এবার অ্যাপলের আইপ্যাড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছু দিন পরপরই নতুন ধরনের প্রযুক্তিপণ্য নিয়ে বিশ্ববাসীর সামনে হাজির হয় অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড। আইপ্যাড এই ধারাবাহিকতার সর্বশেষ পণ্য। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গত ২৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ জবস পরিচয় করিয়ে দিলেন নতুন এই ট্যাবলেট কম্পিউটারের সঙ্গে। আইপ্যাড নামের এই যন্ত্র তৈরিতে প্রচলিত ল্যাপটপ কম্পিউটার বা স্মার্ট ফোনের চেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। স্টিভ জবস জানান, অ্যাপলের তৈরি আইপ্যাড স্মার্ট ফোনের চেয়েও বেশি কিছু, আবার পূর্ণাঙ্গ ল্যাপটপ কম্পিউটারও নয় এটি। দৈনন্দিন কাজগুলো সহজভাবে করার উপযোগী করে তৈরি করা হয়েছে এই আইপ্যাড। বৈশিষ্ট্য: ৯.৫৬ x ৭.৪৭ x ০.৫ ইঞ্চি আকারের আইপ্যাড দেখতে অনেকটা অ্যাপলের আইফোনের মতোই, পার্থক্য কেবল আকারে। আকারে বড় হওয়ার সঙ্গে অনেক নতুন বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে এখানে। এর স্পর্শকাতর পর্দার (টাচ স্ক্রিন) মাধ্যমেই করা যাবে সব ধরনের কাজ। সেই সঙ্গে রয়েছে আলাদা কিবোর্ড লাগানোর সুবিধা। ১৬, ৩২ এবং ৬৪ গিগাবাইটের ফ্ল্যাশ মেমোরির আইপ্যাড বাজারে ছাড়া হবে। তারহীন ওয়াই-ফাই এবং ব্লুুটুথ রয়েছে এতে। বিশেষ সংস্করণে তৃতীয় প্রজন্মের (থ্রিজি) নেটওয়ার্ক সুবিধাও থাকবে। আইপ্যাডের ব্যাটারি একবার চার্জ করা হলে টানা ১০ ঘণ্টা কাজ করা যাবে। আর অব্যবহূত অবস্থায় রেখে দিলে চার্জ থাকবে প্রায় এক মাস। ১ গিগাহার্টজ গতির প্রসেসর আছেএতে।সব ধরনের অডিও-ভিডিও ফাইল চালানোর উপযোগী স্পিকার আছে এতে।তবে এতসব যন্ত্রাংশ থাকার পরও আইপ্যাডের ওজন মাত্র দেড় পাউন্ড। কী কী করা যাবে?সাধারণভাবে দরকার হতে পারে এমন প্রায় সব সফটওয়্যারই থাকছেআইপ্যাডে।ইউটিউবের ভিডিও দেখার জন্যও আছে বিশেষ একটি প্রোগ্রাম।আই-পড ও আইটিউনসের প্রোগ্রামও পাওয়া যাবে এতে।সেই সঙ্গে মানচিত্র, বর্ষপঞ্জি, নোট রাখার প্রোগ্রাম তো থাকছেই। আইপ্যাডের আরও একটি বৈশিষ্ট্য হলো, একে পুরোপুরি ই-বুক রিডার হিসেবে ব্যবহার করা যায়। আইবুক নামের একটি প্রোগ্রাম আছে এতে। এমনকি খবরের কাগজ পড়ার জন্যও দেওয়া হয়েছে বিশেষ প্রোগ্রাম। আইপ্যাডের জন্য প্রোগ্রাম তৈরির দিকনির্দেশনা পাওয়া যাবে www.apple.com/ipad/sdk ঠিকানার ওয়েবসাইটে। আইফোনের অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট কিট ব্যবহার করেই তৈরি করা যাবে আইপ্যাডের প্রোগ্রাম। কীভাবে পাওয়া যাবে আইপ্যাড: ওয়াই-ফাই সংযোগসহ আইপ্যাডের দাম ৪৯৯ ডলার। এই সংস্করণে ১৬ গিগাবাইট মেমোরি কার্ড থাকবে। আরও বেশি মেমোরি বা থ্রিজি নেটওয়ার্কসহ আইপ্যাডের দাম কিছুটা বেশি। সর্বোচ্চ দাম ৮২৯ ডলার। আগামী মার্চ মাসের মধ্যে এটি বিশ্বব্যাপী বাজারে ছাড়া হবে।আইপ্যাড সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.apple.com/ipad ঠিকানার ওয়েবসাইটে।