এবার আমরা সামরিক বৈমানিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের প্রথম সামরিক নারী বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট নাইমা হক ও ফ্লাইং অফিসার তামান্না-ই লুৎফী। ছবি: সংগ্রহ
বাংলাদেশের প্রথম সামরিক নারী বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট নাইমা হক ও ফ্লাইং অফিসার তামান্না-ই লুৎফী। ছবি: সংগ্রহ

স্বীকৃতিটা পেয়ে গেছেন কদিন আগে। এখনো উড়ছেন স্বপ্নের আকাশে। তাঁরা হলেন বাংলাদেশের প্রথম সামরিক নারী বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট নাইমা হক ও ফ্লাইং অফিসার তামান্না-ই লুৎফী। স্বপ্নজয়ের পথটা কি খুব সহজে ছুঁতে পেরেছেন দুই আকাশযোদ্ধা? নাইমা-তামান্না দুজনেই জানালেন, ‘মোটেই না!’
বাংলাদেশ বিমানবাহিনীতে যোগ দেওয়ার পর দুজনেই অন্য দায়িত্ব পালন করতেন। বিমানবাহিনীতে নারী বৈমানিক নিয়োগ করার সিদ্ধান্ত হওয়ার পর ধাপে ধাপে তাঁরা বৈমানিক হয়ে ওঠেন। দুজনই বললেন, ‘স্বপ্ন দেখতে মানা নেই। বিমানবাহিনীতে পাইলট হওয়ার সুযোগ মিলেছে, কাজে লাগিয়েছি।’

সময় পেলেই প্রকৃতির কাছে যান তামান্না
সময় পেলেই প্রকৃতির কাছে যান তামান্না

বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ১৮ নম্বর স্কোয়াড্রনে বেল–২০৬ হেলিকপ্টারে বেসিক কনভার্শন কোর্সে মনোনীত নাইমা ও তামান্না গত ৩ আগস্ট থেকে গ্রাউন্ড প্রশিক্ষণ শুরু করেন। ২৩ সেপ্টেম্বর শুরু হয় তাঁদের উড্ডয়ন প্রশিক্ষণ। পরে ২৫ ঘণ্টা প্রশিক্ষণ উড্ডয়ন শেষে তাঁরা একক উড্ডয়ন (সলো ফ্লাইট) সম্পন্ন করেন।
নাইমার বাবা নাজমুল হক ছিলেন সাবেক কৃষি কর্মকর্তা। তবে নাইমা বৈমানিক হওয়ার স্বপ্ন দেখতেন দাদা আবদুল ওয়াহেদ খন্দকারের জীবন-ইতিহাস শুনে শুনে। রয়েল ইন্ডিয়ান এয়ারফোর্সের করপোরাল ছিলেন তিনি। নাইমার জন্মের দুই বছর আগে ১৯৮৮ সালে তিনি মারা যান।
ঢাকার হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০০৯ সালে এইচএসসি পাস করেন নাইমা। কলেজে ছিলেন ডিবেটিং ক্লাবের সভাপতি, ছিলেন বিজ্ঞান ক্লাবেও। এরপর যোগ দেন বাংলাদেশ বিমানবাহিনীতে। বিমানবাহিনীর পড়াশোনাতেও নাইমার ফলাফল ছিল ভালো।
আবহাওয়া কর্মকর্তা হিসেবে বিমানবাহিনীতে শুরু হয় নাইমার কর্মজীবন।
২০১৩ সালে বৈমানিক হিসেবে নারীদের নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত হয়। নাইমার ইচ্ছের পারদ আরও ওপরে উঠে যায়। চটপট আবেদন করেন। এরপর চলে একের পর পরীক্ষা, প্রশিক্ষণ। অবশেষে বৈমানিক। বাবা নাজমুল হক ছোট মেয়ে নাইমার সফল হওয়ার কৃতিত্বটা তাঁর স্ত্রী নাসরীন বেগমকে দিয়েছেন। বললেন, ‘মায়ের সাহসের কারণে বৈমানিকের আসনে বসার ভয় কাটানো সম্ভব হয়েছে।’ নাইমাও তাই মনে করেন।
এবার শুনি তামান্নার কথা। তামান্না-ই লুৎফী বিমানচালক হওয়ার স্বপ্ন দেখা শুরু করেন বাবাকে দেখে। তাঁর বাবা বিমানবাহিনীর সাবেক গ্রুপ ক্যাপ্টেন লুৎফর রহমান। বাবা বৈমানিক না হলেও বিমান ওঠানামার দৃশ্য ছোটবেলা থেকে দেখছেন তামান্না আর স্বপ্ন বুনেছেন যুদ্ধবিমানের ককপিটে বসার। সুযোগ পেলেই বিমানের ছবি, আকাশের ছবি, ফুল-পাখির ছবি ক্যামেরাবন্দী করতেন। এখনো অবসর সময়ে ক্যামেরা হাতে চলে যান প্রকৃতিতে। তামান্না মনে করেন প্রকৃতির সঙ্গে যোগাযোগ না হলে আকাশের কাছে যাওয়া যায় না।

মায়ের সঙ্গে নাইমা
মায়ের সঙ্গে নাইমা