এবার ঈদ একসঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ের পর এবারই প্রথম একসঙ্গে ঈদ করবেন জার্নাল কথা দম্পতি। ছবি: নকশা
বিয়ের পর এবারই প্রথম একসঙ্গে ঈদ করবেন জার্নাল কথা দম্পতি। ছবি: নকশা

বিয়ের এক বছর পার করলেন কদিন আগে (১৭ জুন)। কিন্তু এবারই দুজন একসঙ্গে ঈদ করবেন! শুনে অবাকই লাগল। ঠিক বলছেন তো? ‘আরে হ্যাঁ, বিয়ের পর জার্নাল তো কোরিয়া চলে গেল। ফিরে আসতে আসতে দুইটা ঈদই শেষ।’ বলেই জার্নালের দিকে মুখটা ঘোরালেন আজমিন আজাদ। কাছের মানুষদের কাছে তাঁর পরিচিতি কথা নামে। গানের দল জলের গানের সদস্য সাইফুল জার্নাল আর তাঁর স্ত্রী কথার সঙ্গে কথা হচ্ছিল ঢাকার এলিফ্যান্ট রোডের জলপুতুল দপ্তরে। জলপুতুল নামের পাপেট প্রশিক্ষণ স্কুলের সঙ্গে যুক্ত এই দম্পতি।
বিয়ের পর একসঙ্গে প্রথম ঈদ করবেন। দুজনে মিলে আগেই ঠিক করেছেন, ঈদ করবেন জার্নালদের বাড়ি মৌলভীবাজারের চুনারুঘাটে। জার্নাল বলেন, ‘আমি দেশে থাকা মানে বাড়িতেই ঈদ। পরিবার নিয়ে আনন্দ-আড্ডায় কাটাতে চাই খুশির সময়গুলো। আজকাল অবশ্য ঈদে অনেক অনুষ্ঠান থাকে। সেগুলোতেও যেতে হয়।’ বাড়ি থেকেই যাওয়া-আসা করবেন।
নারায়ণগঞ্জের মেয়ে কথা এবারই প্রথম বাবা-মাকে ছেড়ে ঈদ করবেন। খানিকটা মন খারাপ লাগলেও, নতুন বাড়িতে ঈদ উদ্যাপনের জন্য অপেক্ষায় আছেন।
এর আগে ব্যাচেলর জার্নালের ঈদগুলো কেটেছে একরকম। এবার হয়তো খানিকটা বদলে যাবে। তবে ঈদের দিন সকালে উঠে গোসল করে নতুন পাঞ্জাবি পরার রীতিতে কোনো বদল আসবে না। জার্নাল বলেন, ‘ছোটবেলায় ঈদের নামাজ শেষে বন্ধুদের সঙ্গে বেড়াতাম গ্রামের এমাথা থেকে ওমাথা। সবার বাড়িতেই যেতাম। এ ছাড়া একটা বিশেষ ক্রিকেট ম্যাচ আয়োজন হতো আমাদের দুই পাড়ার ছেলেদের মধ্যে। এটা ছিল আমাদের ঈদ স্পেশাল।’
এবার যেহেতু বউ সঙ্গে যাচ্ছে, তাই তাকেও সময় দিতে হবে। দুজনে মিলে আশপাশের পাহাড় আর চা-বাগান ঘুরবেন বলেও পরিকল্পনা করেছেন। প্রতিবার মা আর ভাবিদের হাতের রান্না খেলেও এবার কথার হাতের বিশেষ পদ থাকবে। কথা জানালেন, ‘ইচ্ছে আছে ঈদের দিন কিছু রান্না করার। ঝাল মাংস, ফুচকা, মায়ের কাছে শেখা পায়েস আর ওদের (জার্নালদের) অঞ্চলের বিখ্যাত বিন্নি চালের কোনো খাবার।’
কথার পছন্দ জামদানি আর সুতি শাড়ি। তেমন কিছুই পরবেন ঈদের দিন। সঙ্গে পরবেন পছন্দের অ্যান্টিক গয়না। কপালে বড় টিপ আর চোখে হালকা কাজলেই হয়তো সাজ শেষ হবে। আর সারা দিনের পোশাক হিসেবে জার্নালের পাঞ্জাবির সঙ্গে প্যান্ট বা পায়জামা থাকবে। হাতে ঘড়ি, পায়ে স্যান্ডেল। লম্বা চুলের বদলে এবার ছোট করে ছাঁটা চুলেই দেখা যাবে জলের গানের বাবরি দোলানো ছেলেটাকে।