এবার উদ্ভাবনী প্রযুক্তির বিশ্ব আসরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীতে মানুষের স্বাভাবিক জীবনযাপনের পথে পথে আছে ক্ষুধা, দারিদ্র্য, আবাসনের স্বল্পতাসহ বেঁচে থাকার তুমুল সংগ্রাম। এমন অনেক সমস্যাই আজ সমাধান করা হচ্ছে প্রযুক্তির মাধ্যমে, বিশেষ করে তথ্যপ্রযুক্তি কাজে লাগছে জীবনের সর্বত্র।মানুষের কল্যাণে, জীবনযাপনে তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহারে শিক্ষার্থীদের নিয়ে উদ্ভাবনী প্রতিযোগিতার আয়োজন করে শীর্ষ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। ইমাজিন কাপ নামের এ প্রতিযোগিতা শুরু হয় ২০০৩ সালে।সারা বিশ্বের সৃজনশীল তরুণ তথ্যপ্রযুক্তিবিদদের তৈরি করা নানা রকম সফটওয়্যার বা প্রকল্প দেখা যায় এ প্রতিযোগিতায়। এবার বাংলাদেশও অংশ নিচ্ছে ইমাজিন কাপের চূড়ান্ত আসরে। ইমাজিন কাপের বাংলাদেশ পর্বের মূল প্রতিযোগিতায় ১৩টি দল সুযোগ পেয়েছিল। একটি দল নির্বাচিত হয়েছে নিউ ইয়র্কে অনুষ্ঠেয় ইমাজিন কাপের আন্তর্জাতিক আসরে অংশ নেওয়ার জন্য।মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ফিরোজ মাহমুদ জানালেন, ‘এ বছরের ইমাজিন কাপ প্রতিযোগিতায় জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য—এমডিজির আটটি ঝুঁকিপূর্ণ বিষয়কে বিবেচনা করা হয়েছে। এসব বিষয়কে তথ্যপ্রযুক্তির মাধ্যমে কীভাবে জয় করা যায় প্রতিযোগীরা তাঁদের প্রকল্পে তা করে দেখাচ্ছেন।’ ইমাজিন কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশকে নিয়ে যেতে এবারই প্রথমবারের মতো সারা দেশে প্রতিযোগিতার আয়োজন করে মাইক্রোসফট বাংলাদেশ। এখন থেকে প্রতিবছরই এ প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানান ফিরোজ মাহমুদ।গত ২০ ফেব্রুয়ারি ছিল এ প্রতিযোগিতায় নিবন্ধনের শেষ দিন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণদের উদ্ভাবিত ১২১টি প্রকল্প জমা পড়ে প্রতিযোগিতার জন্য। বিচারকদের বিবেচনায় এসবের মধ্য থেকে ১৩টি প্রকল্পকে বাছাই করা হয়। এ থেকে আবার সেরা তিনটি প্রকল্প নির্বাচন করা হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ী দল এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ইমাজিন কাপের চূড়ান্ত পর্বে অংশ নিচ্ছে। বিজয়ীদের নাম ঘোষণা করা হয় ১০ মে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।মুঠোফোনেই সবআমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের (এআইউইবি) র্যাপচার প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করে।দলটির সদস্য চারজন।ফলাফল ঘোষণার দিন চোখে-মুখে রাজ্য জয়ের আনন্দ। একজন আরেকজনকে জড়িয়ে ধরছেন। কারও কারও চোখে আনন্দ-অশ্রুও! এ দলটিই যাবে নিউইয়র্কে।দলের সদস্যরা হলেন নিয়াজ মোর্শেদ, অভিষেক আহমেদ, শহীদুল ইসলাম ও মুস্তাকিম আলী। কম্পিউটার প্রকৌশল বিভাগের শিক্ষার্থী তাঁরা। দলটি একটি কঠিন প্রকল্প হাতে নেয়। মুঠোফোনের সাহায্যে একজন প্রতিবন্ধী মানুষও যাতে যতটা সম্ভব স্বাভাবিক কাজকর্ম করতে পারে।র্যাপচারের সদস্যরা জানান, পড়াশোনা আর কাজের ফাঁকে ফাঁকে একসঙ্গে আলোচনা করতে থাকেন তাঁরা। মোবাইল ফোনের মধ্যে নানা ধরনের সফটওয়্যার ঢুকিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলতে থাকে। প্রায় দুই মাস কাজ করার পর অনেকটাই সফল হন তাঁরা। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য সহায়ক মোবাইল ফোনে চালানোর উপযোগী একটি প্রযুক্তি তৈরি করেন তাঁরা। নিয়াজ মোর্শেদ বলেন, ‘এই প্রকল্পের মাধ্যমে একজন প্রতিবন্ধী রাস্তা চিনতে পারবেন।ই-বুক পড়া, কোনো বইয়ের ছবি তুললে তাতে কী লেখা আছে তা শোনা, ফোনকল করা বা এসএমএস পাঠানো ইত্যাদি সুবিধা পাবেন।’মুস্তাকিম আলী জানান, ‘এই কাজ করতে গিয়ে আমাদের অনেক সময় লেগেছে। কখনো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফল খারাপ হয়েছে, বন্ধুরা অনেকেই বুঝিয়েছে, “এই অসম্ভব সম্ভব করতে পারবি না, এটা বাদ দে দোস্ত!” কিন্তু আমরা পিছিয়ে যাইনি, লেগেই থেকেছি।’