এফডিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০১ সাল। বয়স ১৩ কিংবা ১৪। টগবগে কিশোর। আমি আর আমার বন্ধু রাশেদ ছিলাম সিনেমাপাগল। বিটিভিতে তো দেখতামই, মাঝে মাঝে স্কুল ফাঁকি দিয়েও সিনেমা দেখতাম বিভিন্ন ভিসিআরের দোকানে। চলচ্চিত্র জগতের রঙিন মানুষদের প্রতি ভালো লাগাটা তখন তুঙ্গে। প্রায়ই ভাবতাম যদি নায়ক-নায়িকাদের কাছে যেতে পারতাম, তাদের সঙ্গে কথা বলতে পারতাম! এসব ভেবে ভেবে দুই বন্ধুর চোখে খেলা করত সোনালি-রূপালি স্বপ্ন!

সে সময় ঈদ মানেই অনাবিল আনন্দের এক চমৎকার উপলক্ষ। পাড়ার ছেলেমেয়েরা দলবেঁধে ঈদের চাঁদ দেখতাম, হই-হুল্লোড় করতাম, একে অন্যের বাড়িতে বেড়াতে যেতাম আর টেলিভিশনে ঈদের সিনেমা দেখতাম। তো, সেবার আমার আর রাশেদের মাথায় চাপল এফডিসি দেখার জন্য ঢাকা যাওয়ার ভূত। কারণ, আমরা বিভিন্নজনের কাছে শুনেছিলাম যে এফডিসি গেলে নাকি দেশের সব নায়ক-নায়িকাকে পাওয়া যায়। সেখানে তাঁরা বেশির ভাগ সময় থাকেন। দুই বন্ধু ভাবতাম যে করেই হোক আমাদের ঢাকা যেতে হবে, এফডিসিতে যেতে হবে, প্রিয় নায়ক-নায়িকাদের সঙ্গে দেখা করতে হবে।

সেবার রমজানের শেষের দিন সব ছেলেমেয়ে ঈদের চাঁদ দেখতে মাঠে গেল। আমি আর রাশেদ মাঠের এক কোনায় বসে বসে শুধুই চিন্তা করি ঢাকা কীভাবে যাব। ঈদের দিন যদি নতুন জামা পরে যেতে পারতাম, তাহলে দারুণ হতো। ঢাকা আসলে কত দূর, ঢাকা গেলে বাসা থেকে কখনোই রাজি হবে না, উল্টো উত্তম-মাধ্যম কপালে জুটবে—এসব আমাদের ভাবনার রাডারেরও বাইরে। আমাদের মাথায় ভূত ওই একটাই, এফডিসি। এসব ভাবতে ভাবতে সেদিন ঘুমালাম।

ঈদের দিন সকালে জামাত পড়ে এসে সবাইকে সালাম করতাম। ঈদ সেলামির লোভেই মূলত সালাম করা। সেবার সবাইকে সালাম করে ৫০ টাকা করে চারজনের কাছ থেকে ২০০ টাকা পেলাম। আমার কাছে জমানো ছিল আরও ১০০। মোট ৩০০ টাকা নিয়ে রাশেদের বাড়িতে গেলাম। তাকে জিজ্ঞেস করলাম কত পেয়েছিস? সে বলল, আমি ২৫০ পেয়েছি, আমার কাছে আছে আরও ১৫০, মোট ৪০০ টাকা। দুজনের টাকা মিলিয়ে হলো ৭০০ টাকা। রাশেদকে বললাম, ‘চল বন্ধু, আজ দুজনে ঢাকায় চলে যাব।’ সেও রাজি হয়ে গেল।

প্রবল উত্তেজনা নিয়ে নতুন শার্ট-প্যান্ট পরে বাসায় কিছু না বলে চলে গেলাম বাসস্ট্যান্ড। নন-এসি বাসে তখন ঢাকায় যেতে লাগত ৮০ থেকে ১০০ টাকা। আমরা ৮০ টাকা করে দুটো টিকিট নিলাম। বাস এল, দুই বন্ধু চড়ে বসলাম। বাস ছাড়ার পর সুপারভাইজার এল টিকিট চেক করতে। আমাদের দেখে খুব অবাক হলেন। বললেন, ‘অভিভাবক ছাড়া এভাবে ঢাকায় যাচ্ছ কেন?’ আমরা মিথ্যা করে বললাম, আমাদের জন্য ঢাকায় লোক অপেক্ষা করবে। মহাসড়কের চারপাশের দৃশ্য দেখতে দেখতে ঢাকায় গিয়ে নামলাম সন্ধ্যার দিকে। সায়েদাবাদ নামার পরে তো পড়লাম অথই সাগরে। মনে হলো কোথায় এলাম, এখন কোনদিকে যাই? দুজনেই ভয় পাচ্ছি, কিন্তু কেউ কারও কাছে প্রকাশ করছি না। এদিক-ওদিক হাঁটছি। এফডিসি কীভাবে যাব ভাবছি।

কাউকে জিজ্ঞেসও করছি না যদি কিছু মনে করে! এদিকে রাতও হয়ে আসছে। টার্মিনাল এলাকা থেকেও বের হচ্ছি না যদি পথ হারিয়ে ফেলি, তাহলে বাড়িতে ফিরব কী করে সেই চিন্তায়। দুজনে আফসোস করছি কেন এভাবে এলাম কাউকে না জানিয়ে। বাসায় নিশ্চয়ই সবাই চিন্তায় পড়ে গেছে। কান্না পাচ্ছে আমার। রাশেদকে বললাম, ‘চল ফিরে যাই আরেকটা বাসে ওঠে।’ সেও বলল, ‘চল, আমারও ভয় করছে খুব।’ এরপর কীভাবে যে বাস টার্মিনালে গেলাম, টিকিট করলাম, বলতে পারব না। গভীর রাতে এসে বাড়িতে পৌঁছেছিলাম। পরদিন আমাদের উত্তম-মাধ্যম দেখে কে!

এখন ঢাকায় যাই, এফডিসির সামনে দিয়ে কত আসা-যাওয়া করি। কোনো অনুভূতিই কাজ করে না আর।