এবার ওয়াদুদের অনুসারীরাও বিভক্ত
খাগড়াছড়ির দীঘিনালায় এবার বিএনপিতে তিনটি পক্ষের সৃষ্টি হয়েছে। জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া ও কেন্দ্রীয় কমিটির সদস্য সমীরণ দেওয়ানকে ঘিরে আগে থেকেই দুটি ধারা ছিল দীঘিনালায়। তবে এবার ওয়াদুদের সমর্থকেরা দুটি সংগঠনের কমিটি গঠনকে কেন্দ্র করে কলহে লিপ্ত হয়েছেন। ঘটেছে হাতাহাতি ও চেয়ার-ছোড়াছুড়ির ঘটনা।
বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা জানান, সম্প্রতি মুক্তিযোদ্ধা প্রজন্ম দল ও বাস্তুহারা দলের কমিটি গঠনকে কেন্দ্র করে দীঘিনালার ওয়াদুদপন্থীদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে। এ কারণে এই উপজেলায় এখন কার্যত বিএনপির তিনটি পক্ষ।
জানা গেছে, গত ১৭ আগস্ট ছিল মুক্তিযোদ্ধা প্রজন্ম দল ও বাস্তুহারা দলের কমিটি গঠনের নির্ধারিত দিন। তবে ওই দিন উপজেলা বিএনপির সভাপতি মোসলেম উদ্দিন উপস্থিত না হওয়ায় কমিটি গঠন করা হয়নি। পরে নেতা-কর্মীরা জানতে পারেন, গোপনে কমিটি গঠন করা হয়েছে। তখন থেকে সংগঠনের নেতা-কর্মীদের একটি অংশ উপজেলা বিএনপির সভাপতির ওপর ক্ষুব্ধ হন। গত ২৭ আগস্ট একটি সভা অনুষ্ঠানের সময় সভাপতির সমর্থক ও বিরোধীপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে সভা পণ্ড হয়ে যায়। গত ৩০ আগস্ট সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে আরও এক দফা সংঘর্ষ হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মাসুদ রানা এই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এ দুটি কমিটি গঠনের ব্যাপারে আমি কিছুই জানতাম না। কোনো আলোচনা না করে সভাপতি একাই কমিটিগুলো গঠন করেছেন। সে জন্য নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে। তবে এটা সাময়িক।’
উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক নুরুল আবছার অভিযোগ করেন, সব কমিটিতে সভাপতি তাঁর পছন্দের লোকদের রাখেন। নেতা-কর্মীদের পরামর্শ ও মতামত আমলে নেওয়া হয় না।
উপজেলা বিএনপির সভাপতি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘একনায়কতন্ত্রের প্রশ্নই আসে না। কমিটির সবার পরামর্শ ও মতামত নিয়ে দলের কর্মকাণ্ড চালাচ্ছি। যাঁরা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন, তাঁরা কমিটির কেউ নন, সমর্থক মাত্র। আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই।’