এনামুলের সুলভ মূল্যের মাস্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুলভ মূল্যে মাস্ক বিক্রেতা এনামুলের ছবিটি ফেসবুকে ভাইরাল হয়
সুলভ মূল্যে মাস্ক বিক্রেতা এনামুলের ছবিটি ফেসবুকে ভাইরাল হয়

লুবজানা আফরিন অপেক্ষা করছিলেন রাজধানীর গুলশান-১ নম্বরের গোলচত্বরের কাছে। ১১ মার্চ তাঁর সেই অপেক্ষা এক সহকর্মীর জন্য। সেই সময়টায় দাঁড়িয়ে দেখছিলেন ডিসিসি মার্কেটের সামনে ভ্রাম্যমাণ মাস্ক বিক্রেতাদের কাণ্ড। ইচ্ছেমতো মাস্কের দাম হাঁকছেন, বিক্রিও করছেন চড়া দামে। এসবের মধ্যেই পাশে থেকে তাঁর কানে ভেসে আসে, ‘২০ টাকা, ২০ টাকা, প্রতিজন নিতে পারবেন একটা মাস্ক।’

অবাক করা সেই মুহূর্তটা সম্পর্কে লুবজানা বলেন, ‘কৌতূহলী হয়ে এগিয়ে যাই সামনে। যে লোক ২০ টাকায় মাস্ক বিক্রি করছিলেন, তার ঠিক পাশেই দেখি আরেক মাস্ক বিক্রেতার সঙ্গে একজন বাতচিত করছেন, একই মাস্ক কেন তিনি ৮০ টাকায় বিক্রি করছেন!’

লুবজানা জানালেন, সুলভ মূল্যে বিক্রি করছেন বলে হালকা–পাতলা গড়নের মানুষটার ভ্যানের কাছে বেশ ভিড়। তিনি ক্রেতাদের বলছেন, একটার বেশি মাস্ক কেউ নিতে পারবে না। লুবজানার কাছে ব্যাপারটা অন্য রকম মনে হয়। ব্যতিক্রমী সেই বিক্রেতার ছবি তোলেন তিনি। কিন্তু আলাপ করার আগেই তাঁর সহকর্মী চলে আসে। চলে যান কাজে।


অনেকে যেখানে অতিরিক্ত লাভের আশায় উচ্চমূল্যে মাস্ক বিক্রি করছেন, সেখানে মাত্র ২০ টাকায় তিনি কীভাবে বিক্রি করছেন? চলতি পথেই নিজের এমন ভালো লাগার কথা লিখে ফেসবুকে ছবিটি পোস্ট করেন লুবজানা। ছবিটা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকে বিক্রেতার সঙ্গে কথা বলার আগ্রহ দেখান।
লুবজানা বলেন, ‘তড়িঘড়ি করে চলে আসায় বিক্রেতার নামটা পর্যন্ত জিজ্ঞাসা করা হয়নি। ভেবেছিলাম পরদিন গিয়ে দেখা করে বিস্তারিত জেনে আসব।’ কিন্তু এরই মধ্যে একজন তাঁকে মেসেঞ্জারে ধন্যবাদ জানিয়ে মেসেজ করেন। তিনি আর কেউ নন, মাস্ক বিক্রেতার বড় ভাই। একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী পরিচয় দিয়ে তিনি জানান, তাঁর মাস্ক বিক্রেতা ভাইয়ের নাম এনামুল হক গাজী।


এসব গল্প শুনে আমরা যোগাযোগ করেছিলাম এনামুলের সঙ্গে। তিনি গুলশান ডিসিসি মার্কেটের সামনে ভ্যানে করে প্যান্ট বিক্রি করেন। ২৫ বছর বয়সী এনামুলেরা চার ভাই। একসঙ্গেই থাকেন বাড্ডা এলাকায়। তাঁদের বাড়ি শরীয়তপুরের ডামুড্যা উপজেলায়। তাঁদের মা-বাবা সেখানেই থাকেন। বড় আর ছোট দুই ভাই পড়াশোনা করলেও এনামুল আর তাঁর ছোট এক ভাইয়ের পড়াশোনা করা হয়ে ওঠেনি। কয়েক বছর হলো ফুটপাতে পোশাক বিক্রির ব্যবসা করছেন।


দেশে যেদিন করোনাভাইরাস আক্রান্ত মানুষের খবর চাউর হলো, সেদিন এক ক্রেতা তাঁকে বলেছিলেন মাস্কের চাহিদার বিষয়টি। পরদিনই ১০০ মাস্ক কেনেন ১৮ টাকা করে। ৩০ টাকা করে সেগুলো বিক্রি করেন এনামুল হক গাজী। তিনি বলেন, ‘কয়েক দিনে আমি প্রায় ১২ হাজার টাকা লাভ করি। কিন্তু যাদের কাছ থেকে ১৮ টাকা করে প্রথম দিন কিনেছিলাম, তারা একই মাস্ক বিক্রি করছিল ১০০ টাকা পর্যন্ত।’ মাস্ক বিক্রির সময় তাঁর মনে আঁচড় কাটে একটি ব্যাপার। যেমনটি তিনি বলেন, ‘দামের কারণে অনেককে দেখতাম কিনতে না পেরে ফিরে যাচ্ছেন।’ তিনি ভাবলেন, কেউ কেউ যদি মাস্ক না পরে, তাহলে লাভ কী, একসময় সবাই তো করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে। এই বোধটা তাঁর মধ্যে জোরালো হলো। এনামুল বলেন, ‘আমার তো প্যান্টের ব্যবসা। মাস্ক বিক্রি করে এই আয়ের টাকা বাড়তি। তাই এই টাকা দিয়ে আরও কিছু মাস্ক কিনলাম। সেগুলোই ২০ টাকা করে বিক্রি করতে শুরু করলাম।’