এবং প্ল্যানচেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইভা, মৌ, ঝিনুক—তিন রুমমেট আর আমি। মেডিকেল কলেজ লাইফে এত পরীক্ষা, পড়াশোনার চাপ যে আমরা দম ফেলার ফুরসত পেতাম না। পরে একদিন ভাবলাম পড়ার নিকুচি করি। আমরা চার দুঃসাহসী(!) মিলে প্ল্যানচেট করব। যেই ভাবা সেই কাজ, প্ল্যানচেট করার সব আয়োজন করলাম। বইপত্র ঘেঁটে, নেট সার্চ করে ঠিক করলাম সবকিছু, কিন্তু প্ল্যানচেট করার জন্য অন্ধকার ঘর চাই। রুমের লাইট অফ করব যে তারও উপায় নেই। কারণ, কমনরুমে থাকার কারণে আমাদের অন্য রুমমেটদের পড়াশোনার ক্ষতি হোক, তা আমরা করতে পারি না। অন্যরা এসব দেখে-শুনে আমাদের সাবধান করে দেয়। আমরা এসবের থোড়াই কেয়ার করি। এমনিতে কখনো সিলেটের হোস্টেলে লোডশেডিং নামের ‘বস্তুটির’ দেখা পাওয়া যায় না। কিন্তু ওই বিশেষ দিনে লোডশেডিং হলো, আমাদের আনন্দ দেখে কে! বাকি রুমমেটরা রুমের বাইরে চলে গেল। এটা তো মেঘ না চাইতেই জল। পরে মহাসমারোহে আমরা চারজন প্ল্যানচেটের নিয়মকানুন মেনে কাজ শুরু করলাম। আর ভয় যে ছিল না তা নয়। পরে সবাই বসে আলেকজান্ডারের আত্মাকে আনার দীর্ঘ চেষ্টা চালাচ্ছি। এমন সময় হঠাৎ করে রুমের দরজা খুলে গেল। আমরা ভাবছি, আত্মা কি দরজা দিয়ে এলো নাকি? পরে ওই দিকে মনোযোগ না দিয়ে আমরা চেষ্টা করেই যাচ্ছি। পরে মশার কামড়ের জ্বালায় টিকতে না পেরে হাত দিয়ে চটাস করে চাটি মারলাম কিন্তু ওটা আমার গায়ে না লেগে মৌয়ের গায়ে লাগল। মৌ তো ভয়ে চিৎকার করে উঠল, ‘বাঁচাও, ভূত এসে আমাকে মেরে ফেলল।’ পরে যখন আবার ধ্যান করছি, দরজায় দেখি দুটো চোখ জ্বলজ্বল করছে। আমরা ভয়ে কাঠ হয়ে গেছি। হঠাৎ দেখি চোখ দুটো লাফিয়ে আমার ওপর এসে পড়ল। অমনি বিটকেল শব্দে আমি তো অজ্ঞান হয়ে গেলাম। ঝিনুক আর ইভা তো ‘বাপরে বাপ, গেছি!’ বলে ছুটে পালাল। জ্ঞান ফিরলে দেখি সবাই আমার মাথায় জল ঢালছে। পরে শুনি যে ওই সময় একটা হুলো বিড়াল ঢুকেছিল। আমাদের চিৎকারে ভয় পেয়ে আমার ওপর লাফ দেয় আর দরজা খোলার শব্দটা ছিল চোরের। চোর বাবাজি এসে সুযোগমতো আমাদের ল্যাপটপ, মুঠোফোন মেরে দিয়েছে। হায়রে হায়, কোথায় প্ল্যানচেট করে ভূত আনব তা না, এল কিনা চোর আর হুলো বিড়াল! হায়রে লোডশেডিং, হায়রে প্ল্যানচেট! অদিতি ঘোষসিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, সিলেট।