এদিকে সিরিয়া ও ইয়েমেনে...
সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি দল সমর্থকদের কঠোর দমন অভিযানের পর হাজার হাজার লোক সম্প্রতি প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে মিছিল-সমাবেশ করে। ওই সমাবেশ আয়োজনে সরকারের তরফ থেকে উৎসাহ ও সহযোগিতা দেওয়া হয়। এর পরদিনই আসাদ জাতির উদ্দেশ্যে বিক্ষোভ শুরুর পর থেকে তাঁর প্রথম ভাষণটি দেন। কিন্তু এতে তিনি নতুন বিশেষ কিছুই বলেননি। প্রেসিডেন্ট ঘোষণা দেন, আরব বিশ্বজুড়ে বয়ে যাওয়া ঝড়ে তাঁর সরকার অন্যদের মতো ভেঙে পড়বে না। তিনি দেশের গোলযোগের জন্য বিদেশি ষড়যন্ত্রকে দায়ী করেন এবং জনগণকে পাশে থাকার আহ্বান জানান। মানবাধিকার সংগঠনগুলোর হিসাবে সিরিয়ায় মার্চের প্রথমে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এক শর কাছাকাছি লোক প্রাণ হারিয়েছে। আন্দোলন বেশি না বাড়তেই থামিয়ে দেওয়ার উদ্দেশ্যে আসাদ তাঁর মন্ত্রিসভা ভেঙে দেন কয়েক দিন আগে। বাশার আল আসাদ পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু তা কবে হবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি। আসাদ পরিবারের চল্লিশ বছর ধরে চলা শাসনের বিরুদ্ধে নতুন না হলেও এবারেরটিই সবচেয়ে বড় বিক্ষোভ। দেশে প্রায় ৫০ বছর ধরে চলা জরুরি অবস্থা বাশার আসাদ তুলে নেবেন, এ আশা এ পর্যন্ত দুরাশাই প্রমাণিত হয়েছে। বাবার মৃত্যুতে ২০০০ সালে ক্ষমতায় আসার পর থেকে নিজেকে সংস্কারক হিসেবে তুলে ধরেছেন ৪৫ বছর বয়সী আসাদ। কিন্তু সিরিয়া এখনো সে রকমই কর্তৃত্ববাদী একদলীয় রাষ্ট্র রয়ে গেছে। সর্বশেষ, কৃষিমন্ত্রী আদেল সফরকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন বাশার আসাদ। এদিকে ক্রমবর্ধমান গণ-অসন্তোষের মুখে ক্ষমতা আঁকড়ে আছেন ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ। অব্যাহত রয়েছে সহিংস বিক্ষোভ ও রক্তপাত। ফেব্রুয়ারিতে সালেহবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে শতাধিক সাধারণ মানুষ।কেবল বিক্ষোভকারীর রক্ত ঝরছে তা নয়, বিভিন্ন প্রদেশে আল-কায়েদার সঙ্গে যুক্ত বলে সন্দেহভাজন জঙ্গিরা সরকারি সেনাদের ওপর চোরাগোপ্তা হামলা চালিয়ে বেশ কয়েকজনকে হত্যা করেছে। কয়েক দিন আগে জঙ্গিরা সরকারি বাহিনীর ফেলে যাওয়া একটি গোলাবারুদের ডিপোতে চড়াও হয়। এরপর সেখানে এক ভয়াবহ বিস্ফোরণে মারা যায় এক শ লোক। সব মিলিয়ে দরিদ্র ও অস্থিতিশীল দেশটি চরম নৈরাজ্যে নিপতিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ‘আরব বসন্ত’ নামে পরিচিত হয়ে ওঠা চলমান গণ-আন্দোলনে কোণঠাসা আরব শাসকদের অন্যতম প্রেসিডেন্ট সালেহ ক্রমেই একা হয়ে পড়ছেন। সেনাবাহিনীর শীর্ষ জেনারেলরাসহ সশস্ত্র বাহিনীর একটি অংশ পর্যন্ত বিরোধীদের কাতারে যোগ দিয়েছেন। এতে করে সেখানে লিবিয়ার মতো গৃহযুদ্ধের আশঙ্কা সৃষ্টি হয়েছে। ৩২ বছর ধরে ক্ষমতাসীন সালেহ বলেছেন, তিনি একপর্যায়ে ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন। কিন্তু সেটা কবে এবং কীভাবেই বা তিনি যাবেন, সে নিয়ে আলোচনায় চলছে অচলাবস্থা। এর মধ্যে প্রেসিডেন্ট বাজিয়ে চলেছেন অন্য শাসকদের মতো একই অভিযোগের রেকর্ড: বিদেশি জিহাদিরা ইয়েমেনের মাটিতে গোলযোগের বীজ বুনছে। আঞ্চলিক জোট গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) দুই পক্ষের মধ্যে আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। একজন শীর্ষ বিরোধী নেতা জিসিসির প্রস্তাবকে স্বাগত জানালেও দাবি করেছেন, আলোচনা শুরুর আগে সালেহকে ক্ষমতা হস্তান্তর করতে হবে। কিন্তু প্রেসিডেন্ট ক্রমেই কঠোরতর অবস্থান নিচ্ছেন এবং সমঝোতার প্রস্তাবে এ পর্যন্ত প্রকাশ্যে ইতিবাচক কিছু বলেননি। তিনি সৌদি আরবে একটি আলোচনায় যোগ দিতে সম্মত হয়েছেন, যদিও এর কোনো দিন-তারিখ স্থির হয়নি। কমন ফোরাম নামের বিরোধীদলীয় জোট প্রেসিডেন্ট সালেহকে ক্ষমতা হস্তান্তরের জন্য পাঁচ দফার একটি প্রস্তাব দিয়েছে। এই জোটে রয়েছে ইয়েমেনের বৃহত্তম পাঁচটি বিরোধী রাজনৈতিক দল। পাঁচ দফার মধ্যে রয়েছে ভাইস প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর, নতুন নির্বাচন কমিশন গঠন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা ইত্যাদি। ইউরোপীয় ইউনিয়ন অবিলম্বে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করার জন্য দেশটিকে চাপ দিচ্ছে। প্রেসিডেন্ট সালেহর বরাবরের মিত্র যুক্তরাষ্ট্রও তাঁর ব্যাপারে ক্রমেই ধৈর্য হারিয়ে ফেলছে বলে উল্লেখ করেছেন বিশ্লেষকেরা। এই অবস্থায় তিনি আর কত দিন অনড় থাকতে পারেন, তাই এখন দেখার।