চাই। আমার জন্য দোয়া করবেন।’ পাশে দাঁড়িয়ে ইয়াসমিন বলল, ‘আমি ডাক্তার হব। বিনা পয়সায় গরিব মানুষের সেবা করব। আমাকেও দোয়া করবেন।’ কথা শুনে অভিভূত উপস্থিত সবাই। তাদের আশ্বস্ত করা হলো, ‘ইচ্ছে যখন আছে উপায় অবশ্যই হবে। আমরা তোমাদের সঙ্গে আছি।’ শেষে মেয়েরা অতিথিদের গেয়ে শোনাল দেশাত্মবোধক গান ‘ধনধান্য পুষ্পভরা, আমাদেরই বসুন্ধরা...।’