‘আমরা ভাতের সঙ্গে সপ্তাহে এক দিন মাছ, এক দিন মাংস খাই। তবে তা নামেমাত্র। কিন্তু আজকে এই খাওয়া খেয়ে খুবই খুশি লাগছে।’ ইফতারের পর রাতের খাবার খেতে খেতে কথাগুলো বলছিল পটিয়া উপজেলার হুলাইন সরকারি শিশু (বালক) পরিবারের চতুর্থ শ্রেণীতে পড়ুয়া এতিম শিশু মোহাম্মদ শাকিল।১৩ আগস্ট পটিয়া উপজেলার হুলাইন সরকারি শিশু পরিবার (বালক) ও হুলাইন ইয়াছিন আউলিয়া হামিদিয়া আবেদিয়া সিনিয়র মাদ্রাসা ও এতিমখানার শিশুদের নিয়ে ইফতার ও রাতের খাবারের আয়োজন করে প্রথম আলো পটিয়া বন্ধুসভা।এ আয়োজনে সহযোগিতা করেছে প্রথম আলো ট্রাস্ট ও এইচএসবিসি ব্যাংক। এদিন ৭০ জন এতিম শিশু ইফতার ও রাতের খাবারে অংশ নেয়। উন্নত ইফতার ও রাতের খাবার খেতে খেতে অনেকে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছিল।এর আগে শিশু পরিবারের সহকারী তত্ত্বাবধায়ক বশিউল আলম বলেন, ‘সরকারিভাবে একটি শিশুর জন্য একবেলা খাবারের বরাদ্দ পাওয়া যায় গড়ে ১৬ টাকা, যা যথেষ্ট নয়। তা ছাড়া এ বছর ইফতারের সময় শিশুরা ফলজাতীয় কিছু পায়নি। আজ এদের জন্য আপনারা যা করেছেন, তা সবারই অনেক দিন মনে থাকবে।’ এ সময় উপস্থিত ছিলেন পটিয়া সমাজসেবা কর্মকর্তা ও শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক ওয়াহিদুল আলম, প্রথম আলোর পটিয়া প্রতিনিধি আবদুর রাজ্জাক, কারিগরি প্রশিক্ষক আমিনুল ইসলাম, সমাজকর্মী হাছান মাহমুদ, পটিয়া বন্ধুসভার সভাপতি আবদুল্লাহ ফারুক, পাঠাগার সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, সদস্য আনোয়ার হোসেন, সেলিম উদ্দিন, অনীক বড়ুয়া, রুবেল দাশ, মোহাম্মদ সরোয়ার, হেলাল প্রমুখ।