এবার গন্তব্য নিউইয়র্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঞ্চলিক পর্বে জয়ী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দল। ছবি: খালেদ সরকার
আঞ্চলিক পর্বে জয়ী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দল। ছবি: খালেদ সরকার

হাল্ট প্রাইজের প্রতিযোগীদের আগেও একবার আমরা প্রথম আলোর কার্যালয়ে আমন্ত্রণ জানিয়েছিলাম। সেবার ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে দারুণ এক আড্ডা জমে উঠেছিল। গত বছরের ৬ ডিসেম্বর এই খবর স্বপ্ন নিয়েতে ছাপা হয়েছিল ‘মিলিয়ন ডলার ভাবনা’ শিরোনামে। সারা বিশ্বে শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় প্রতিযোগিতা বলে বিবেচিত ‘হাল্ট প্রাইজ’। এর আঞ্চলিক পর্বে অংশ নেওয়ার আগে প্রতিযোগীরা সেবার তাঁদের পরিকল্পনা ও প্রত্যাশা নিয়ে কথা বলেছিলেন। আলাপের শেষে কেউ একজন বলছিলেন, ‘বলা যায় না, এবারই হয়তো আঞ্চলিক প্রতিযোগিতায় বাংলাদেশের কোনো একটা দল চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে!’ আড্ডাজুড়ে কঠিন সব নিয়মকানুন আর বাধা-বিপত্তির কথা বলে, শেষের ওই মন্তব্য স্বয়ং প্রতিযোগীদের কাছেই রসিকতার মতো লাগছিল। হো হো করে হেসেও ফেলেছিলেন কেউ কেউ।
অথচ ওই কথাটাই সত্য হয়ে গেছে! চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ‘রিজিওনাল’ চ্যাম্পিয়ন হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের তিন শিক্ষার্থী ও শেষ বর্ষে পড়ুয়া একজনকে নিয়ে গড়া দল। ৪০টি দেশের ৪৮টি বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে কীভাবে চূড়ান্ত পর্বের টিকিট পেলেন, জানিয়েছেন মির্যা তানজিম, আরাফাত আহমেদ, মো. সাদ ও তাসনীম ওমর।
এ বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবে হাল্ট প্রাইজের চূড়ান্ত প্রতিযোগিতার আসর। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, ড. মুহাম্মদ ইউনূসের মতো বিচারকদের সামনে নিজেদের ব্যবসায়িক ভাবনা উপস্থাপন করতে হবে। সেখানে পাঁচটি দলকে পেছনে ফেলতে পারলেই বাংলাদেশের এই শিক্ষার্থীরা পাবেন এক মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় পোনে আট কোটি টাকার বেশি!
হাল্ট কথন
হাল্ট প্রাইজের উদ্যোক্তা হাল্ট ফাউন্ডেশন (যুক্তরাষ্ট্রের হাল্ট বিজনেস স্কুলের একটু সংগঠন) ও ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় সামাজিক ব্যবসার আইডিয়া বা ভাবনা তুলে ধরেন। সেরা ভাবনার জন্য দেওয়া হয় এক মিলিয়ন ডলার। তবে এই বিশাল অঙ্কের অর্থ আক্ষরিকভাবে নগদ পুরস্কার নয়, বরং বিনিয়োগ। উপস্থাপন করা ব্যবসায়িক ভাবনাকে বাস্তবে রূপ দিতে শিক্ষার্থীরা পুরস্কারের ওই অর্থ ব্যবহার করবেন।

এবারের আসরে শিক্ষার্থীদের সামনে চ্যালেঞ্জ ছিল এমন একটি সামাজিক ব্যবসার ভাবনা দেওয়া, যার মাধ্যমে দারিদ্র্যসীমার নিচে বাস করা এক কোটি মানুষের আয় দ্বিগুণ হতে পারে।

আইডিয়া!
কী ছিল আপনাদের ‘আইডিয়া’? প্রশ্নের উত্তর দিলেন দলনেতা মির্যা তানজিম। ‘ধরুন, একটি বস্তির একজন লোকের কাছে থাকবে সেখানকার বাকি লোকের তথ্য। তৈরি হবে ডেটাবেজ। কেউ হয়তো ভালো নকশিকাঁথা বুনতে পারেন, কেউ ভালো পিঠা বানান। এক বস্তির তথ্য জানা লোকটির সঙ্গে যোগাযোগ হবে অন্য এক বস্তির তথ্য জানা লোকের। এভাবে তাঁরা স্থানীয় বাজার তৈরি করবেন, কাঁচামাল সংগ্রহ করবেন। মধ্যস্বত্বভোগী কোনো সম্প্রদায় থাকবে না।’ তাসনীম বলেন, ‘রিসার্চের সময় আমরা দেখেছি, একজন নারীর কাছ থেকে ৮০ টাকায় একটি জামা কিনে বাজারে তা ৫০০-৬০০ টাকায় বিক্রি করা হয়। আমরা ওই নারীকে সরাসরি বাজারের সঙ্গে যুক্ত করতে চাই।’
শুধু কাগজ-কলমে নয়, ‘সিনারজি’ নামে একটি প্রতিষ্ঠান খুলে শিক্ষার্থীরা কর্মকাণ্ড শুরুও করে দিয়েছেন। জানালেন, বাজার জরিপ করতে বেশ কিছুদিন বস্তিতেও থাকতে হয়েছে তাঁদের।

বোস্টন হয়ে নিউইয়র্ক
আঞ্চলিক প্রতিযোগিতায় অংশ নিতে গত ৯ মার্চ সাংহাই গিয়েছিলেন প্রতিযোগীরা। অস্ট্রেলিয়া, জাপান, যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স থেকে আসা শিক্ষার্থীদের মধ্যে তানজিম-আরাফাত-সাদ-তাসনীমদের দলটাই ছিল একমাত্র ‘আন্ডারগ্র্যাজুয়েট’ শিক্ষার্থীদের সমন্বয়ে গড়া।
সবকিছু ঠিক থাকলে নিউইয়র্ক যাওয়ার আগে বোস্টন ঘুরে আসবেন দলের সবাই। পাঁচটি অঞ্চলের চ্যাম্পিয়নদের নিয়ে দেড় মাসের একটি প্রশিক্ষণ ক্যাম্প হবে সেখানে। বিশ্বের প্রখ্যাত সব শিক্ষক হাতেকলমে প্রশিক্ষণ দেবেন। ‘মূলত প্রতিযোগীদের আইডিয়াগুলোকে আরেকটু ঘষে-মেজে বাস্তবায়নের উপযোগী করার জন্যই এই ক্যাম্প’ বলেন তাসনীম। তারপর? ‘সত্যিই যদি কোটি মানুষের ভাগ্য বদলাতে পারি, এর চেয়ে বড় সার্থকতা আর কী হতে পারে?’ বলার সময় মির্যা তানজিমের কণ্ঠস্বর কি একটু কেঁপে উঠল?