এপ্রিল ও মে মাসে দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘনিয়ে আসছে দুর্যোগের ঋতু। এপ্রিল ও মে মাসে অন্তত দুটি ঘূর্ণিঝড় হবে বলে আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। কিন্তু এ দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি খুব সামান্য। চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় প্রায় ৪৭৯টি আশ্রয়কেন্দ্রের (সাইক্লোন শেল্টার) এক-তৃতীয়াংশের অবস্থা নাজুক হয়ে পড়েছে। এ ছাড়া উপকূলীয় এলাকার অন্তত ১০ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে।বাংলাদেশ ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানা গেছে, এপ্রিল মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। একইভাবে মে মাসেও বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্চের প্রথম সপ্তাহে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের এক বৈঠক থেকে এ পূর্বাভাস দেওয়া হয়। এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়া ঘনিয়ে আসলেও তা মোকাবিলার জন্য এখনো সেভাবে প্রস্তুত নয় জেলা ত্রাণ ও দুর্যোগ বিভাগ। তবে কর্মকর্তাদের মতে, কিছু প্রস্তুতি রয়েছে। দুর্যোগ দেখা দিলে এ খাতে বরাদ্দ বাড়ানো হবে। জানা গেছে, ১৪টি উপজেলা ও চট্টগ্রাম নগরের উপকূলীয় এলাকায় মোট ৪৭৯টি আশ্রয়কেন্দ্র রয়েছে। তার মধ্যে অন্তত ৫০টির অবস্থা একেবারে নাজুক। এ ছাড়া ছোটখাটো ত্রুটি ও মেরামতযোগ্য রয়েছে শতাধিক। বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও এসব মেরামতের জন্য বরাদ্দ পাওয়া যায়নি বলে জানা গেছে। এ ছাড়া এসব আশ্রয়কেন্দ্রও প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানা গেছে। ফলে দুর্যোগের সময় বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও প্রশাসনিক ভবনকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। এ প্রসঙ্গে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, ‘আমরা ৫০টি আশ্রয়কেন্দ্র মেরামত করতে বছরখানেক আগে বরাদ্দ চেয়ে চিঠি পাঠিয়েছি। কিন্তু এখনো আসেনি। বেশির ভাগেরই দরজা-জানালা নেই। তবে আমরা দুর্যোগ মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছি। আমাদের কাছে চাল, গৃহনির্মাণ ও নগদ অর্থবরাদ্দের জন্য কিছু টাকাও জমা আছে। দুর্যোগ দেখা দিলে আরও বরাদ্দ আসবে।’ জানা গেছে, বর্তমানে গৃহ নির্মাণ বাবদ সাত লাখ টাকা, নগদ সহায়তা বাবদ পাঁচ লাখ টাকা ছাড়াও ২০০ টন চাল মজুদ রয়েছে।সরেজমিনে দেখা গেছে, আশ্রয়কেন্দ্রের কোনো কোনোটির পলেস্তারা খসে পড়েছে। কোনোটির শৌচাগার নেই। কোনোটি একেবারে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। দুর্যোগকালে যে গতিতে বাতাস আসে তাতে কক্ষের ভেতরেও লোকজন বিশেষ করে মহিলা ও শিশুরা নিরাপদ নয়। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ এবং শৌচাগারের সংকটের কারণে কেন্দ্রগুলোতে আশ্রয় নেওয়া লোকজনের মধ্যে ডায়রিয়া ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।চট্টগ্রামের সন্দ্বীপে সবচেয়ে বেশি, ৯৪টি আশ্রয়কেন্দ্র রয়েছে। কিন্তু তা-ও পর্যাপ্ত নয়। তার মধ্যে অন্তত ৩০টি মেরামত করতে হবে বলে জানা গেছে। এখানে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা প্রায়স দুই লাখ লোককে রক্ষা করার জন্য এসব স্থায়ী আশ্রয়কেন্দ্র ছাড়াও ১৭০টি ভবনকে আশ্রয় শিবির হিসেবে ব্যবহার করা হয়। এদিকে, সীতাকুণ্ডে অন্তত ২০টি আশ্রয়কেন্দ্র মেরামতের পাশাপাশি বেড়িবাঁধ মেরামত দরকার বলে মনে করছেন উপজেলা প্রকল্প কর্মকর্তা আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, বাঁশবাড়িয়া এলাকায় বেড়িবাঁধ ভেঙে গেছে। জলোচ্ছ্বাস হলে ওই এলাকা দিয়ে পানি ঢুকে পুরো উপজেলা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। একইভাবে বাঁশখালীর ছনুয়া, পুকুরিয়াসহ বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে গেছে বলে জানা গেছে। সূত্র মতে, ১৯৯১ সালের ২৯ এপ্রিল ভয়াবহ ঘূর্ণিঝড়ের পর চট্টগ্রামের বেশির ভাগ আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়। স্বাধীনতার আগেও কিছু কিছু আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছিল বলে জানা গেছে। কুয়েত, সৌদিআরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আর্থিক সহায়তায় স্থানীয় সরকার মন্ত্রণালয়, গণপূর্ত এবং শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এসব আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়। বেশির ভাগ কেন্দ্রের একটি ফ্লোর প্রাথমিক বিদ্যালয়ের জন্য বরাদ্দ দেওয়া হয়।আনোয়ারায় ৬০টির মধ্যে ৪০টি এবং চন্দনাইশে তিনটির মধ্যে তিনটিই বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত বলে জানা গেছে।