এবার অজুহাত ‘মিটার ত্রুটিপূর্ণ’
সিএনজি অটোরিকশায় মিটার চালুর ব্যাপারে মালিক-চালকদের এবার আরেক অজুহাত—‘মিটার ত্রুটিপূর্ণ।’ তবে মিটার সরবরাহকারীরা বলছেন, ‘মিটারে না যাওয়ার জন্য চালক-মালিকদের এটা তালবাহানা।’ সূত্র জানায়, সিএনজি অটোরিকশার ভাড়া পুনর্নির্ধারণ করার পর মিটারে ক্যালিব্রেশন (দূরত্ব অনুপাতে ভাড়ার পরিমাণ নির্ধারণ) শুরু হয়। গতকাল (১৬ এপ্রিল) পর্যন্ত সাড়ে ১০ হাজার অটোরিকশার মিটার ক্যালিব্রেশন সম্পন্ন হয়। অথচ নগরে চলাচল করছে ১৩ হাজার অটোরিকশা। পুনর্নির্ধারিত ভাড়ায় সিএনজি অটোরিকশার মিটারে ক্যালিব্রেশন করার জন্য ১৫ এপ্রিল পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল নগর ট্রাফিক পুলিশ। ওই সময়ের মধ্যে মিটারে ক্যালিব্রেশন না করায় এক হাজার ৭৬টি অটোরিকশার বিরুদ্ধে যানবাহন আইনে মামলা করা হয়। এদিকে ১৬ এপ্রিল থেকে মিটারে চলাচল বাধ্যতামূলক করার কথা ছিল। কিন্তু সব মিটারে ক্যালিব্রেশন সম্পন্ন না হওয়ায় আরও এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে। উল্লেখ্য, পুনর্নির্ধারিত ভাড়ার হার প্রথম দুই কিলোমিটার ২৫ টাকা। পরবর্তী এক কিলোমিটার সাত টাকা, ওয়েটিং বা অপেক্ষা প্রতি মিনিট এক টাকা ২৫ পয়সা। চট্টগ্রাম মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতির সভাপতি বাবুল দত্ত প্রথম আলোকে বলেন, আমদানি করা এসব মিটারের অধিকাংশই ত্রুটিপূর্ণ। একবার মিটার ঠিক করলে দু-একদিন পর পুনরায় নষ্ট হয়ে যায়। অবশ্য তিনি মিটার বারবার খারাপ হওয়ার জন্য শহরের বেহাল কিছু সড়ককেও দায়ী করেন। চট্টগ্রাম বেবিট্যাক্সি টেম্পো ড্রাইভার ও সহকারী ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম সরকার নির্ধারিত সময়সীমার (১ জানুয়ারি থেকে ১৫ এপ্রিল) মধ্যে ত্রুটিপূর্ণ মিটার মেরামত ও ক্যালিব্রেশন না করার জন্য মালিক-চালকদের গাফিলতির কথা স্বীকার করেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা সংগঠনের পক্ষ থেকে বিআরটিএ, যোগাযোগ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে উন্নতমানের মিটার আমদানির জন্য অনুরোধ করে চিঠি লিখেছি। কিন্তু কোনো সাড়া পাইনি।’ অটোরিকশার চালক (চট্টমেট্রো-থ-১১-৬৬৭৭) মোহাম্মদ সোহেল বলেন, ‘কয়েকদিন আগে আমি ধনিয়ালাপাড়া থেকে মিটার মেরামত করে ফতেয়াবাদ আসতে আসতে সেটি খারাপ হয়ে যায়।’ অটোরিকশা চালক (চট্টমেট্রো-থ-১১-৪৫৩৮) মোহাম্মদ ইদ্রিস বলেন, ‘মাঝখানে পড়ে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি বেশি। একদিকে ত্রুটিপূর্ণ মিটার অন্যদিকে পুলিশের হয়রানি।’ মিটার সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াত্তা কোম্পানির ব্যবস্থাপক আবুল বশর এ প্রসঙ্গে বলেন, ‘মিটারে যাত্রী আনা-নেওয়ার জন্য সিএনজি অটোরিকশার চালক-মালিকদেরকে সরকার তাগাদা দিয়ে আসছে ২০০৩ সাল থেকে। কিন্তু তারা তা এতদিন আমলেই নেয়নি।’ তিনি বলেন, ‘একটি বস্তু দীর্ঘদিন ধরে অব্যবহূত ফেলে রাখলে তো ত্রুটি থাকবেই।’ মিটার সরবরাহকারী আরেক প্রতিষ্ঠান ডিস্ট্রিবিউশন ওয়ানের আঞ্চলিক ব্যবস্থাপক ইকবাল মোহাম্মদ মনসুরুল করিম বলেন, ‘একটি সিএনজি অটোরিকশাতে মিটার লাগানোর পর প্রতি তিন মাস অন্তর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গিয়ে ওই মিটার পরীক্ষা করাতে হয়। কিন্তু এ নিয়ম অনেক চালক মানেন না। মিটারে না চলার জন্য এখন অন্য দোহাই দেওয়া হচ্ছে।’নগর পুলিশের উপকমিশনার (যানবাহন) ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘অটোরিকশা মালিক ও চালকদের সমস্যার কথা বিবেচনা করে মিটারের ত্রুটি সারাতে ও ক্যালিব্রেশন করতে আরও এক সপ্তাহের সময় দেওয়া হল। এরপর আর সময় দেওয়া হবে না। বেঁধে দেওয়া এ সময় শেষ হওয়ার পর অবশ্যই মিটারে চলতে হবে। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, ‘মিটার ত্রুটিপূর্ণ—এটা চালকদের আরেকটি নতুন অজুহাত। এবার আর এসব অজুহাত চলবে না।’