এপিঠ-ওপিঠ
চোখ সারাক্ষণ জ্বলে। মাথাব্যথা। আমি যে চিকিৎসককে চোখ দেখাই, তিনি বিদেশে। আমার এক চিকিৎসকবন্ধু বললেন, ফার্মগেটে এক চোখের চিকিৎসক আছেন, তাঁর কাছে যেতে। সন্ধ্যায় চিকিৎসকের চেম্বারে গেলাম। তাঁকে আমার সমস্যার কথা বললে তিনি একটি যন্ত্রে আধা মিনিট আমার চোখ দেখলেন(!) এবং দেয়ালের অক্ষর পড়ালেন। তারপর ব্যবস্থাপত্র ধরিয়ে দিয়ে ৫০০ টাকা নিলেন এবং দ্রুত বেরিয়ে গেলেন। তাঁর একটি কথাও আমি শুনতে পেলাম না। তিনি সম্ভবত রোগীর সঙ্গে কথা বলেন না। এটা মুদ্রার এক পিঠ। ১০-১২ দিন ধরে আমার জ্বর। অক্টোবরের ১ তারিখে আমি বারডেম হাসপাতালের এক চিকিৎসকের কাছে গেলাম। তিনি অনেক পরীক্ষা দিলেন এবং পরের দিনই খালি পেটে পরীক্ষাগুলো করিয়ে নিতে বললেন। তরুণ চিকিৎসকটি আমার সঙ্গে সম্ভাব্য রোগ নিয়ে কথাও বললেন। অক্টোবরের ৩ তারিখে দুপুর একটার দিকে বারডেমে রিপোর্টগুলো নিয়ে যাই। জরুরি বিভাগে গিয়ে দেখি আমার ওই চিকিৎসক নেই। একজন নারী-চিকিৎসক রোগী দেখছেন। আমার রিপোর্টগুলো তাঁকেই দেখালাম, সমস্যার কথাও বললাম। তিনি রিপোর্ট দেখলেন। আমার রিপোর্ট ভালো, কিছু পেলেন না। আমার জিহ্বা, চোখ আর প্রেশার দেখে নিলেন। যে তরুণ চিকিৎসক আমাকে পরীক্ষাগুলো করাতে বলেছিলেন, তাঁর সঙ্গে তিনি মুঠোফোনে কথা বললেন। মোবাইল ফোনে আমাকে বসতে বললেন। নারী-চিকিৎসকও আমাকে আশপাশে থাকতে বললেন। তিনি একাই বারডেমের জরুরি বিভাগের সব রোগী সামলাচ্ছিলেন। তিনি রোগী দেখছিলেন ডিউটি রুম থেকে বেরিয়ে এসে। ট্রলির ওপর একজন বৃদ্ধা রোগী ঠকঠক করে কাঁপছিলেন। তাঁর স্বজনেরা চারপাশে দাঁড়িয়ে। ওই নারী-চিকিৎসক খবর পেয়ে বৃদ্ধার কাছে গেলেন। বললেন, ‘মা, আপনার কেমন লাগছে, শীত করছে?’ বৃদ্ধাকে ভালোভাবে দেখে তিনি নার্সদের নির্ধারিত স্থানে গেলেন। এরপর একজন নার্সকে ডেকে বৃদ্ধাকে স্যালাইন দেওয়ার পরামর্শ দিলেন, ওষুধের কথাও মুখে বলে দিলেন। আবার দৌড়ে গেলেন অন্য এক হার্টের রোগীর কাছে। দ্রুত ইসিজি করাতে বললেন তাঁকে। অন্য রোগীদেরও তিনি একাই দেখছিলেন। অথচ মনে হলো, নার্সরা কুইনাইন মুখে দিয়ে বসে আছেন; আসন ছেড়ে ওঠা তাঁদের পছন্দ নয়। একেকজন নার্স বড় বড় খাতা খুলে মনোযোগ দিয়ে কী যেন দেখছিলেন। আড়াই ঘণ্টা দাঁড়িয়ে থেকে জরুরি বিভাগের নার্সদের আচরণ দেখে যতটা বিরক্তি হচ্ছিল, নারী-চিকিৎসকের আন্তরিকতা দেখে শ্রদ্ধায় আমার মাথা ততখানি নত হয়ে আসছিল। দেখলাম, মুদ্রার অন্য পিঠ। মাসুক হেলাল, ঢাকা।