এবং অপরাজেয়
ইন্টারনেট উত্সব ২০১২-এর আঞ্চলিক প্রতিযোগিতায় বিজয়ী ১২১ আই-জিনিয়াস গড়ে তোলে ফেসবুকে নিজেদের পেজ ‘আমাদের গ্রুপ’, যেখানকার সদস্য শুধু আই-জিনিয়াসরাই। সারা দেশের ১২১ জন জিনিয়াস প্রতিদিন বন্ধুদের সঙ্গে নিজের চিন্তাভাবনা বিনিময় করতে থাকে। আলাপের সূত্র ধরেই নিজেরা একটা কিছু করার চিন্তা করে। কী করা যেতে পারে? এই চিন্তা থেকেই তারা একটি সংকলন প্রকাশনার কথা ভাবে। শুরু হয় লেখা সংগ্রহ। আই-জিনিয়াসরা লিখতে থাকে যার যার পছন্দমতো গল্প-কবিতা-নিবন্ধ ইত্যাদি। সবার কাছ থেকে লেখা সংগ্রহ করে তা সম্পাদনা করে তিন আই-জিনিয়াস সুনামগঞ্জের সৈয়দ তাওসিফ মনোয়ার, টেকনাফের (কক্সবাজার) রাশেদুল হাসান ও সান্তাহারের (বগুড়া) সাদিয়া ইসলাম।ইন্টারনেট উত্সবের গ্র্যান্ড ফিনালের দুদিন আগে ২০ জুন তারা একত্রিত হয় ঢাকার বসুন্ধরা সিটির ক্যাপ্রিকর্নস রেস্তোরাঁয়। এই মিলনমেলায় মোড়ক উন্মোচন করা হয় তাদের প্রকাশনা এবং অপরাজেয় সংকলনের। নিজেদের এই আয়োজন সম্পর্কে টেকনাফের রাশেদুল হাসানের কথা এমন, ‘এর আগে আমরা ফটো কনটেস্ট ও কুইজ প্রতিযোগিতা করেছিলাম আমাদের গ্রুপের মাধ্যমে। তারপর নিজেদের মধ্যে আলোচনায় উঠে আসে একটা সংকলন প্রকাশের চিন্তা। ব্যাস, নেমে গেলাম কাজে।’ সবাই লেখা শুরু করল। জমা হলো শতাধিক লেখা। কিন্তু ছাপা হবে কীভাবে? ছাপার সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন তিন সম্পাদকের অন্যতম সুনামগঞ্জের তাওসিফ মনোয়ার। তাওসিফ বলে, ‘আমরা ১২১ জন থাকি দেশের বিভিন্ন প্রান্তে। একসঙ্গে সবার কাজ করা সম্ভব নয়। একজনকে দায়িত্ব তো নিতেই হতো। আমার কাঁধেই পড়ল সেই দায়িত্ব। রাত-দিন খেটে সিলেট থেকেই অবশেষে বের হলো আমাদের স্বপ্নের সংকলন এবং অপরাজেয়। তবে আমি এই সংকলন প্রকাশের সব কৃতিত্ব দিতে চাই সব আই-জিনিয়াস বন্ধুদের।’ আরেক সম্পাদক সাদিয়া ইসলাম বলে, ‘বই সম্পাদনা করা এক নতুন অভিজ্ঞতা। অনেক মজা পেয়েছি। জিনিয়াসদের লেখা নিয়ে আমাদের এই সংকলনটা স্মৃতি হয়ে থাকবে।’বইটির প্রচ্ছদ করেছে কক্সবাজারের সিলমা সুবাহ রাইসা ও চট্টগ্রামের তানভীর রহমান।