এবার চালকদের নতুন অজুহাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে মার্চের প্রথম সপ্তাহ থেকে সিএনজিচালিত অটোরিকশার মিটার কার্যকর করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মহানগর পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে অনড়। কিন্তু মালিকেরা বলছেন, নতুন মিটার লাগানো এবং পুরোনোটি মেরামত করতে মার্চের শেষ পর্যন্ত লাগবে। অন্যদিকে চালকেরা মালিকের দৈনিক জমা বাড়ানো নিয়ে ঘোর আপত্তি জানিয়েছেন। তাঁদের দাবি, নগরে চলাচল করা অটোরিকশার দৈনিক জমা ও ভাড়া পুনর্নির্ধারণে আলাদা নীতিমালা হোক।সিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ঢাকায় যোগাযোগ মন্ত্রণালয়ে গত ৪ নভেম্বর অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলরত সিএনজিচালিত অটোরিকশার প্রথম দুই কিলোমিটার ভাড়া ২৫ টাকা, পরবর্তী প্রতি কিলোমিটার সাত টাকা এবং বিরতির সময় প্রতি মিনিটে এক টাকা ২৫ পয়সা নির্ধারণ করা হয়। এসবের ওপর ভিত্তি করেই মালিকের দৈনিক জমা ৬০০ টাকা নির্ধারণ করা হয়। ওই সভায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), যোগাযোগ মন্ত্রণালয়, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), অটোরিকশা মালিক এবং শ্রমিকদের প্রতিনিধি নিয়ে আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়। সভার সিদ্ধান্তগুলো ১ জানুয়ারি থেকে কার্যকর করার কথা থাকলেও তা পিছিয়ে মার্চে কার্যকর করা হচ্ছে।মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) ফারুক আহমেদ প্রথম আলোকে জানান, মার্চের প্রথম সপ্তাহ থেকেই সিএনজিচালিত অটোরিকশার ভাড়ার ব্যাপারে সরকারের নেওয়া সিদ্ধান্ত কার্যকর করা হবে। মালিক-শ্রমিক সমিতির সবাই তা মেনে নিয়েছেন। ধরেই নেওয়া হচ্ছে, প্রতিটা অটোরিকশা মিটারে চলবে। নতুন মিটার লাগানো ও পুরোনো মিটার মেরামতের কারণে দুই মাস অপেক্ষা করতে হবে।চট্টগ্রাম সিএনজি বেবিট্যাক্সি মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হোসেন জানান, ‘মিটার লাগানোর কাজ চলছে। তবে নতুন মিটার লাগানো এবং পুরোনো মিটার সংশোধনের সম্পূর্ণ কাজ শেষ হতে মার্চের শেষ দিকে চলে যাবে। আমরা চালকদের কাছ থেকে এখনই ৬০০ টাকা ভাড়া আদায় (দৈনিক জমা) না করে ৫০০ টাকাই নিচ্ছি। মিটারে চলার পর থেকে সরকারের নির্ধারণ করে দেওয়া টাকা আদায় করব।’ ঢাকায় অনুষ্ঠিত সভা প্রসঙ্গে তিনি বলেন, ‘গত ৪ নভেম্বরের সভা সম্পর্কে চট্টগ্রামের মালিক কিংবা শ্রমিক কাউকে জানানো হয়নি। পরে ২৮ ডিসেম্বর চট্টগ্রামে একটি বৈঠকে ডিসি ট্রাফিকের মাধ্যমে ওই সভার সিদ্ধান্ত আমরা জানতে পারি।’এদিকে সরকারের নির্ধারণ করে দেওয়া সিএনজিচালিত অটোরিকশার মালিকের দৈনিক জমা ৬০০ টাকা মানছে না শ্রমিক ইউনিয়ন। এ প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর অটোরিকশা সিএনজি শ্রমিক কল্যাণ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ জানান, ‘ঢাকা ও চট্টগ্রামের জন্য একই সিদ্ধান্ত মানা আমাদের পক্ষে সম্ভব নয়। ঢাকায় ৯১টি ওয়ার্ডে সিএনজিচালিত অটোরিকশা চলে সাড়ে ১৩ হাজার, কিন্তু একই পরিমাণ অটোরিকশা চট্টগ্রামে চলে ৪১টি ওয়ার্ডে। নির্দিষ্ট নীতিমালা না থাকার অজুহাতে মালিকেরা যখন-তখন জমা বৃদ্ধি করেন। আর চালকদের অতিরিক্ত টাকা দিতে হলে তাঁরাও যাত্রীদের কাছ থেকে বেশি টাকা নেন। ফলে শেষ পর্যন্ত হয়রানিটা গিয়ে পড়ে যাত্রীদের ওপর। দৈনিক জমা ৬০০ টাকা দেওয়া কোনোমতেই সম্ভব নয়। প্রয়োজনে আমরা আন্দোলনে নামব। আমরা চাই, সরকার এ ব্যাপারে একটি নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করুক, যে নীতিমালার ভিত্তিতে চালকেরা গাড়ি চালাবেন এবং মালিকেরা চালকদের কাছ থেকে ভাড়া আদায় করবেন।’যাত্রীদের অভিযোগ, সিএনজিচালিত অটোরিকশা চালকদের কাছে যাত্রীরা জিম্মি হয়ে আছে। মিটার কার্যকর না থাকায় তাঁরা দ্বিগুণ-তিন গুণ বেশি ভাড়া আদায় করেন। এ নিয়ে প্রতিবাদ করতে গেলে উল্টো চালকদের হাতে লাঞ্ছিত হতে হয়।নগরের একটি বিদ্যালয়ের শিক্ষিকা বিবি মরিয়ম বলেন, ‘আমার বাসা ফয়’স লেক থেকে নন্দনকানন বৌদ্ধমন্দির পর্যন্ত আসতে অটোরিকশাচালকেরা এখন নেন ৭০-৮০ টাকা। অথচ মিটারে এলে সর্বোচ্চ ৪৫ টাকা আসবে। ভাড়া বেশি নিলেও যাতায়াত করতে হচ্ছে। কিছুই করার নেই। এঁদের কিছু বলা যায় না।’