
সমুদ্রপথে আসা নিয়মিত পণ্যের সঙ্গে এবার যোগ হয়েছে কয়লা ও পাথর। এত দিন এ পণ্য দুটি ভারত থেকে সড়কপথেই আমদানি হতো। কিন্তু সড়কপথে খরচ বেড়ে যাওয়া ও ভারতের সাময়িক নিষেধাজ্ঞার কারণে পণ্য আমদানির জন্য বিকল্প দেশকে বেছে নিচ্ছেন ব্যবসায়ীরা। এ ক্ষেত্রে সমুদ্রপথকেই ঝামেলাবিহীন ভাবছেন তাঁরা।
এদিকে সমুদ্রপথে আসা নিয়মিত পণ্যের সঙ্গে নতুন করে এ দুটি পণ্য যোগ হওয়ায় বন্দরে পণ্য পরিবহনে অবকাঠামো–সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা করছেন আমদানিকারকেরা।
আমদানিকারকদের মতে, দুই পণ্যের মধ্যে কয়লা খালাস হয় বহির্নোঙরে। আবার পাথর বহির্নোঙর ও জেটি দুই স্থানেই খালাস হয়। এর মধ্যে কয়লা আমদানি শুরুর পর বহির্নোঙরে বড় জাহাজ থেকে লাইটার জাহাজে কয়লা খালাসে সমস্যা হচ্ছে। সংকট রয়েছে পর্যাপ্ত লাইটার জাহাজের। আবার বন্দরের তিনটি জেটিতে এখন সংস্কারকাজ চলছে। ফলে বিদ্যমান জেটির সংখ্যাও কমেছে। এ অবস্থায় দুটি পণ্যের চাপ সামলে ওঠা বন্দরের জন্য কঠিন হবে।
এ ছাড়া সাধারণ পণ্য খালাসের জন্য বন্দরে যেসব জেটি (জেনারেল কার্গো বার্থ-জিসিবি) রয়েছে সেগুলোতে সাড়ে আট মিটার গভীরতার বেশি জাহাজ ভেড়ানো যায় না। শুষ্ক মৌসুমে বন্দরের দুটি জেটিতে পলিমাটি জমে থাকায় নির্ধারিত গভীরতার জাহাজও ভেড়ানো যাচ্ছে না। ফলে সাধারণ পণ্য খালাসের জন্যও জেটির সংকট রয়েছে বলে জানান বন্দর ব্যবহারকারীরা।
বন্দরের পর্ষদ সদস্য জাফর আলম প্রথম আলোকে বলেন, পদ্মা সেতু, পায়রা বন্দরসহ দেশে এখন মেগা প্রকল্পের কাজ চলছে। এ জন্য আমদানি বাড়ছে। গত বছর শুধু পণ্য পরিবহনে ২৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এ জন্য বন্দরের অবকাঠামো উন্নয়ন খাতেও নতুন প্রকল্প নেওয়ার কথা ভাবা হচ্ছে। যেমন কর্ণফুলী নদীর পতেঙ্গা এলাকায় আরও একটি টার্মিনাল নির্মাণের চিন্তাভাবনা আছে। সাধারণ কার্গো বার্থ বা জিসিবি সংস্কার করে সক্ষমতাও বাড়ানো হচ্ছে। পণ্য পরিবহনের চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ চলছে বলে তিনি জানান।
কাস্টমসের তথ্য অনুযায়ী, গত অর্থবছরে সমুদ্রপথে ৪ হাজার ২৭৭ ধরনের পণ্য আমদানি হয়েছে। এর মধ্যে এক হাজার টনের বেশি আমদানি হয় এমন পণ্যের সংখ্যা ৭২১টি। এসব পণ্যের মধ্যে গত অর্থবছরে পরিমাণের হিসাবে কয়লা ছিল অষ্টম অবস্থানে। অথচ এর আগের অর্থবছরে (২০১৩-১৪) এক টনও সমুদ্রপথে আমদানি হয়নি পণ্যটি। এ ছাড়া এবারই প্রথম সমুদ্রপথে যাত্রা শুরু হয়েছে পাথরের।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দেশে এখন বড় ধরনের অবকাঠামো নির্মাণকাজ হচ্ছে। শুধু চট্টগ্রামে উড়ালসড়ক, রিং রোডসহ অনেকগুলো বড় প্রকল্পের কাজ চলছে। প্রধানমন্ত্রী ৩০ জানুয়ারি প্রায় পাঁচ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন। এসব প্রকল্প নির্মাণের জন্য নির্মাণসামগ্রী ও কাঁচামাল আমদানি বাড়বে বন্দর দিয়ে।
