এবার চামড়া না কেনার ঘোষণা ট্যানারির মালিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭ অনুয়ায়ী রাসায়নিক দ্রব্য ব্যবহূত হয় এমন কারখানায় বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপনের বাধ্যবাধকতা রয়েছে। চট্টগ্রামে চালু রয়েছে এমন দুটি ট্যানারিতে ইটিপি না থাকায় সম্প্রতি পরিবেশ অধিদপ্তর ওই দুটি ট্যানারিকে প্রায় ২৮ লাখ টাকা জরিমানা করে। এ ছাড়া, এ বছরের মধ্যেই ইটিপি স্থাপনের সময় বেঁধে দেওয়া হয়েছে। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ট্যানারির মালিকেরা। তাঁরা আসন্ন কোরবানি মৌসুমে পশুর চামড়া কিনবেন না বলে ঘোষণা দিয়েছেন। প্রায় ৫০০ কোটি টাকা খরচ করে ইটিপি স্থাপন করা ব্যক্তি উদ্যোগে সম্ভব নয় বলে মন্তব্য করে তাঁরা এ ব্যাপারে সরকারের সহযোগিতা চেয়েছেন। প্রসঙ্গত, এ বছরের মধ্যে ইটিপি স্থাপনের জন্য কারখানার মালিকদের প্রতি উচ্চআদালতেরও নির্দেশনা রয়েছে।এদিকে, ট্যানারির মালিকেরা এবারের কোরবানি মৌসুমে চামড়া না কেনার ঘোষণা দেওয়ায় চামড়া ব্যবসায়ী, আড়তদার এবং এ ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত জেলার অন্তত ২০ হাজার পরিবারে হতাশা নেমে এসেছে। সূত্র জানায়, কোরবানি মৌসুমে জেলায় প্রায় তিন লাখ পশুর চামড়া বেচাকেনা হয় যার বাজারমূল্য ৩০-৩৫ কোটি টাকা। এসব চামড়ার প্রায় ৬০ ভাগেরই ক্রেতা নগরের কূলগাঁও এলাকার মদিনা ট্যানারি ও কালুরঘাট শিল্প এলাকার রিপ লেদার। এ বিষয়ে যোগাযোগ করলে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. জাফর আলম বলেন, ‘২০১০ সালের মধ্যেই ইটিপি স্থাপনের জন্য সংশ্লিষ্ট কারখানার মালিকদের উচ্চতর আদালত সময় বেঁধে দিয়েছেন। কিন্তু চট্টগ্রামের চামড়াশিল্পসহ অনেক কারখানায় এখনো ইটিপি স্থাপন করা হয়নি, যা উদ্বেগজনক।’তিনি বলেন, ‘কারখানা কর্তৃপক্ষকেই ইটিপি স্থাপনের ব্যয়ভার বহন করতে হবে। এ ক্ষেত্রে সরকার কারিগরি সহায়তা দিতে পারে।’ এদিকে, চট্টগ্রামের চামড়া ব্যবসায়ী সংগঠনের নেতারা জানিয়েছেন, ‘গত চার দশকের ব্যবধানে চট্টগ্রামে ১৮-২০টি ট্যানারি বন্ধ হয়ে গেছে। টিকে আছে মাত্র দুটি। কিন্তু পরিবেশদূষণের অজুহাতে সরকার এ দুটি ট্যানারির ওপর নানাভাবে চাপ সৃষ্টি করছে। চট্টগ্রাম কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি মুসলিম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ট্যানারির মালিকেরা এবারের কোরবানি মৌসুমে চামড়া না কেনার ঘোষণা দেওয়ায় চামড়া ব্যবসায়ী, আড়তদার এবং এ ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত অন্তত ২০ হাজার পরিবারে হতাশা নেমে এসেছে।’ কোরবানি মৌসুমে চামড়া না কেনার ঘোষণা দেওয়ার কথা স্বীকার করে মদিনা ট্যানারির মালিক আবু মোহাম্মদ বলেন, ‘১৩ অক্টোবর ঢাকার পরিবেশ অধিদপ্তরের এক পরিচালক (এনফোর্সসেন্ট) আমার কারখানায় এসে ইটিপি না থাকায় ১৯ লাখ ৪১ হাজার টাকা জরিমানা করেন। তিনি পরিবেশ অধিদপ্তরে আমাকে ডেকে নিয়ে নানাভাবে নাজেহালও করেন। তাৎক্ষণিক ১০ লাখ টাকার চেক দিয়ে আমি সেখান থেকে ছাড়া পাই। এতে আমি অপমানিত বোধ করছি।’ তাঁর দাবি, ‘ঢাকার হাজারীবাগে অসংখ্য ট্যানারি রয়েছে যেগুলোতে ইটিপি বসানো হয়নি। অথচ সরকার শুধু চট্টগ্রামের চালু দুটি ট্যানারিকে পরিবেশদূষণের অজুহাতে নানাভাবে চাপ দিচ্ছে।’ এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমাদের ট্যানারি ঢাকায় স্থানান্তর না হওয়া পর্যন্ত বর্তমান পদ্ধতিতে (কারখানার অভ্যন্তরে একাধিক ‘হাউস’ তৈরি করে বর্জ্য শোধনের ব্যবস্থা) উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ দিলে শিল্পগুলো বাঁচবে।’ একইরকম মন্তব্য করেছেন রিপ লেদারের নির্বাহী পরিচালক মোখলেসুর রহমান। তিনি তাঁর কারখানা থেকে নির্গত বর্জ্যে পরিবেশদূষণ ‘কিছুটা হচ্ছে’ স্বীকার করে বলেন, ‘আমি কারখানার অভ্যন্তরে একে একে সাতটি হাউস তৈরি করে পরিবেশ দূষণমুক্ত রাখতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।’ মোখলেসুর রহমান জানান, গত রমজানে পরিবেশ অধিদপ্তর তাঁদের কারখানাকে আট লাখ টাকা জরিমানা করে এবং এ বছরের মধ্যেই ইটিপি স্থাপনের জন্য সময় বেঁধে দিয়েছে। কিন্তু এটি ব্যয়বহুল। একার পক্ষে কখনো এটি স্থাপন করা সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, ‘শিল্পাঞ্চলে অনেক কারখানার সমন্বয়ে কেন্দ্রীয়ভাবে ইটিপি স্থাপনের উদ্যোগ সরকারকেই নিতে হবে।’চট্টগ্রাম কাঁচা চামড়া ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, ‘চামড়া কেনাবেচার ক্ষেত্রে চট্টগ্রামের মদিনা ট্যানারি ও রিপ লেদার অনেক স্বচ্ছ। তাই চট্টগ্রামের অধিকাংশ চামড়ার আড়তদার ও ব্যবসায়ী এ দুটি ট্যানারিতেই চামড়া বিক্রি করা নিরাপদ মনে করেন।’ সূত্র জানায়, চট্টগ্রামে দুশতাধিক চামড়া ব্যবসায়ী ও আড়তদার রয়েছেন। এ ছাড়াও চামড়াশিল্প ও ব্যবসার সঙ্গে জেলার অন্তত ২০ হাজার পরিবারের ভাগ্য জড়িত। নগরের চামড়া ব্যবসাকেন্দ্র হিসেবে পরিচিত আতুরার ডিপোতে কোরবানি মৌসুম ছাড়াও গড়ে প্রতিদিন এক হাজার পশুর চামড়া বেচাকেনা হয়।চামড়া ব্যবসায়ী আবু সালেহ মোহাম্মদ ওরফে বাচ্চু মাস্টার বলেন, ‘চোখেমুখে এখন হতাশা ছাড়া কিছুই দেখছি না। ট্যানারির মালিকেরা সিদ্ধান্ত পরিবর্তন না করলে চামড়াশিল্পে দুর্ভিক্ষ দেখা দেবে।’ চট্টগ্রামের ট্যানারিশিল্প ধ্বংস করার জন্য বিশেষ একটি মহল সক্রিয় রয়েছে বলে কয়েকজন ব্যবসায়ী মন্তব্য করেন।