এবার অভিযান ঘাগড়া ঝরনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গভীর বনে গাছপালার দুর্ভেদ্য বেষ্টনী। তার মাঝেই শেওলা ধরা পাথরের ওপর পা ফেলে ফেলে এগিয়ে যাওয়া। কিছুদূর এভাবে চলতে চলতে জঙ্গলের নানা বিচিত্র শব্দ ছাপিয়ে শোনা গেল জলপতনের একটানা ঝিরঝির শব্দ। আরেকটু এগোলে ঝোপঝাড়ের আড়াল সরে যায়। দেখা যায় কয়েক শ ফুট উঁচু খাড়া পাহাড়ের গা বেয়ে অঝর ধারায় নামছে ঝরনার পানি। চট্টগ্রাম-রাঙামাটি সড়কের খুব কাছে হলেও কীভাবে যেন আড়ালেই ছিল ঘাগড়া ঝরনা নামে পরিচিতি পাওয়া ঝরনাটি। স্থানীয় লোকজন জানলেও রাঙামাটিসহ দেশের প্রকৃতিপ্রেমী মানুষজনের জানা ছিল না এই ঝরনার কথা। স্থানীয় আদিবাসীরা জানান, ঝরনাটি অনেক দিনের পুরোনো। ওই ঝরনার পানি তাঁরা পান করেন, রান্না ও গৃহস্থালির কাজে ব্যবহার করেন। এখানে এসে গোসলও করেন। চট্টগ্রাম-রাঙামাটি সড়কের পাশে গড়ে ওঠা বাঙালি বসতির কয়েকজন তরুণ জানান, মাত্র দুই থেকে তিন বছর আগে ঝরনায় লোকজনের আসা শুরু হয়েছে। অনেকে দলবেঁধে সকালে এসে সারা দিন সময় কাটিয়ে বিকেলে চলে যান। কীভাবে যাবেন: চট্টগ্রাম থেকে যেকোনো যানবাহনে এসে সেনাবাহিনীর ঘাগড়া জোন ফেলে এসে কলাবাগান এলাকায় নামতে হবে। আর রাঙামাটি থেকে বাস বা অটোরিকশায় কলাবাগানে যাওয়া যায়। সড়ক থেকে ঝরনার দূরত্ব আধা কিলোমিটারের সামান্য বেশি হতে পারে। তবে যেতে হবে খুব সাবধানে। লোকজনের আসা-যাওয়া না থাকায় ঝরনায় যাওয়ার পথটি বেশ পিচ্ছিল। পথ কিছুটা দুর্গম হলেও আশপাশের অপরূপ প্রকৃতি কষ্ট ভুলিয়ে দেবে। আর পথের শেষে প্রাপ্তি হিসেবে ঝরনার অপূর্ব দৃশ্য তো আছেই। ঈদের ছুটিতে দলবেঁধে ঘুরে আসার জন্য ঘাগড়া ঝরনা হতে পারে উপযুক্ত স্থান। এখনো খুব বেশি মানুষের পা পড়েনি ঘাগড়া ঝরনায়। সুতরাং সেখানে গেলে ভ্রমণের পাশাপাশি একটা আবিষ্কারের আনন্দও পাওয়া যাবে।