এফএলটিসিতে ভাষা শেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির চাকা সচল রেখেছে। তবে বিদেশে কর্মরত শ্রমিকদের একটা বড় অংশ অদক্ষ হওয়ায় ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। বিদেশে গিয়েই এ দেশের শ্রমিকেরা প্রথমেই যে সমস্যায় পড়েন তা হলো ভাষাগত সমস্যা। এই সমস্যা দূর করতে সরকার ফরেন ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (এফএলটিসি) প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পের আওতায় বিদেশ গমনেচ্ছুদের বিদেশি ভাষা প্রশিক্ষণ দেওয়া হয়। দেশের ছয়টি বিভাগীয় সদর এবং কুমিল্লা, যশোর, বগুড়া ও কিশোরগঞ্জ শহরের মোট ১১টি ডিজিটাল ভাষাকেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব প্রশিক্ষণকেন্দ্রে ইংরেজি, আরবি, কোরীয়, ফরাসি, জাপানি প্রভৃতি ভাষা প্রশিক্ষণের জন্য পৃথকভাবে তিন মাস মেয়াদি মোট ৭২ ঘণ্টার কোর্স পরিচালিত হয়। কোর্সে ভর্তি হওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। চট্টগ্রামে এফএলটিসির কেন্দ্রটি পরিচালিত হচ্ছে চট্টগ্রাম কলেজে। সম্প্রতি এই কেন্দ্রে সরেজমিনে দেখা গেল, প্রতিটি আসনের সঙ্গে রয়েছে একটি করে এলসিডি মনিটর, হেডফোন এবং ডিজিটাল টার্মিনাল। এ ছাড়া রয়েছে মাল্টিমিডিয়া ভিজ্যুয়াল প্রেজেন্টার। কেন্দ্রের সমন্বয়কারী অধ্যাপক আবুল হাসান জানান, এই কেন্দ্র থেকে ইতিমধ্যে ইংরেজি, আরবি, জাপানি ও কোরীয় ভাষা বিষয়ে দুই হাজার ২৬০ জন প্রশিক্ষণ নিয়েছেন। এখানে বিদেশি ভাষা শোনা, বলা, পড়া ও লেখা—এ চারটি দক্ষতার ওপর জোর দেওয়া হয় বলে জানালেন কেন্দ্রের সংশ্লিষ্ট প্রশিক্ষকেরা। আরবি, ইংরেজি ও কোরীয় ভাষা কোর্সের ফি এক হাজার টাকা। ফরাসি ও জাপানি ভাষার কোর্স ফি দুই হাজার টাকা। প্রকল্পের পরিচালক মোহাম্মদ জসিম উদ্দীন জানান, দক্ষ মানবসম্পদ সৃষ্টিই এই প্রকল্পের উদ্দেশ্য। ২০০৭ সালের ডিসেম্বরে শুরু হওয়া শিক্ষা মন্ত্রণালয়ের এই প্রকল্প এ বছর ডিসেম্বরে শেষ হবে। ইতিমধ্যে ১৬ হাজার প্রশিক্ষণার্থী এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নিয়েছেন, যাঁদের অনেকেই দেশে-বিদেশে উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ লাভ করেছেন।