এবার কয়লার কালিমালিপ্ত ইউপিএ
টুজি কেলেঙ্কারির রেশ না কাটতেই আরেক ‘পাইয়ে দেওয়ার’ অভিযোগ নিয়ে উত্তাল ভারতের রাজনীতি। কয়লাখনির বরাদ্দে কথিত দুর্নীতি নিয়ে প্রধান বিরোধী দলের অভিযোগের মুখে পার্লামেন্ট হয়ে পড়েছে প্রায় অচল। সব মিলিয়ে দুই বড় দলের মধ্যে যুদ্ধংদেহী অবস্থা। নতুন এই ‘কোল-গেট’ কেলেঙ্কারির টাকার অঙ্ক ছাড়িয়ে গেছে টুজিকেও।কয়লাখনি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পদত্যাগ চাইছে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। পার্লামেন্টে এক সপ্তাহ ধরে এ নিয়ে হট্টগোল করে অচলাবস্থা তৈরি করে রেখেছে তারা। ছাড় দিতে রাজি নয় ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল জোট বা ইউপিএর প্রধান শরিক কংগ্রেসও। দলীয় সাংসদদের প্রতি দলের সভানেত্রী সোনিয়া গান্ধী ‘বিজেপিকে রুখে দাঁড়ানোর’ আহ্বান জানিয়েছেন। ক্ষমতাসীন কেন্দ্রীয় কয়লামন্ত্রী দাবি করেছেন, ক্যাগের হিসাব ঠিক নয়, তাই প্রধানমন্ত্রীর ইস্তফা চাওয়া অর্থহীন। গত ১৭ আগস্ট সংসদে কয়লাখনির ব্লক বরাদ্দ নিয়ে ‘কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল’(ক্যাগ)-এর প্রতিবেদন পেশ হলে ভারতের রাজনৈতিক অঙ্গনে বিস্ফোরণ ঘটে। ক্যাগ প্রতিবেদনে কয়লার ব্লক বরাদ্দে বিভিন্ন অনিয়মের কথা বলা হয়েছে। এতে বলা হয়, প্রতিযোগিতামূলক টেন্ডার আহ্বান না করে মনোনয়নের ভিত্তিতে কয়লার ব্লক বরাদ্দ দেওয়ায় সরকারের এক লাখ ৮৬ হাজার কোটি রুপির আর্থিক ক্ষতি হয়েছে। অভিযোগের তীর মনমোহনের দিকে ছোটার একটি কারণ হচ্ছে, ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত কয়লামন্ত্রী ছিলেন। ‘কোল-গেট’ কেলেঙ্কারি ঘটেছে তখনই।বেসরকারীকরণের পর থেকে ভারতে কয়লাখনির ব্লক বরাদ্দ করে থাকে কেন্দ্রীয় সরকার। সাধারণত এটা হওয়ার কথা প্রতিযোগিতামূলক টেন্ডার ডেকে। কিন্তু তা আর করা হয়নি। ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত সময়ে ২৫টি বেসরকারি প্রতিষ্ঠানকে ১৯৪টি কয়লার ব্লক মনোনয়নের মাধ্যমে দেওয়া হয়। কয়লার বিতর্কিত ব্লক বরাদ্দ এলাকা ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও ওডিশার রাজ্য সরকার রয়েছে এনডিএ জোটের শরিক বিজেপি ও বিজেডির হাতে। বিজেপিই এনডিএর মাথা। এ কারণে বলা হচ্ছে বিজেপিও এর দায় এড়াতে পারে না। নতুন এই দুর্নীতির অভিযোগের ধাক্কা ইউপিএ সরকার কীভাবে সামলায়, তা দেখার অপেক্ষায় থাকবেন দেশে-বিদেশে অনেকেই। অমর সাহা