এবং স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমা আর নুসরাত দুই বন্ধু। দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) শিক্ষার্থী। এ বছরের শুরুতে শীত আর আঁধারে মাখামাখি করা এক রাতে উপমা মুঠোফোনে কথা বলেন প্রিয় বন্ধু নুসরাতের সঙ্গে। নুসরাতের সঙ্গে নিজের ভাবনা আর স্বপ্নগুলো নিয়ে কথা হয় উপমার। নতুন কিছু একটা করতে চান তিনি। উপমার স্বপ্ন পূরণ করতে প্রয়োজন নুসরাতকে। নুসরাত একবাক্যে রাজি। কারণ, তাঁদের চিন্তাভাবনাগুলো প্রায় একই রকম। খুব শিগগির তাঁরা পেয়ে যান কাজ করার সুযোগ।এইচএসবিসি ব্যাংক প্রতিবছর তরুণ উদ্যোক্তাদের নিয়ে আয়োজন করে প্রতিযোগিতার। এখানে তরুণেরা তাঁদের ভাবনা আর নতুন নতুন পরিকল্পনা তুলে ধরার সুযোগ পান সবার সামনে। পরিচিত হন দেশ ও দেশের বাইরের মেধাবী সব উদ্যোক্তার সঙ্গে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তিনজন অথবা দুজনের সমন্বয়ে তৈরি দল অংশ নেয় এখানে। কয়েক ধাপে সম্পন্ন হওয়া এ প্রতিযোগিতায় বিজয়ী দলকে করা হয় পুরস্কৃত। এ প্রতিযোগিতায় কাজ করার জন্যই প্রস্তুতি নেওয়া শুরু করেন উপমা। তিনজনের একটি দল করার জন্য তাঁরা খুঁজে নেন আরেক প্রিয় বন্ধু শেহরীনকে। ক্যাম্পাসে এই তিনজনেরই একসঙ্গে থাকা হয় সব সময়। পড়াশোনা থেকে শুরু করে আড্ডা—সব জায়গায়ই একসঙ্গে পাওয়া যায় এ তিন বন্ধুকে। উপমাকে দলনেতা করে দলের নাম দেওয়া হয় ‘স্টলওয়ার্টস’। শুরু হয় কঠোর পরিশ্রম। ‘প্রথমবারের মতো এ প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছি। উত্তেজনা তাই কিছুটা বেশিই ছিল। পুরস্কার পাব কি পাব না, তা নিয়ে ভাবিনি। আমরা শুধু আমাদের ভাবনাগুলো সঠিকভাবে তুলে ধরতে চেয়েছি সবার সামনে।’ বলছিলেন উপমা দত্ত। আইবিএর তৃতীয় বর্ষের এই শিক্ষার্থীরা কী নিয়ে কাজ করবেন, তা নিয়ে ভাবতে হয়নি তেমন। গত কয়েক বছরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আঘাত হানা ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এবং এর বীভৎসতা দেখে তাঁরা ঠিক করেন, কাজ করবেন এ বিষয় নিয়েই। অজস্র মানুষের মৃত্যু, ধ্বংসস্তূপের আড়াল থেকে আহত মানুষের কাতর আহাজারি আর মা-বাবাকে হারানো কচি শিশুর চোখে ফুটে ওঠা বেঁচে থাকার আকুতি তাঁদের ভূমিকম্প নিয়ে কাজ করার সাহস জোগায়। জাপানের মতো উন্নত একটি দেশ যেভাবে পর্যুদস্ত হয়েছে ভয়ংকর এক প্রাকৃতিক দুর্যোগের কাছে, সেখানে আমাদের আতঙ্কিত হওয়াটাই স্বাভাবিক। ঢাকা পৃথিবীর অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা। যেকোনো সময় এখানে আঘাত হানতে পারে ভূমিকম্প। অপরিকল্পিত আবাসস্থলের কারণে রিখটার স্কেলে সাত মাত্রার ভূমিকম্প আঘাত হানলেই প্রায় ৭২ হাজার দালান ধসে যাবে নিমিষেই। তাই প্রয়োজন সতর্কতা আর সঠিক পদ্ধতিতে দালানকোঠা নির্মাণ।‘স্টলওয়ার্টস’ কোকোক্রিট নামের নতুন এক পণ্যের কথা তুলে ধরে এ প্রতিযোগিতায়। কংক্রিটের দালানকে অনেক বেশি মজবুত করে কোকোক্রিট। এতে ব্যবহার করা হয় নারকেলের আঁশ। অল্প খরচে তৈরি কোকোক্রিট কমিয়ে দেয় ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ। ‘কোকোক্রিট নিয়ে কাজ করার জন্য রাতের পর রাত নির্ঘুম কাটিয়েছি আমরা। পড়াশোনার ক্ষতি হয়েছে অনেক। তবু হাল ছাড়িনি। বন্ধু আর শিক্ষকদের সহযোগিতায় কাজ করে গেছি।’ নিজেদের কাজ আর পরিশ্রম সম্পর্কে বলছিলেন ‘স্টলওয়ার্টস’ দলের নুসরাত শারমীন।৩০০টি দল প্রাথমিকভাবে অংশ নেয় এ প্রতিযোগিতায়। সেখান থেকে ৩০টি দলকে নির্বাচন করা হয় পরবর্তী পর্যায়ের জন্য। ৩০টি থেকে আবার বাছাই করা হয় সেরা সাতটি দল। এ সাতটি দলের চারটিই ছিল আইবিএর। এপ্রিলে অনুষ্ঠিত হওয়া ফাইনালে এ সাতটি দলকে নিজেদের পরিকল্পনা সবার সামনে তুলে ধরার জন্য দলপ্রতি ১০ মিনিট করে সময় দেওয়া হয়। ঢাকার গুলশানের একটি হোটেলে আয়োজন করা হয় এ প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে ফলাফল প্রকাশিত হলে জানা যায়, চ্যাম্পিয়ন হয়েছে স্টলওয়ার্টস। পেয়েছে গোল্ড অ্যাওয়ার্ড উইনারের সম্মান। প্রথমবার অংশ নিয়েই এ সাফল্য সত্যিই দারুণ আনন্দের। পরিবার, শিক্ষক আর বন্ধুরা সবাই খুব খুশি।পরিবার থেকে উৎসাহের কমতি ছিল না কখনোই। শুধু পড়াশোনার যেন ক্ষতি না হয়, সেটাই চাইতেন সবাই। তাঁরা এখন বুঝতে পেরেছেন, তাঁদের সন্তানদের পরিশ্রম বিফলে যায়নি।২০ জুন ‘স্টলওয়ার্টস’ হংকংয়ে অংশ নেবে আরেকটি প্রতিযোগিতায়, প্রতিনিধিত্ব করবে এখানে বাংলাদেশের। দায়িত্ব তাই অনেক। পরিশ্রম করতে আপত্তি নেই এ তিন শিক্ষার্থীর। নেই সাহসের অভাব। নিজেদের কাজ আর পরিকল্পনাগুলো নিয়ে যেতে হবে অনেক দূর। হাঁটতে হবে অনেকটা পথ। উপমা, নুসরাত আর শেহরীন তাই কাজ করে যান নিজেদের স্বপ্নগুলোকে আর সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য।প্রথম পুরস্কার বিজয়ী আইবিএর তিন শিক্ষার্থী—উপমা, নুসরাত ও শেহরীন।