এবার কমেডিতে স্নাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অন্যকে হাসানোর কাজটা একটা শিল্প। এটা নিজে হাসার চেয়ে অনেক বেশি কঠিন। রসবোধ একজন মানুষের অনন্য প্রতিভা বা গুণ, তাই এটা কাউকে শেখানো যায় না—পেশাদার কৌতুক অভিনেতাদের অনেকে এ কথা বলেছেন। কিন্তু এবার লোক হাসানোর জন্য বিশ্ববিদ্যালয়ের সনদ মিলবে!
ব্যাপারটা সত্যি, ঠাট্টা নয় মোটেও। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের এমারসন কলেজ কমেডি বা কৌতুক প্রদর্শনী বিষয়ে রীতিমতো স্নাতক হওয়ার সুযোগ চালু করার ঘোষণা দিয়েছে। সেখানকার কর্তৃপক্ষ চলতি বছর থেকে হাস্যরসের ওপর স্নাতক (চারুকলা) প্রোগ্রাম শুরু করতে যাচ্ছে।
কমেডি বিষয়টা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হয়েছে অনেক আগেই। কিন্তু এতে কেউ স্নাতক হতে পারতেন না। তবে এমারসন কলেজের আগ্রহী ছাত্রছাত্রীরা এখন থেকে কমেডি পড়তে পারবেন প্রধান পাঠ্য হিসেবে। কলেজের এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব ছাত্রছাত্রী কমেডি প্রদর্শনী, লেখা এবং প্রযোজনাকে পেশা হিসেবে নিতে চান, তাঁদের জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই পাঠ্যসূচির অংশ হিসেবে ছাত্রছাত্রীদের মঞ্চ প্রদর্শনীতে বাধ্যতামূলকভাবে অংশ নিতে হবে। লেখালেখির ক্লাসও করতে হবে। পড়তে হবে সেই রেনেসাঁ যুগ থেকে শুরু করে এখন পর্যন্ত কমেডির ইতিহাস।
এমারসন কলেজের অধ্যাপক মার্টি কুক উদ্যোগী হয়ে কমেডি বিষয়ের স্নাতক কোর্স চালু করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে যেসব কোর্স এই পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হয়েছে, তার মধ্যে ‘টেলিভিশনের জন্য কমেডি লেখা’, ‘মহান তিন চিত্রনাট্যকার: ওয়াইল্ডার, অ্যালেন ও কফম্যান’, ‘হাস্যরসপূর্ণ গল্প বলার মৌলিক দিকগুলো’, ‘কমেডিতে অভিনয়’ ইত্যাদি। শিক্ষার অংশ হিসেবে ছাত্রছাত্রীরা লস অ্যাঞ্জেলেসে একটি সেমিস্টার সম্পন্ন করবেন। এতে তাঁরা সেখানকার পেশাদার বিনোদনজগতের কাজকর্ম সম্পর্কে প্রত্যক্ষ ধারণা পাবেন।