উন্নয়ন প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তারা বলেন, গত মার্চ মাসে ভারতের উচ্চ আদালত পরিবেশগত কারণে মেঘালয় থেকে পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা দেওয়ার পর ভারত থেকে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে ছয়টি স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ রয়েছে। গত নভেম্বর নিষেধাজ্ঞা তুলে নিলেও এসব স্থলবন্দর দিয়ে এখনো কার্যত পাথর আমদানি শুরু হয়নি। আবার দেশীয় পাথরের সংকটও চলছে। চট্টগ্রামে উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ভারত থেকে সড়কপথে পাথর আমদানি করে খরচ বেশি পড়ে। এ কারণে উন্নয়ন কর্মকাণ্ড সামাল দেওয়ার জন্য বিকল্প দেশ থেকে সমুদ্রপথে পাথর আমদানি শুরু করেন ঠিকাদারেরা।
বন্দর দিয়ে প্রথমবারের মতো পাথর আমদানি করছে মুরাদপুর থেকে ইস্পাহানি পর্যন্ত উড়ালসড়ক নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপ। ২ জানুয়ারি ‘এমভি তেই সান-১’ জাহাজে করে ১২ হাজার ৫০০ টন পাথর আমদানি করে প্রতিষ্ঠানটি। চট্টগ্রামের নির্মাণাধীন উড়ালসড়ক নির্মাণকাজে এই পাথর ব্যবহার করবে প্রতিষ্ঠানটি। এ ছাড়া ৫৪ হাজার ৫০০ টন পাথরবোঝাই আরও একটি জাহাজ ভিড়েছে বন্দরে। নবাব অ্যান্ড কোম্পানিও ২৫ হাজার টন পাথর আমদানির ঋণপত্র খুলেছে।
ম্যাক্স গ্রুপের প্রকল্প পরিচালক মো. শাহজাহান আলম প্রথম আলোকে বলেন, ‘ভারত থেকে আমদানি বন্ধ এবং দেশীয় উৎস থেকে সরবরাহ কমে যাওয়ায় উড়ালসড়কের নির্মাণকাজ চালু রাখতে বাধ্য হয়ে মালয়েশিয়া থেকে পাথর আমদানি করতে হচ্ছে। যেভাবে উন্নয়ন কর্মকাণ্ড চলছে তাতে বিপুল পরিমাণ পাথর আমদানি করতে হবে। তবে পাথরের শুল্ক কর বেশি। উন্নয়ন কর্মকাণ্ড চালু রাখতে শুল্ক কর কমানো উচিত।’
নবাব অ্যান্ড কোম্পানির প্রকল্প পরিচালক সাইফুল আলম খান প্রথম আলোকে বলেন, প্রতিষ্ঠানটি বন্দরসহ বিভিন্ন সংস্থার প্রায় ১০০ কোটি টাকার অবকাঠামো নির্মাণ করছে। সিলেটের পাথর দুর্লভ হয়ে পড়ায় মালয়েশিয়া থেকে ২৫ হাজার টন পাথর আমদানি করা হচ্ছে।
পাথর ছাড়াও কয়লা আমদানি হচ্ছে বন্দর দিয়ে। বন্দরের তথ্যে দেখা যায়, আগে কয়লা আমদানি হলেও পরিমাণে ছিল কম। নিয়মিত আমদানিও হতো না। ২০১৪ সালে ভারত থেকে কয়লা আমদানি বন্ধ হওয়ার পরই মূলত বিকল্প উৎসের সন্ধানে ঝুঁকে পড়েন ব্যবসায়ীরা। এখন ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশ থেকে কয়লা আমদানি হচ্ছে।
বন্দরের তথ্যে দেখা যায়, ২০১৪ সালের নভেম্বর থেকে সীমিত আকারে বন্দর দিয়ে কয়লা আমদানি শুরু হয়। ওই বছর কয়লা আমদানি হয় ২৮ হাজার ২৫৮ টন। তবে গত বছর কয়লা আমদানি রেকর্ড ছাড়িয়ে যায়। গত বছর কয়লা আমদানি হয় ২৭ লাখ ৬৫ হাজার ৯৫৬ টন। অর্থাৎ গত বছরের চেয়ে ৯৭ গুণ বেশি আমদানি হয়েছে। বর্তমানে বন্দরে সাত জাহাজে আনা হয়েছে পৌনে তিন লাখ টন কয়লা।
ব্যবসায়ীরা বলেন, এসব কয়লা ব্যবহৃত হচ্ছে মূলত ইটভাটার জ্বালানি হিসেবে। তবে বিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানি শুরু হলে কয়লা আমদানির পরিমাণ বহুগুণে বাড়বে। এ সময়ে অবকাঠামো সুবিধা না বাড়লে সংকটও তীব্র হবে।