ইমাজিন কাপের চূড়ান্ত পর্বে ভালো করতে পারবেন বলে মনে করেন র্যাপচারের সদস্যরা।তৃতীয় নয়নহাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেলিযোগাযোগ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অলিউল ইসলাম এবং খাদ্য প্রক্রিয়াকরণ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী কাজী সাঈদ পাশা দুজনে মিলে তৈরি করেছেন থার্ড আইস নামের একটি সফটওয়্যার। আর সেটি হয়েছে বাংলাদেশ পর্বে প্রথম রানার-আপ।তাঁদের দলের নাম সুপার নোভা। অলিউল ইসলামের মতে, কম্পিউটার চালাতে শারীরিক প্রতিবন্ধকতা আজ আর কোনো বাধা নয়। যাদের দুই হাতই বিকল তারাও মাথা দিয়ে ইশারা করে চালাবে কম্পিউটার। চালিয়ে যাবে তাদের লেখাপড়া, বিনোদনসহ সবকিছু। সুপার নোভার সদস্য অলিউল ইসলাম জানান, সফটওয়্যারটি ওয়েবক্যামের মাধ্যমে কম্পিউটারের সামনে বসা ব্যবহারকারীকে পর্যবেক্ষণ করবে। ব্যবহারকারী তাঁর মাথা বিভিন্ন দিকে ঘোরাবেন এবং তা অনুসরণ করে চলবে কম্পিউটার। নিখুঁতভাবে কম্পিউটার চালানোর জন্য একটি সাধারণ হেডসেট ব্যবহার করা হয়েছে। এতে ব্যবহারকারী খুব সহজেই তাঁর ঠোঁট দিয়ে সুইচ ব্যবহার করে বিভিন্ন কাজ করতে পারেন। অলিউল বলেন, ‘সর্বাধুনিক প্রযুক্তি কম্পিউটার ব্যবহারের জন্য যেসব বিকল্প ইনপুট যন্ত্র আছে সেগুলো অনেক ব্যয়বহুল। যা আমরা তৃতীয় বিশ্বের দেশগুলোতে ব্যবহার করতে পারি না।থার্ড আইয়ের জন্য যে হেডসেট ব্যবহার করা হয় তা মাত্র ১০০ টাকায় তৈরি করা সম্ভব। আমাদের এই উদ্ভাবন প্রতিবন্ধীদের কল্যাণে ভূমিকা রাখবে।’ কাজ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগের তিন শিক্ষার্থী আদনান ইবনে খায়ের, সারাহ তাবাসসুম ও নাজির সালেহিন। নানা প্রকল্প নিয়ে প্রায়ই ঘণ্টার পর ঘণ্টা একসঙ্গে মেতে থাকেন তাঁরা। গত বছরের ইমাজিন কাপের সন্ধান পান ইন্টারনেটে। সেই থেকে এর প্রতি আগ্রহ। লিটল ব্রেইন নামের এই দলটি এবার পেয়েছেদ্বিতীয় রানার-আপের পুরস্কার।দলের সদস্য আদনান ইবনে খায়ের বলেন, ‘গত বছর আমরা ইন্টারনেটে এই প্রতিযোগিতার জন্য নিবন্ধন করেছিলাম। সেখানে অনেকগুলো বিভাগ থাকে। তার মধ্যে একটি বিভাগ হলো ওয়েবসাইটের মধ্যে স্থানীয় নানা বিষয় তুলে ধরা। দ্বিতীয় হওয়ার কারণে মূল পর্বে অংশ নিতে পারিনি।’এ বছর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেন লিটল ব্রেইনের সদস্যরা। তাঁদের প্রকল্পের বিষয়ও ছিল প্রতিবন্ধীদের জন্য প্রযুক্তিগত উদ্ভাবন। আদনান ইবনে খায়ের জানান, ‘কষ্টের বিষয় হলো নিজের প্রতিভাকে প্রতিবন্ধীরা ঠিকমতো বিকশিত করতে পারেন না বিভিন্ন প্রতিকূলতার কারণে।’ বিষয়টি নিয়ে কাজ শুরু করেন লিটল ব্রেইন দলের সদস্যরা। ইশারার মাধ্যমে প্রযুক্তি ব্যবহারের বিষয়ে পড়াশোনা করতে থাকেন তাঁরা। এ ক্ষেত্রে দেখা যায়, বিশ্বে উন্নত অনেক দেশে ইশারার মাধ্যমে প্রযুক্তি ব্যবহার করা হয়। কিন্তু এ ক্ষেত্রে অনেক উন্নতমানের ক্যামেরা ও যন্ত্র ব্যবহার করা হয়। যা সব প্রতিবন্ধীর পক্ষে কিনে ব্যবহার করা সম্ভব নয়। এ খরচ যদি কমানো যায় তাহলে প্রতিবন্ধীদের জন্য এর ব্যবহার অনেক সহজ হবে। এই ভাবনা থেকেই কাজ শুরু করেন লিটল ব্রেইনের সদস্যরা। প্রায় সাত মাস পর একপর্যায়ে গিয়ে তাঁরা সাধারণ মানের ক্যামেরা দিয়েই ইশারায় কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের প্রযুক্তি ‘এক্স-অ্যাবল’ করেন। এর মাধ্যমে একজন প্রতিবন্ধী ই-মেইল করা থেকে শুরু করে গান শোনা, ছবি দেখা ফেসবুক ব্যবহার করাসহ নানাভাবে প্রযুক্তি ব্যবহার করতে পারবে। ‘আমাদের প্রকল্পটি নিয়ে আরও অনেক কাজ করতে হবে। এটির আরও উন্নতি ঘটাতে আরও কিছু সময় লাগবে।’ ইমাজিন কাপের চূড়ান্ত পর্বেবাংলাদেশের তরুণ দল তাদের মেধা, সৃজনশীলতা তুলে ধরবে—এটাই সবার প্রত্যাশা।