এপ্রিলের আমদানি পণ্যেই মিটবে রোজার চাহিদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান মাসে ছোলার চাহিদা থাকে সবচেয়ে বেশি। ব্যবসায়ীদের হিসাবে এর পরিমাণ ৭০ থেকে ৭৫ হাজার টন। চলতি বছরের এপ্রিল মাসেই ছোলা আমদানি হয়েছে ৮২ হাজার ৭৯৮ টন। অর্থাৎ এক মাসের আমদানি করা ছোলা দিয়ে রোজায় সারা দেশের চাহিদা মেটানো যাবে। বন্দর দিয়ে এক মাসে একসঙ্গে এত বেশি পরিমাণ ছোলা কখনোই আমদানি হয়নি।
শুধু ছোলাই নয়, এপ্রিল মাসে আমদানি করা মটর ও মসুর ডাল, পাম ও সয়াবিন তেল দিয়ে রোজার চাহিদা মেটানো যাবে। চাহিদা অনুযায়ী আমদানি হয়েছে চিনি ও খেজুরও। ফলে এবার রোজার পণ্যের দাম বাড়ার কথা নয় বলে মনে করছেন ব্যবসায়ীরা।
খুচরা বাজারে এখনো রোজার পণ্যের বেচাকেনা শুরু হয়নি। আগামী সপ্তাহ থেকে ভোক্তারা খুচরায় কেনাকাটা শুরু করবেন। তবে পাইকারি বাজারে রোজার পণ্যের বেচাকেনা পুরোদমে চলছে। ব্যবসায়ীরা বলেন, পাইকারি বাজারে রোজার পণ্যের দাম এখনো স্থিতিশীল রয়েছে। খুব বেশি ওঠানামা হয়নি।
জানতে চাইলে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদ প্রথম আলোকে বলেন, রোজার পণ্যের পর্যাপ্ত আমদানি হয়েছে। এ কারণে পাইকারি বাজারে দাম স্থিতিশীল। তবে পাইকারি দামের চেয়ে খুচরা বাজারে পণ্যের দাম যাতে অস্বাভাবিক না বাড়ে, সে জন্য বাজার তদারক করা উচিত। তিনি আরও বলেন, রোজার পণ্যের কেনাকাটায় ভোক্তাদেরও সচেতন হতে হবে। মাসের বাজার একসঙ্গে না কিনে সপ্তাহ অন্তর বাজার করা উচিত। তাহলে বাজারে চাপ পড়বে না। পণ্যের দামও স্থিতিশীল থাকবে।
খাতুনগঞ্জের পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা যায়, গত বুধবার সকালে বাজারে প্রতি কেজি ছোলা ৭৫ থেকে ৭৮ টাকায় বিক্রি হয়েছে। আমদানি করা মসুর ডাল কেজিপ্রতি ৬২ এবং মটর ডাল ৩২ টাকায় বেচাকেনা হচ্ছে। এ ছাড়া কারখানা ফটক থেকে চিনি সরবরাহ নেওয়ার দর কেজিপ্রতি ৫৭ টাকা ৬০ পয়সা (মণপ্রতি ২ হাজার ১৫০ টাকা)। সয়াবিন কেজিপ্রতি ৭৯ টাকা ৮৪ পয়সা থেকে ৮০ টাকা ৩৮ পয়সা দরে বেচাকেনা হয়েছে।
খুচরায় এলাকাভেদে একেক দরে ছোলা ও চিনি বিক্রি হচ্ছে। খুচরা বাজারে তিন ধরনের ছোলা কেজিপ্রতি ৮০, ৮৫ ও ৯০ টাকায় বিক্রি হচ্ছে। প্যাকেটজাত চিনি ৬৮ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়। তবে রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী আহমেদ কবির প্রথম আলোকে বলেন, ‘এবার মূল্যতালিকা টাঙিয়ে পণ্য বিক্রি করা হচ্ছে। ছোলা ৮০ থেকে ৮৫, আমদানি মসুর ডাল ৭৫ এবং চিনি ৬২ টাকায় বিক্রি করছি।’
ব্যবসায়ীরা বলেন, আমদানিনির্ভর ভোগ্যপণ্যের দাম বাড়ে মূলত দুটি কারণে—আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে এবং চাহিদার চেয়ে আমদানি কম হয়ে সংকট হলে।
খোঁজ নিয়ে জানা গেছে, ছোলার দাম এখন বিশ্ববাজারে টনপ্রতি ৯৬০ ডলার হলেও দেশে আমদানি হওয়া ছোলা ব্যবসায়ীরা কিনেছেন টনপ্রতি সাড়ে ৭০০ থেকে সর্বোচ্চ ৮৩০ ডলার দরে। ছোলা ছাড়া রোজার সময় মটর ডালের চাহিদা কমবেশি ৫০ হাজার টন। ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত তিন মাসে আমদানি হয়েছে ১ লাখ ৬৬ হাজার টন। এর মধ্যে এপ্রিল মাসেই আমদানি হয়েছে ৬২ হাজার ৪৪৯ টন।
মসুর ডালের চাহিদাও বাড়ে রোজার সময়। উৎপাদন ও আমদানি করা মসুর ডালে চাহিদা মেটানো হয় রোজায়। ব্যবসায়ীদের হিসাবে, রোজায় মসুর ডালের চাহিদা ৪০ থেকে ৫০ হাজার টন। গত তিন মাসে বন্দর দিয়ে মসুর ডাল আমদানি হয়েছে ১ লাখ ৪১ হাজার টন। এর মধ্যে অবশ্য ফেব্রুয়ারি মাসেই মসুর ডাল আমদানি হয়েছে সবচেয়ে বেশি। ওই মাসে ৮৪ হাজার ৯০৩ টন মসুর ডাল আমদানি হয়।
চিনির চাহিদা দুই লাখ টন ধরা হয় রোজার সময়। গত তিন মাসে গড়ে প্রতি মাসে পৌনে দুই লাখ টন করে চিনি আমদানি হচ্ছে। এ মাসে তিন জাহাজে ১ লাখ ৭০ হাজার টন অশোধিত চিনি আমদানি হয়েছে। এদিকে রোজায় ভোজ্যতেলে পাম ও সয়াবিনের চাহিদা ১ লাখ ৮০ হাজার থেকে ২ লাখ টন। গত এপ্রিল মাসেই আমদানি হয়েছে ২ লাখ ১০ হাজার টন।